TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্র‍্যাম্পের ভরাডুবিঃ ইরান যুদ্ধ বন্ধের আহ্বান বার্নহামের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়কে বিশ্বজুড়ে ডানপন্থি জনতুষ্টিবাদের প্রভাব কমে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তার মতে, নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর বিশ্ব রাজনীতিতে নতুন রাজনৈতিক প্রবণতা তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে বড় ব্যবধানে হেরেছে রিপাবলিকানরা। দলটি সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রিপাবলিকান-প্রধান রাজ্যেও ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য বিজয় ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অ্যান্টিগায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে অংশ নিতে গিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে ডানপন্থি শক্তির প্রভাব নিয়ে কথা বলেন বার্নহাম। দ্য ইকোনমিস্ট-কে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনতুষ্টিবাদের প্রভাব থেকে রাজনৈতিক পাল্লা অন্যদিকে সরে যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে আত্মবিশ্বাসী থাকা প্রয়োজন।

তিনি বলেন, মানুষ এখন আরও আশাবাদী, ভিন্নধর্মী এবং ঐক্যবদ্ধ রাজনৈতিক নেতৃত্ব প্রত্যাশা করছে।

বার্নহামের মতে, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল এবং ট্রাম্পের প্রতিক্রিয়া বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার ব্যয়সংকট মোকাবিলায় নতুন করে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে জীবনযাত্রার ব্যয় এখন অন্যতম বড় সমস্যা। তার সরকারের প্রথম ১০০ দিনের কাজেও বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।

তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয়সংকট মোকাবিলার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাতের অবসান ঘটানো জরুরি। এসব সংঘাতের সমাধান বিশ্ব অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পক্ষের সঙ্গে একাধিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বার্নহাম। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী বছর যুক্তরাজ্যের আয়োজনে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন।

তবে আগামী বছরের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হবে না বলে স্পষ্ট করেছেন বার্নহাম। ইউক্রেনে রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর পুতিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে। বার্নহাম বলেন, রুশ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জি-২০ সম্মেলনের আমন্ত্রণসংক্রান্ত কিছু কারিগরি বিষয় থাকলেও নিষেধাজ্ঞার কারণে পুতিন ম্যানচেস্টারের সম্মেলনে অংশ নিতে পারবেন না।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে তুলনামূলক ইতিবাচক অবস্থান তুলে ধরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে, তবে সহযোগিতার বাস্তব সুযোগ রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে।

বার্নহাম জানান, জি-২০ সম্মেলনে যুক্তরাজ্যের সভাপতিত্ব কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক সমঝোতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

পড়াশোনার নামে বিদেশি শিক্ষার্থীরা কাজ করতে আসে—দাবি ব্রিটিশ মন্ত্রীর

অবৈধ পথে আসলেই আটক ও ফেরত পাঠানো হবেঃ কড়া হুঁশিয়ারি ব্রিটিশ সরকারের

নিউজ ডেস্ক

বক্সিং ডে ইংল্যান্ডের বিভিন্ন স্টোর খোলা থাকবে, চলবে বিশেষ ডিসকাউন্ট অফার

নিউজ ডেস্ক