যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। সংস্থাটির কর্মকর্তাদের মধ্যে গোপন তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত ‘এনএসএ নেট’ নামের এই নেটওয়ার্কে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেওয়ায় দেশটির গোয়েন্দা কার্যক্রমের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয়টি সূত্রের বরাতে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে নেটওয়ার্কটি কী কারণে অচল হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এই ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিভ্রাটের কারণে নেটওয়ার্কে একসঙ্গে বিপুলসংখ্যক কর্মীর প্রবেশের চেষ্টা ঠেকাতে এনএসএ কর্তৃপক্ষ কর্মীদের অফিসে প্রবেশের সময় ধাপে ধাপে নির্ধারণ করেছে। এর মাধ্যমে নেটওয়ার্কের ওপর চাপ কমানো এবং সমস্যার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। তবে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ার ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জড়িত এবং ওয়াশিংটনে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে সিএনএনের আরেক প্রতিবেদনে সাতজন মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছিল, ইরান ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করতে পারে। গোয়েন্দাদের হাতে সম্ভাব্য লক্ষ্যবস্তু ও হামলার স্থানসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও কর্মকর্তারা ওই পরিকল্পনাকে তাৎক্ষণিক হামলার হুমকি হিসেবে বিবেচনা করছেন না।
এমন পরিস্থিতিতে এনএসএর গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন স্তরে উদ্বেগ তৈরি হওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তবে নেটওয়ার্ক বিভ্রাটের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর সক্ষমতা ব্যাহত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা। তাদের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদ যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য আদান-প্রদানের জন্য সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে।
বর্তমানে এশিয়া সফরে রয়েছেন ট্রাম্প। তিনি ফিলিপাইনে অবস্থান করছেন এবং পরদিন চীনের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনএসএর নেটওয়ার্ক বিপর্যয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামোতেও একের পর এক ত্রুটি দেখা দিয়েছে। গত শুক্রবার বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে দেশজুড়ে কয়েক ঘণ্টার জন্য বিমান চলাচল কার্যত বন্ধ রাখতে হয়েছিল। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয় অথবা বাতিল করা হয়।
পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারে ত্রুটির কারণে ওই বিপর্যয় ঘটেছিল।
এ ছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আউটলুক ইমেইল ও মাইক্রোসফট টিমসের সভায় অংশ নিতে সমস্যায় পড়েন।
একই সময়ে বিমান চলাচল, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার যোগাযোগ ব্যবস্থায় একাধিক প্রযুক্তিগত সমস্যা সামনে আসায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এনএসএর নেটওয়ার্ক বিভ্রাটের বিষয়ে জানতে সিএনএন সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এনএসএর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এনএসএ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলোর একটি। বিদেশি যোগাযোগ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সংকেত ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণ এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য সুরক্ষায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সূত্রঃ সিএনএন
এমকে

