যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে সংঘটিত এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে জিবি নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুর বাইরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামের উপস্থিতিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে এনসিপির সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি হাতে দেখা গেছে। সংঘর্ষ একপর্যায়ে আশপাশের আবাসিক সড়কেও ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ির জানালা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ময়লার পাত্র, বোতল ও ডিম ছোড়ার অভিযোগও উঠেছে।
ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য জস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংঘর্ষের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, চ্যাডওয়েল হিথে সহিংসতার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় তিনি পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে পূর্ণাঙ্গ তদন্ত, এলাকায় পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সহিংসতার কোনো জায়গা নেই। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধ করা জরুরি।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, সোমবার রাত ১০টা ১২ মিনিটে চ্যাডওয়েল হিথের হাই রোডে সংঘর্ষের খবর পেয়ে তারা ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স দল পাঠায়। সেখানে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে মেট্রোপলিটন পুলিশ জানায়, রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে সংঘর্ষের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের ধারণা, প্রায় ৫০ জন ব্যক্তি একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন, যা পরে সহিংস সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা একসঙ্গে ঘটনাস্থলে কাজ করেন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের আঘাত জীবনসংকটাপন্ন বা স্থায়ীভাবে অক্ষম হওয়ার মতো নয়।
পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ পরই সংঘর্ষে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন। মঙ্গলবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি সিসিটিভি ও ড্যাশক্যামের ফুটেজ থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করে সিএডি ৭০০৪/১৬এনওভি নম্বর উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাজ্যের রিফর্ম ইউকের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ লন্ডনের রাস্তায় বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
জিবি নিউজে দেওয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ কেন ব্রিটেনের রাস্তায় সহিংসতার রূপ নেবে।
তিনি বলেন, বাংলাদেশে ব্রিটিশদের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে বিপুলসংখ্যক ইংরেজকে রাস্তায় নেমে ভাঙচুর ও সংঘর্ষ করতে কখনো দেখা যায়নি।
জিয়া ইউসুফ এ পরিস্থিতির জন্য কনজারভেটিভ সরকারের ১৪ বছরের অভিবাসন নীতিকেও দায়ী করেন। তার দাবি, ওই সময়ে সরকার চারটি নির্বাচনে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েও বাস্তবে ১ কোটি ১০ লাখ মানুষকে ব্রিটেনে নিয়ে এসেছে। তিনি বলেন, অভিবাসীদের গঠন ও সংখ্যা—দুই ক্ষেত্রেই বড় পরিবর্তন ঘটেছে।
তবে সংঘর্ষে কারা প্রথম হামলা চালিয়েছে কিংবা কোন পক্ষের ভূমিকা কতটা ছিল, সে বিষয়ে পুলিশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
সূত্রঃ জিবি নিউজ
এমকে

