যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ সোমবার স্টুডেন্ট লোনধারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। সেপ্টেম্বর থেকে সুদের হার এবং কিছু ক্ষেত্রে পরিশোধের সীমায় পরিবর্তন আসছে। অ্যান্ডি বার্নহ্যাম সরকারের অধীনে এই বার্ষিক সমন্বয় ঘোষণা করা হয়েছে, যা স্নাতক ও স্নাতকোত্তর ঋণধারীদের প্রভাবিত করবে।
সরকার প্রতি বছর মার্চ মাসের আরপিআই (খুচরা মূল্য সূচক) সংখ্যাকে ভিত্তি করে সেপ্টেম্বর থেকে ছাত্র ঋণের সুদের হার নির্ধারণ করে। এবারের আপডেটে আরপিআই হার নির্ধারণ করা হয়েছে ৪.১ শতাংশ, যা ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত প্রযোজ্য থাকবে। গত বছর এই হার ছিল ৩.২ শতাংশ। ঋণের ধরন অনুযায়ী আরপিআইয়ের সঙ্গে সর্বোচ্চ অতিরিক্ত ৩ শতাংশ পর্যন্ত সুদ যোগ হতে পারে। তবে কিছু প্ল্যানে বাজার হারের ভিত্তিতে সর্বোচ্চ সীমা আরোপ করা হয়েছে।
প্ল্যান-১ আয়-নির্ভর ছাত্র ঋণের ক্ষেত্রে সুদের হার হবে আরপিআই ৪.১ শতাংশ অথবা ব্যাংক বেস রেটের সঙ্গে ১ শতাংশ যোগ করে যেটি কম হবে। বর্তমানে ব্যাংক বেস রেট সহ হিসাব করলে তা ৪.৭৫ শতাংশে দাঁড়ায়। ফলে এই সময়ে প্ল্যান-১ ঋণের সর্বোচ্চ সুদের হার ৪.১ শতাংশে সীমাবদ্ধ থাকবে। একই সঙ্গে প্ল্যান-১ ঋণের পরিশোধ সীমা বাড়ানো হয়েছে। ৬ এপ্রিল ২০২৭ থেকে ৫ এপ্রিল ২০২৮ পর্যন্ত এই সীমা হবে ২৮ হাজার ৫ পাউন্ড, যা আগে ছিল ২৬ হাজার ৯০০ পাউন্ড।
প্ল্যান-২ ঋণধারীদের জন্য সুদের হার আরপিআই ৪.১ শতাংশ থেকে আরপিআই প্লাস ৩ শতাংশ অর্থাৎ ৭.১ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত এই হার সর্বোচ্চ ৬ শতাংশে সীমিত রাখা হবে। বাজার হার অনুযায়ী প্রয়োজনে আরও ক্যাপ প্রয়োগের সুযোগ রাখা হয়েছে।
প্ল্যান-৩ ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ধারিত হয়েছে আরপিআই প্লাস ৩ শতাংশ অর্থাৎ ৭.১ শতাংশ। তবে এই সময়েও সর্বোচ্চ হার ৬ শতাংশে ক্যাপ করা হয়েছে এবং বাজার হারের ভিত্তিতে সমন্বয়ের সুযোগ রয়েছে। প্ল্যান-৫ ঋণের জন্যও একই সময়ে আরপিআই হার ৪.১ শতাংশ প্রযোজ্য হবে, যা বাজার হার অনুযায়ী ক্যাপের আওতায় আসতে পারে।
শিক্ষা বিভাগ জানিয়েছে, এই আপডেট নিয়মিত বার্ষিক প্রক্রিয়ার অংশ। ঋণধারীদের তাদের নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী সুদের হার ও পরিশোধ শর্তাবলি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন হার সেপ্টেম্বর থেকে কার্যকর হলেও প্ল্যান-১-এর পরিশোধ সীমার পরিবর্তন আগামী এপ্রিল থেকে শুরু হবে।
সূত্রঃ ল্যাঙ্কাশায়ার লাইভ
এম.কে

