TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পারিবারিক নির্যাতনের শিকার অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ

যুক্তরাজ্যে পারিবারিক নির্যাতনের শিকার অভিবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা আইএলআর পেতে পারেন। শুধু শারীরিক নির্যাতন নয়, মানসিক নির্যাতন, আর্থিক নিয়ন্ত্রণ, চলাফেরায় বাধা এবং হুমকির শিকার হলেও এই সুযোগের আওতায় আবেদন করা সম্ভব।

যুক্তরাজ্যের অভিবাসন আইনবিষয়ক ওয়েবসাইট ফ্রি মুভমেন্টের এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে। অভিবাসন আইনজীবী নাথ গবিকপির লেখা নিবন্ধে নির্যাতনের শিকার ব্যক্তিদের আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় প্রমাণ, সরকারি সহায়তা এবং স্থায়ী বসবাসের প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে।

সাধারণত ব্রিটিশ নাগরিক, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, শরণার্থী অথবা ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সদস্যের স্বামী, স্ত্রী বা সঙ্গী হিসেবে ভিসা পাওয়া ব্যক্তিরা নির্যাতনের কারণে সম্পর্ক ভেঙে গেলে এই নিয়মে আবেদন করতে পারেন। নির্দিষ্ট শর্তে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) প্রি-সেটেলড স্ট্যাটাসধারীদের সঙ্গীরাও যোগ্য হতে পারেন।

৮ অক্টোবর ২০২৬ থেকে নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন নির্দিষ্ট যোগ্যতার আওতায় এসব ব্যক্তির প্রাপ্তবয়স্ক সন্তানরাও পারিবারিক নির্যাতনের শিকার হলে নিজ অধিকারে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। আগে এই সুযোগ মূলত স্বামী-স্ত্রী ও সঙ্গীদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

শারীরিক আঘাত বা যৌন নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, হুমকি এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার কেড়ে নেওয়াও পারিবারিক নির্যাতন হিসেবে বিবেচিত হবে। বাবা-মা, ভাইবোন, শ্বশুর-শাশুড়ি কিংবা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে নির্যাতনের শিকার হলেও তা এই সংজ্ঞার আওতায় পড়তে পারে।

ফ্রি মুভমেন্টের প্রতিবেদনে সালিমা নামের এক নারীর উদাহরণ দেওয়া হয়েছে। তিনি লন্ডনে স্বামীর সঙ্গে বসবাস করেন এবং চাকরি করেন। কিন্তু তার শাশুড়ি ব্যাংক কার্ড নিজের কাছে রেখে দেন এবং উপার্জিত অর্থ ব্যবহারের সুযোগ দেন না। তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকলে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। শারীরিক নির্যাতন না থাকলেও এসব আচরণ পারিবারিক নির্যাতন হিসেবে বিবেচিত হতে পারে।

নির্যাতনের কারণে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল অভিবাসীদের জন্য রয়েছে ‘মাইগ্র্যান্ট ভিকটিমস অব ডোমেস্টিক অ্যাবিউজ কনসেশন’ বা এমভিডিএসি। এই ব্যবস্থায় যোগ্য ব্যক্তিরা তিন মাসের অস্থায়ী অভিবাসন অনুমতি এবং সরকারি আর্থিক সহায়তা বা পাবলিক ফান্ডস ব্যবহারের সুযোগ পেতে পারেন।

বিশেষ করে যাদের ভিসায় ‘নো রিকার্স টু পাবলিক ফান্ডস’ শর্ত রয়েছে, তাদের জন্য এই সুবিধা গুরুত্বপূর্ণ। আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি নির্দিষ্ট অভিবাসন ক্যাটাগরিতে অনুমতি পেয়েছিলেন এবং পারিবারিক নির্যাতনের কারণে সম্পর্ক ভেঙে যাওয়ায় সঙ্গী বা অভিভাবকের বাইরে স্বতন্ত্রভাবে বসবাসের অনুমতি প্রয়োজন।

স্থায়ী বসবাসের আবেদনের জন্য নির্ধারিত ফরম হলো SET(DV)। এই আবেদনের ফি ৩ হাজার ২২৬ পাউন্ড। তবে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরা ফি মওকুফের আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে পর্যাপ্ত বাসস্থান বা দৈনন্দিন প্রয়োজনীয় খরচ বহনের সামর্থ্য না থাকার প্রমাণ দিতে হবে।

ব্যাংক স্টেটমেন্ট, বেতনপত্র, বাড়িভাড়ার চুক্তি, ইউটিলিটি বিল এবং সরকারি আর্থিক সহায়তা পাওয়ার নথি আবেদনকারীর আর্থিক অবস্থা প্রমাণে ব্যবহার করা যেতে পারে। নির্যাতনের কারণে কেউ এসব নথি সংগ্রহ করতে না পারলে তার ব্যাখ্যা গ্রহণ করে হোম অফিস বিষয়টি বিবেচনা করতে পারে।

নির্যাতনের প্রমাণ হিসেবে পুলিশের কাছে অভিযোগ, চিকিৎসকের প্রতিবেদন, আদালতের নথি এবং নির্যাতনবিষয়ক সংস্থার মূল্যায়ন জমা দেওয়া যেতে পারে। তবে শুধু আশ্রয়কেন্দ্রের সাধারণ চিঠি বা নন-মলেস্টেশন অর্ডার থাকলেই নির্যাতন প্রমাণিত হয়েছে বলে ধরে নেওয়া হবে না। অন্যান্য সহায়ক প্রমাণও প্রয়োজন হতে পারে।

নির্যাতনকারী সঙ্গী পাসপোর্ট বা পরিচয়পত্র আটকে রাখলেও আবেদন করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কেন পরিচয়পত্র জমা দেওয়া সম্ভব হচ্ছে না, তা ব্যাখ্যা করতে হবে। প্রয়োজনে নিজ দেশের দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করার প্রমাণও জমা দেওয়া যেতে পারে।

১৮ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানরা নির্যাতনের শিকার মা বা বাবার সঙ্গে একই সময়ে অথবা পরবর্তী সময়ে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবে। তবে তাদের বয়স, পারিবারিক সম্পর্ক, নির্ভরশীলতা এবং যুক্তরাজ্যে থাকা ও দেখাশোনার ব্যবস্থা সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানরা সাধারণত এককভাবে এই নিয়মে আবেদন করতে পারে না।

অন্যদিকে, স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসাধারীর স্বামী-স্ত্রী কিংবা ডিপেনডেন্টরা সরাসরি এই স্থায়ী বসবাসের নিয়মে আবেদন করার যোগ্য নন। তবে পরিস্থিতি অনুযায়ী তারা আশ্রয় বা মানবিক সুরক্ষার জন্য আবেদন করতে পারেন।

আবেদন প্রত্যাখ্যান হলে স্বয়ংক্রিয়ভাবে বিচারকের কাছে আপিলের অধিকার তৈরি হয় না। এ ক্ষেত্রে প্রশাসনিক পর্যালোচনা অথবা জুডিশিয়াল রিভিউয়ের সুযোগ থাকতে পারে। জটিল আইনি প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রমাণের বিষয় বিবেচনায় আবেদন করার আগে অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়েছে। আর্থিকভাবে যোগ্য ব্যক্তিরা সরকারি লিগ্যাল এইডও পেতে পারেন।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ফার্স্ট-কাজিন বিয়ে নিষিদ্ধে অ্যান্ডি বার্নহ্যামের ওপর চাপ

পোষা কুকুরের কামড়ে অণ্ডকোষ হারালেন ব্রিটিশ যুবক

যুক্তরাজ্যে বিদেশিদের বেনিফিট বন্ধ করার অঙ্গীকার করলামঃ নাইজাল ফারাজ