TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডের স্কুলে এবার শেখানো হবে বাড়িভাড়া, মর্টগেজ ও সুদের হিসাব

ইংল্যান্ডের স্কুলশিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের বাড়িভাড়া, বাড়ি কেনার মর্টগেজ, সুদের হার, মূল্যস্ফীতি ও সঞ্চয়ের হিসাব শেখানো হবে। বাস্তব জীবনে অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন শিক্ষাক্রমে প্রাথমিক বিদ্যালয় থেকেই আর্থিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ছোট শিক্ষার্থীদের অর্থের মূল্য, সঠিকভাবে খরচ করা এবং কোন পণ্য কতটা সাশ্রয়ী—এসব বিষয়ে ধারণা দেওয়া হবে।

শিক্ষার্থীদের মূল্যস্ফীতি, চক্রবৃদ্ধি সুদ এবং বিনিয়োগের ঝুঁকি বিভিন্ন খাতে ছড়িয়ে দেওয়ার ধারণা শেখানো হবে। এর মাধ্যমে সুদের হার, মর্টগেজ, সঞ্চয় ও ঋণের মতো বাস্তব জীবনের আর্থিক বিষয়গুলো বুঝতে পারবে তারা।

এমনকি শিক্ষার্থীদের সুপারমার্কেটের বিভিন্ন পণ্যের দাম তুলনা করে কোন ছাড়ে বেশি সাশ্রয় হচ্ছে, তা হিসাব করতে শেখানো হতে পারে। পাশাপাশি খণ্ডকালীন চাকরি থেকে কত আয় হতে পারে, সেই হিসাবও শেখানো হবে।

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা জানবে কেন পণ্যের দাম বাড়ে, কীভাবে সঞ্চয়ের অর্থ বৃদ্ধি পায়, আর্থিক প্রতারণা কীভাবে শনাক্ত করতে হয় এবং বাড়ি কেনার ক্ষেত্রে মর্টগেজ কীভাবে কাজ করে।

এ ছাড়া জিসিএসই গণিতের পাঠ্যক্রমেও পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে ফাউন্ডেশন স্তরে অপ্রয়োজনীয় বিষয়বস্তু কমিয়ে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় গণিতের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেন, তরুণেরা এমন এক বিশ্বে বড় হচ্ছে, যেখানে অর্থ খরচ করা এখন মোবাইলের স্ক্রিনে একটি স্পর্শের মতোই সহজ। কিন্তু অনেক শিক্ষার্থী স্কুল ছাড়ার সময় প্রাপ্তবয়স্ক জীবনের প্রয়োজনীয় বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করতে পারে না।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল করানো নয়, বরং অর্থ ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ব্যবহার এবং কর্মজীবনের জন্য তরুণদের প্রস্তুত করা।

শিক্ষা মন্ত্রণালয়ের এই সংস্কার এসেছে অ্যালান মিলবার্নের প্রকাশিত তরুণ ও কর্মসংস্থানবিষয়ক প্রতিবেদনের পর। ওই প্রতিবেদনে কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের (এনইইটি) হার ১৩ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনার লক্ষ্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এদিকে আর্থিক শোষণ থেকে নিজেদের রক্ষা করা এবং প্রতারণা শনাক্ত করার বিষয়েও শিক্ষার্থীদের শেখানো হবে। সম্পর্ক, যৌনতা ও স্বাস্থ্যশিক্ষা (আরএসএইচই) ক্লাসের পাঠ্যক্রমেও এ ধরনের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

অর্থনৈতিক মন্দার মুখে যুক্তরাজ্য: ব্যাংক অব ইংল্যান্ডের সতর্কতা

ছোট অপরাধেও বিদেশিদের বিরুদ্ধে শর্তযুক্ত সতর্কবার্তার পরিধি বাড়াল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে আর্টিকেল-থ্রি লঙ্ঘন করে ‘অমানবিক আচরণ’: ব্রিটিশ দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালতের সিদ্ধান্ত