TV3 BANGLA
আন্তর্জাতিক

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি দিল্লির আদালতের

দিল্লির একটি আদালত ভারতীয় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০১৮ সালের একটি ভিডিওকে কেন্দ্র করে দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় বারবার আদালতে হাজির না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) এই আদেশ দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সাকেত আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস (জেএমএফসি) আনাম রইস খান এই পরোয়ানা জারি করেন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।

মামলার সূত্রপাত ২০১৮ সালের মে মাসে। ওই সময় ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট-২’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, বিজেপির আইটি সেলের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ প্রত্যাহার করাতে বিকাশ সাংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

ভিডিওতে প্রকাশিত এসব বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর দাবি করেন বিকাশ পান্ডে। নিজেকে রাজনৈতিক স্বেচ্ছাসেবক এবং ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামের ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দেওয়া পান্ডে এ ঘটনায় ধ্রুব রাঠির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাসে আদালত প্রথম ধ্রুব রাঠিকে হাজির হওয়ার জন্য সমন পাঠান। তবে তিনি দীর্ঘদিন অস্ট্রিয়া ও জার্মানিতে অবস্থান করায় আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে জটিলতা তৈরি হয়।

সম্প্রতি একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নিতে ভারতে আসার পর মামলাটি আবারও আলোচনায় আসে। আদালত এর আগে গত ১৭ অক্টোবর ও ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি আদালতে হাজির না হওয়ায় শেষ পর্যন্ত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, ২০১৮ সালে প্রকাশিত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ঘটনায় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও পৃথক মানহানির মামলা করেছিলেন বিকাশ পান্ডে।

আদালতের এই আদেশের ফলে ধ্রুব রাঠির বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। তবে মামলাটি এখনো বিচারাধীন। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্ত আদালত দেননি। আগামী ৩ ডিসেম্বরের শুনানিতে মামলার পরবর্তী অগ্রগতি জানা যেতে পারে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা\ কাঠমান্ডু পোস্ট\ ব্রুট

এমকে

আরো পড়ুন

কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আল কোরআন নিয়ে যে কঠিন আইন পাশ করল ডেনমার্ক

এবার কানাডাও বাতিল করছে ভারতীয়দের ভিসা