যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থায় প্রস্তাবিত সংস্কার শরণার্থীদের স্থায়ী বসবাসের সুযোগ পেতে কয়েক দশক অপেক্ষায় রাখতে পারে। এতে তাদের মানসিক স্বাস্থ্য, কর্মসংস্থান, পারিবারিক জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শরণার্থী ও আশ্রয়প্রার্থীরা।
২০ নভেম্বর প্রকাশিত শরণার্থী ও অভিবাসী অধিকারবিষয়ক সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্র্যান্ট জাস্টিসের (আরএমজে) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘রিফিউজি ভয়েসেস অন দ্য ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল’ শীর্ষক ২৬ পৃষ্ঠার প্রতিবেদনটি ১৫ জন শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত অভিবাসন ও আশ্রয় আইন এবং নতুন ‘আর্নড সেটেলমেন্ট’ ব্যবস্থার আওতায় শরণার্থীদের স্থায়ী বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পেতে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। অনিয়মিতভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা কিছু শরণার্থীর ক্ষেত্রে এই সময়সীমা ৩০ বছর পর্যন্ত বাড়তে পারে।
২০২৬ সালের মার্চ থেকে কার্যকর হওয়া নতুন ‘কোর প্রোটেকশন’ ব্যবস্থায় সুরক্ষা পাওয়া শরণার্থীদের প্রতি ৩০ মাস পরপর তাদের অবস্থান নবায়ন করতে হবে। এ সময় হোম অফিস পুনরায় যাচাই করতে পারবে, সংশ্লিষ্ট ব্যক্তির নিজ দেশে ফেরত যাওয়ার ঝুঁকি এখনো রয়েছে কি না।
গবেষণায় অংশ নেওয়া ১৫ জনের সবাই বলেছেন, এসব সংস্কার তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে দীর্ঘ সময় অস্থায়ী অভিবাসন অবস্থায় থাকা এবং বারবার হোম অফিসের পর্যালোচনার মুখোমুখি হওয়ার আশঙ্কা তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জনের মধ্যে ১০ জন স্থায়ী বসবাসের জন্য প্রস্তাবিত ২০ বছরের সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারের পরবর্তী ঘোষণায় অনিয়মিতভাবে প্রবেশ করা এবং ‘কোর প্রোটেকশন’ ব্যবস্থার আওতায় থাকা শরণার্থীদের জন্য এই সময়সীমা ৩০ বছর পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
আগে পাঁচ বছরের মধ্যে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার প্রত্যাশা করেছিলেন এমন শরণার্থীরাও এখন অনিশ্চয়তায় রয়েছেন। গবেষণার সময় অংশগ্রহণকারীদের কেউ কেউ মনে করেছিলেন, পুরোনো নিয়মে সুরক্ষা পাওয়া ব্যক্তিরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের যোগ্য থাকবেন। কিন্তু সরকারের সাম্প্রতিক ‘আর্নড সেটেলমেন্ট’ ঘোষণায় নতুন দীর্ঘ সময়সীমা আগে থেকে সুরক্ষা পাওয়া শরণার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এক শরণার্থী বলেছেন, ‘আপনি হয়তো কোনো ধরনের বৈধ মর্যাদা পেয়েছেন, কিন্তু নিয়ম বারবার পরিবর্তন হওয়ায় সেই মর্যাদাও অস্থায়ী হয়ে যাচ্ছে।’
আরেকজন আশ্রয়প্রার্থী বলেন, ‘আমি কীভাবে এই দেশে কাজ করব? কীভাবে পড়াশোনা করে ভাষা শিখব? প্রতি ৩০ মাস পর আমাকে উদ্বিগ্ন থাকতে হবে। তারা সিদ্ধান্ত নিতে পারে, আপনি আর আমাদের আশ্রয়প্রার্থী বা শরণার্থী নন। এটি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।’
প্রতিবেদনে আশ্রয় আবেদনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকাকালে সরকার থেকে পাওয়া আর্থিক সহায়তার অর্থ পরবর্তী সময়ে শরণার্থীদের কাছ থেকে ফেরত নেওয়ার প্রস্তাব নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে। অংশগ্রহণকারীরা প্রশ্ন তুলেছেন, কাজ করার সুযোগ না থাকা অবস্থায় যে সহায়তার ওপর নির্ভর করতে হয়েছে, সেই অর্থ পরবর্তী সময়ে ফেরত দিতে বলা কতটা ন্যায়সংগত।
কর্মসংস্থানকে স্বাবলম্বী হওয়া এবং ব্রিটিশ সমাজে একীভূত হওয়ার অন্যতম প্রধান উপায় হিসেবে উল্লেখ করেছেন গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা। তারা বলেছেন, নিজেদের দক্ষতা কাজে লাগানো, পেশাগত জীবন গড়ে তোলা, কর দেওয়া এবং পরিবারকে সহায়তা করার সুযোগ চান তারা।
বিশেষভাবে উল্লেখযোগ্য, গবেষণায় অংশ নেওয়া ১৫ জনই আশ্রয় আবেদনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিদের কাজের অধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
একজন আশ্রয়প্রার্থী বলেছেন, ‘আমি শুধু কাজ করতে চাই, কর দিতে চাই এবং স্বাভাবিক জীবনযাপন করতে চাই। যুক্তরাজ্য কি এমনটাই চায় না?’
আরএমজের মতে, শরণার্থী ও আশ্রয়প্রার্থীরা ব্রিটিশ সমাজে অবদান রাখতে আগ্রহী। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়ার পরিবর্তে অভিবাসনব্যবস্থার বিভিন্ন বিধিনিষেধ তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বাধা তৈরি করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাজের সুযোগ না দিয়ে কাউকে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার প্রত্যাশা করা যায় না। কয়েক দশক অস্থায়ী অভিবাসন অবস্থায় রেখে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা করাও কঠিন হয়ে পড়ে, যখন কারও সুরক্ষার প্রয়োজনীয়তা ও দেশে থাকার অধিকার বারবার প্রশ্নের মুখে পড়ে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যুক্তরাজ্য সরকারের কাছে তিনটি সুপারিশ করেছে আরএমজে। এগুলো হলো, শরণার্থীদের জন্য বিদ্যমান পাঁচ বছরের স্থায়ী বসবাসের পথ বহাল রাখা, আশ্রয় আবেদনের অপেক্ষায় থাকা ব্যক্তিদের কাজের অধিকার দেওয়া এবং হোম অফিসের সিদ্ধান্ত গ্রহণের গতি ও মান উন্নত করা।
সূত্রঃ ইলেকট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্ক (ইআইএন)
এমকে

