TV3 BANGLA
বাংলাদেশ

বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছেঃ দুদক

বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) জাহাঙ্গীর আলম খান। তার দেওয়া তথ্য অনুযায়ী, পাচার হওয়া অর্থের একটি বড় অংশ প্রতিবছর আমদানি-রপ্তানির চালানে পণ্যের মূল্য কম বা বেশি দেখানোর মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ঢাকায় দুর্নীতি দমন কমিশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। তবে এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা খুব বেশি নয়।

তিনি আরও বলেন, দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার পেছনে সংঘবদ্ধ দুর্নীতি ও আর্থিক অনিয়ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে আমদানি-রপ্তানির মূল্য অতিরিক্ত বা কম দেখিয়ে অর্থ বিদেশে স্থানান্তরের ঘটনা ঘটছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। কমিশন শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর কাজের মাধ্যমে দুর্নীতি দমনে ভূমিকা রাখতে চায়।

তিনি বলেন, দুদকের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বর্তমান কমিশন।

সভায় আরেক বিশেষ অতিথি দুদক কমিশনার (অনুসন্ধান) মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতির তুলনায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করে দিয়েছে। তার বক্তব্য অনুযায়ী, দেশে প্রায় ৯৫ শতাংশ অর্থ পাচার মানি লন্ডারিংয়ের ক্লিয়ারিং হাউসের মাধ্যমে হয়ে থাকে। করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাংকিং ব্যবস্থাকে ব্যবহার করে এসব অর্থ পাচার করা হয়।

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুর্নীতি বিস্তৃত হলে শুধু রাষ্ট্রীয় অর্থের ক্ষতি হয় না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

এদিকে দুদকের সাংগঠনিক কাঠামো ও জনবল বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছেন সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন সাংগঠনিক কাঠামো তৈরি করেছে। এতে নতুন করে ১ হাজার ২৮টি পদ সৃষ্টি করা হয়েছে।

তিনি আরও জানান, কর্মকর্তাদের জন্য নতুন গ্রেডেশন তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি দেশে ও বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে দুদকের অনুসন্ধান, মামলা পরিচালনা, তদন্ত এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের সক্ষমতা বাড়বে বলে আশা করছে কমিশন।

অনুষ্ঠানে দুদকের বিভিন্ন পর্যায়ের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম।

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভায় উঠে আসা বক্তব্যে বাংলাদেশের অর্থ পাচার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং আর্থিক খাতের দুর্বলতার বিষয়গুলো নতুন করে সামনে এসেছে।

সূত্রঃ প্রথম আলো

এমকে

আরো পড়ুন

দাম না পেয়ে কোরবানির পশুর চামড়া খেয়ে ফেলছেন দক্ষিণাঞ্চলের অনেকেই

সংবিধান সংশোধনে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা

মুস্তাফিজ বিতর্কে যোগ দিলেন কুদ্দুস বয়াতি