ব্রিটিশ রাজপরিবারে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। বাবা রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করলে ছোট ভাই প্রিন্স হ্যারি, তার স্ত্রী মেগান মার্কেল এবং তাদের দুই সন্তানের রাজকীয় পদবি ও বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার উদ্যোগ নিতে পারেন তিনি। রাজপরিবারের দায়িত্ব পালন করেন না, এমন সদস্যদের রাজকীয় উপাধি ও সুযোগ-সুবিধা সীমিত করার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
ব্রিটিশ রাজপরিবারবিষয়ক সাংবাদিক টম সাইকসের প্রকাশিতব্য বই ‘দ্য ডিউকস: এডওয়ার্ড অষ্টম, অ্যান্ড্রু অ্যান্ড হ্যারি—দ্য মেন হু আন্ডারমাইন্ড দ্য মডার্ন মোনার্কি’তে এমন দাবি করা হয়েছে। বইটিতে বলা হয়েছে, উইলিয়াম চান, ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় উপাধি ও মর্যাদা কেবল সেই সদস্যদের জন্য সংরক্ষিত থাকুক, যারা সক্রিয়ভাবে রাজপরিবারের দায়িত্ব পালন করবেন।
এই দায়িত্বের মধ্যে থাকবে বিভিন্ন রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণ, কূটনৈতিক কার্যক্রম এবং রাজপরিবারের পক্ষে সরকারি দায়িত্ব পালন। বিশেষ করে ‘হিজ রয়্যাল হাইনেস’ বা ‘এইচআরএইচ’ মর্যাদাসহ রাজকীয় উপাধি ব্যবহারের ক্ষেত্রে নতুন নীতিমালা চালুর পরিকল্পনা রয়েছে বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রাজপরিবারে জন্মগ্রহণ করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে রাজকীয় উপাধি বা বিশেষ মর্যাদা ভোগ করতে পারবেন না। বরং রাজপরিবারের দায়িত্ব পালনে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে এসব সুবিধা নির্ধারিত হবে। টম সাইকসের দাবি, ব্রিটিশ রাজতন্ত্রকে আরও ছোট, কার্যকর ও দায়িত্বকেন্দ্রিক কাঠামোয় নিয়ে আসার বৃহত্তর পরিকল্পনার অংশ এটি।
১৯৮২ সালে জন্ম নেওয়া প্রিন্স উইলিয়াম রাজা তৃতীয় চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার বড় ছেলে। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চার্লস ব্রিটেনের রাজা হন। এর মধ্য দিয়ে উইলিয়াম সিংহাসনের প্রথম উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তার বয়স ৪৪ বছর।
অন্যদিকে, প্রিন্স হ্যারি বর্তমানে ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী। ২০১৮ সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালে হ্যারি ও মেগান রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে তারা যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন।
দুই ভাইয়ের সম্পর্কের অবনতির বিষয়টিও উইলিয়ামের সম্ভাব্য পরিকল্পনার পেছনে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে। ২০২৩ সালে প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘স্পেয়ার’-এ হ্যারি লিখেছিলেন, কৈশোর পেরোনোর পর থেকেই বড় ভাই উইলিয়ামের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। মেগানকে বিয়ের পর সেই দূরত্ব আরও গভীর হয়।
হ্যারির স্মৃতিকথায় দুই ভাইয়ের মধ্যে মতবিরোধ ও পারিবারিক টানাপোড়েনের নানা বিষয় উঠে আসে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিভিন্ন পডকাস্ট ও সাক্ষাৎকারে হ্যারি-মেগান দম্পতির দেওয়া মন্তব্যে উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন অসন্তুষ্ট হয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২০২৬ সালের জুলাইয়ে হ্যারি-মেগান দম্পতির যুক্তরাজ্যে ফিরে আসার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে দেশে ফেরার পরও দুই ভাইয়ের সম্পর্ক স্বাভাবিক হয়নি বলে দাবি করা হয়েছে।
উইলিয়াম ও কেট মিডলটনের তিন সন্তান—প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুই। রাজপরিবারের উত্তরাধিকার বিধি অনুযায়ী, উইলিয়ামের পর সিংহাসনে আরোহণের ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছেন তাদের বড় ছেলে প্রিন্স জর্জ।
তবে উইলিয়ামের পরিকল্পনা অনুযায়ী, তার অন্য দুই সন্তান শার্লট ও লুই ভবিষ্যতে রাজপরিবারের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, নাকি নিজেদের পছন্দ অনুযায়ী রাজতন্ত্রের বাইরের পেশায় যুক্ত হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ রাজপরিবারের সদস্য হলেও তাদের ভবিষ্যৎ পেশা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে।
অন্যদিকে, হ্যারি ও মেগান দম্পতির দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটও প্রস্তাবিত পরিবর্তনের আওতায় পড়তে পারেন। পরিকল্পনাটি কার্যকর হলে তাদের রাজকীয় উপাধি ও বিশেষ মর্যাদা ধরে রাখার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়বে।
প্রকাশিতব্য বইয়ের দাবি অনুযায়ী, উইলিয়ামের পরিকল্পনায় রাজপরিবারের সক্রিয় সদস্যরা নির্ধারিত ভাতা, বেতন এবং সরকারি বাসভবনের সুবিধা পাবেন। যারা রাজপরিবারের দায়িত্ব পালন করবেন না, তাদের সাধারণ নাগরিক হিসেবে বিবেচনা করা হবে। তারা রাজকীয় উপাধি ও বিশেষ সুযোগ-সুবিধা হারালেও নিজেদের পছন্দ অনুযায়ী পেশা বেছে নেওয়ার স্বাধীনতা পাবেন।
টম সাইকসের এসব দাবির বিষয়ে জানতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মেইল’ কেনসিংটন প্রাসাদের সঙ্গে যোগাযোগ করে। জবাবে প্রাসাদের একজন কর্মকর্তা জানান, তাদের নীতি অনুযায়ী কোনো বই কিংবা বইয়ে প্রকাশিত দাবির বিষয়ে তারা মন্তব্য করেন না।
এছাড়া হ্যারি ও মেগান মার্কেলের প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করেছিল সংবাদমাধ্যমটি। তবে তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্রঃ ডেইলি মেইল
এমকে

