যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলার ভয়ংকর হুমকি দিয়েছেন রুশ টেলিভিশন ও রেডিও উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়ভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত সলোভিয়ভ মার্কিন সিনেটর জন কেনেডির রুশ প্রেসিডেন্টকে নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এই হুমকি দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস।
সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কেনেডি বলেন, যুক্তরাষ্ট্র পুতিনের ওপর চাপ সৃষ্টি করছে এবং তাকে ‘মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার’ মতো চাপ প্রয়োগ করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে এবং আলোচনা সহায়ক হতে পারে। তবে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের লোকজন সেখান থেকে ফিরে আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
কেনেডির বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের রেডিও অনুষ্ঠান ‘ফুল কনট্যাক্ট’-এ সলোভিয়ভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলার সম্ভাবনার কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, আমেরিকানদের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে কী অর্জন করার আছে। এরপর তিনি বলেন, এর পরিণতি হতে পারে এমন একটি পারমাণবিক হামলা, যা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে।
সলোভিয়ভ আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের পক্ষ নেয়, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং রুশ নেতাকে হত্যাকে লক্ষ্য হিসেবে নেয়, তাহলে সেটি যুদ্ধ শুরুর জন্য একটি সুস্পষ্ট ভিত্তি তৈরি করবে।
তার ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে কোনো ধরনের আলোচনা ছাড়াই পারমাণবিক হামলা চালানোর ভিত্তি তৈরি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এর পরিণতিতে সভ্যতার কিছুই অবশিষ্ট থাকবে না।
এর কয়েক দিন আগেও নরওয়ের বিরুদ্ধে সামরিক হামলার আহ্বান জানিয়েছিলেন সলোভিয়ভ। নরওয়ের কর্তৃপক্ষ একটি রুশ জাহাজ জব্দ করার পর তিনি মস্কোকে নরওয়ের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অনুরোধে রাশিয়ার সম্পদ জব্দ করার বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে নরওয়ের কর্তৃপক্ষ আর্কটিক অঞ্চলের স্ভালবার্ড দ্বীপপুঞ্জে ওই রুশ জাহাজটি জব্দ করে।
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’-এর সঙ্গে তুলনা করেন।
এর পর সলোভিয়ভ সংঘাত আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধ এমনিতেই চলছে। নরওয়ের আকারের কথা উল্লেখ করে তিনি দেশটির বিরুদ্ধে একটি বোমা ব্যবহারের কথাও বলেন।
রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই সলোভিয়ভের সর্বশেষ বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলার সরাসরি হুমকির বিষয়টি সামনে এসেছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এম.কে

