যুক্তরাজ্যে বাবা-মায়ের সঙ্গে বসবাস করা প্রাপ্তবয়স্ক সন্তানদের কাছ থেকে সবচেয়ে বেশি ভাড়া নেন লন্ডনের বাবা-মায়েরা। নেশনওয়াইড বিল্ডিং সোসাইটির এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
দুই হাজারের বেশি মানুষের অংশগ্রহণে পরিচালিত ওই জরিপ অনুযায়ী, লন্ডনে বাবা-মায়ের সঙ্গে বসবাস করা প্রাপ্তবয়স্ক সন্তানদের কাছ থেকে মাসে গড়ে ৪১৪ পাউন্ড ৯৭ পেন্স ভাড়া নেওয়া হয়।
জরিপের তথ্য অনুযায়ী, লন্ডনের এই গড় ভাড়া ইয়র্কশায়ার অ্যান্ড দ্য হাম্বারের তুলনায় প্রায় ২ দশমিক ২ গুণ বেশি। ওই অঞ্চলে বাবা-মায়ের সঙ্গে থাকা সন্তানদের কাছ থেকে মাসে গড়ে ১৮৭ পাউন্ড ৮ পেন্স ভাড়া নেওয়া হয়।
গড় মাসিক ভাড়ার হিসাবে লন্ডনের পরেই রয়েছে উত্তর আয়ারল্যান্ড। সেখানে সন্তানদের কাছ থেকে মাসে গড়ে ৩৯৭ পাউন্ড ৩৯ পেন্স ভাড়া নেওয়া হয়। এরপর রয়েছে ইস্ট অব ইংল্যান্ড, যেখানে গড় ভাড়া ৩৮৬ পাউন্ড ৩৪ পেন্স।
ওয়েলসে বাবা-মায়ের সঙ্গে থাকা প্রাপ্তবয়স্ক সন্তানদের কাছ থেকে মাসে গড়ে ৩১৯ পাউন্ড ৯৫ পেন্স ভাড়া নেওয়া হয়। অন্যদিকে নর্থ ওয়েস্টে এই পরিমাণ ২৩০ পাউন্ড ২৫ পেন্স এবং ইস্ট মিডল্যান্ডসে ২১১ পাউন্ড ৪০ পেন্স।
লন্ডনে বাবা-মায়ের কাছ থেকে নেওয়া ভাড়ার পরিমাণ বেশি হওয়ার প্রবণতা রাজধানীর সামগ্রিক আবাসন ব্যয়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে লন্ডনে গড় ব্যক্তিগত ভাড়া ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৩০২ পাউন্ডে দাঁড়িয়েছে। একই সময়ে পুরো যুক্তরাজ্যে গড় মাসিক ব্যক্তিগত ভাড়া ছিল ১ হাজার ৪৫৯ পাউন্ড।
তবে বাবা-মায়ের কাছ থেকে নেওয়া এই ভাড়ার অর্থ সবসময় পরিবারের বাইরে চলে যাচ্ছে না। জরিপে দেখা গেছে, অনেক বাবা-মা সন্তানদের ভবিষ্যতে নিজেদের বাড়ি কেনার ক্ষেত্রে সহায়তা করতে নেওয়া ভাড়ার অর্থের একটি অংশ বা পুরো অর্থ আবার ফিরিয়ে দেন।
জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ বাবা-মা জানিয়েছেন, তারা সন্তানদের কাছ থেকে নেওয়া ভাড়ার কিছু অংশ অথবা পুরো অর্থ আবার সন্তানদের দিয়ে দেন।
এ ছাড়া ৪৫ শতাংশ বাবা-মা জানিয়েছেন, গত এক বছরে অন্তত একবার তারা সন্তানের ভাড়া মওকুফ করেছেন। অন্যদিকে ৫২ শতাংশ বলেছেন, গত ১২ মাসে তারা দুই থেকে ছয়বার সন্তানের ভাড়া মওকুফ করেছেন।
নেশনওয়াইডের মর্টগেজ প্রোডাক্টস বিভাগের প্রধান কার্লো পিলেজ্জি বলেন, প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া অনেক মানুষের জন্য প্রয়োজনীয় ডিপোজিটের অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
তার মতে, এই পরিস্থিতিতে কিছু বাবা-মা সন্তানদের কাছ থেকে নেওয়া ভাড়ার অর্থকে তাদের ভবিষ্যৎ বাড়ি কেনার জন্য সঞ্চয়ের একটি উপায় হিসেবে ব্যবহার করছেন। তবে পারিবারিক সহায়তা পাওয়ার সুযোগ নেই—এমন অনেক সম্ভাব্য বাড়ি ক্রেতার জন্য প্রয়োজনীয় ডিপোজিট জোগাড় করা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
ব্রিটেনে বাড়ির দাম, ভাড়া এবং মর্টগেজের ব্যয়ের চাপের মধ্যে পরিবারের সঙ্গে বসবাস করা প্রাপ্তবয়স্ক সন্তানদের সংখ্যা ও তাদের কাছ থেকে নেওয়া ভাড়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড\ নেশনওয়াইড বিল্ডিং সোসাইটি \ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)
এম.কে

