দক্ষিণ লন্ডনের ১৯ তলা একটি আবাসিক ভবনে প্রায় দুই বছর ধরে একটি লিফট বিকল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বয়স্ক মানুষ, শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি এবং ছোট শিশুদের নিয়ে বসবাসকারী পরিবারগুলোকে প্রতিনিয়ত সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। পরিস্থিতিকে নিজের বাড়িতে বন্দি কিংবা দাসের মতো জীবনযাপনের সঙ্গে তুলনা করেছেন এক বাসিন্দা।
লন্ডনের ওয়ান্ডসওর্থ রোডে অবস্থিত অ্যামসবারি টাওয়ারের বাসিন্দারা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে পুরো ১৯ তলা ভবনের জন্য মাত্র একটি সচল লিফটের ওপর নির্ভর করে আছেন। ভবনের বিজোড় তলাগুলোতে চলাচলকারী লিফটটি প্রায় দুই বছর আগে বিকল হলেও এখন পর্যন্ত সেটি মেরামত করা হয়নি।
ভবনটির ১৯ তলায় বসবাস করেন তারিক নাকুই। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। লিফট বন্ধ থাকায় তাকে প্রতিবার সিঁড়ি দিয়ে ওঠার সময় কয়েক তলা পরপর থামতে হয়। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করে আবার চলতে শুরু করেন তিনি।
তারিক বলেন, শিশুদের নিয়ে চলাচলকারী নারীদের অসহায় অবস্থায় দেখলে বিষয়টির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে। তাদের সাহায্য করার চেষ্টা করলেও পরিস্থিতি অত্যন্ত কঠিন। নিজের ভবনের ভেতরেই নিজেকে একজন বন্দি কিংবা দাসের মতো মনে হয়।
এদিকে ভবনটির একমাত্র সচল লিফটটিও অতিরিক্ত ব্যবহারের কারণে যেকোনো সময় বিকল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। তাদের দাবি, দ্বিতীয় লিফটটিতেও আগে নষ্ট হওয়া লিফটের মতো সমস্যা দেখা দিচ্ছে এবং সেটিও প্রায়ই বিকল হয়ে পড়ছে। ফলে পুরো ভবন কার্যত লিফটবিহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভবনটির ১৫ তলায় বসবাস করেন অ্যান শিউ। তিনি অস্টিওআর্থ্রাইটিস ও স্পাইনাল স্টেনোসিসে আক্রান্ত। তার হাঁটুতে ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার হয়েছে। ২০২৪ সালে তার হাঁটু প্রতিস্থাপন করা হয়। এরপরও প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে তাকে তীব্র ব্যথা ও শারীরিক কষ্টের মুখোমুখি হতে হচ্ছে।
অ্যান বলেন, তার জন্য সিঁড়ি ব্যবহার করা অত্যন্ত কষ্টকর। প্রতিবার সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় শরীরের ওপর বাড়তি চাপ পড়ে এবং এর প্রভাব তার স্বাস্থ্যের ওপর পড়ছে।
এ পরিস্থিতিতে লিফট প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে ল্যামবেথ কাউন্সিল। চলতি বছরের শুরুর দিকে নতুন লিফট স্থাপনের অনুমোদন চেয়ে আবেদন করা হলেও বিল্ডিং সেফটি রেগুলেটর তিন দফায় অনুমোদনের সময়সীমা বাড়িয়েছে বলে জানা গেছে।
জরুরি ভিত্তিতে আবেদনটি দ্রুত অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুরোধ জানিয়েছিল কাউন্সিল। তবে ভবনটির লিফট প্রতিস্থাপনের কাজকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা না করায় সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
ল্যামবেথ কাউন্সিল আশা করছে, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে আগামী বছরের শুরুর দিকে লিফট প্রতিস্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে। তবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা বাসিন্দাদের জন্য নতুন লিফট চালু হতে আরও কত সময় লাগবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্রঃ আইটিভি নিউজ
এমকে

