শব্দদূষণের কারণে বিশ্বজুড়ে প্রাণীদের মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যানবাহন, শিল্পকারখানা, জাহাজ চলাচল, সামুদ্রিক জরিপ এবং সোনার প্রযুক্তির শব্দের প্রভাবে প্রাণীদের মৃত্যুহার বেড়েছে ১৩৮ শতাংশ। একই সঙ্গে তাদের বেঁচে থাকার হার, শারীরিক সক্ষমতা এবং সামগ্রিক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।
বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির পরিবেশবিদ হ্যান্সইয়র্গ কুনক এবং রুভেন শ্মিট এ গবেষণা পরিচালনা করেছেন। এ ধরনের গবেষণার মধ্যে সবচেয়ে বড় বিশ্লেষণ হিসেবে বিবেচিত এই গবেষণায় ছয়টি মহাদেশের ১৭৭ প্রজাতির প্রাণীর ওপর পরিচালিত ২১৪টি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়েছে। বিশ্লেষণে ৯৩ হাজারের বেশি বৈজ্ঞানিক গবেষণা ও তথ্যসূত্র বিবেচনায় নেওয়া হয়।
গবেষণায় মাছ, পাখি, ব্যাঙ, স্তন্যপায়ী প্রাণী, কীটপতঙ্গ, কাঁকড়া, শামুক এবং প্রবালসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর ওপর শব্দদূষণের প্রভাব পরীক্ষা করা হয়েছে।
ফলাফলে দেখা গেছে, শব্দদূষণের কারণে প্রাণীদের মৃত্যুহার ১৩৮ শতাংশ বেড়েছে। বেঁচে থাকার হার কমেছে ১৯ শতাংশ, শারীরিক সক্ষমতা ও সামগ্রিক সুস্থতার সূচক কমেছে ২৭ শতাংশ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা প্রায় ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া প্রতি ১০টি প্রজাতির মধ্যে প্রায় আটটি প্রজাতির প্রাণীর শারীরিক গঠন অথবা আচরণে পরিবর্তন দেখা গেছে।
গবেষণায় বলা হয়েছে, শব্দদূষণের প্রভাব শুধু প্রাণীদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। অতিরিক্ত শব্দের কারণে শিকারি প্রাণীদের শিকার ধরতে স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি পরিশ্রম করতে হচ্ছে। অথচ এত পরিশ্রমের পরও তারা প্রায় ২৫ শতাংশ কম শিকার ধরতে পারছে।
কিছু শিকারযোগ্য প্রাণী আবার শব্দের প্রভাবে নিজেদের গর্ত ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। কারণ, তাদের বসবাসের গর্তের ভেতরে শব্দ আরও বেশি প্রতিফলিত ও তীব্র হয়ে ওঠে।
ভূমধ্যসাগরে চলাচলকারী পাইলট তিমিদের ক্ষেত্রেও জাহাজের ইঞ্জিনের শব্দ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনের বিকট শব্দের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে তিমিদের স্বাভাবিকের চেয়ে জোরে ডাকতে হচ্ছে।
গবেষকদের মতে, শব্দদূষণকে এখন বৈশ্বিক পরিবেশগত দূষণের অন্যতম বড় হুমকি হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সড়ক নির্মাণ, জাহাজ চলাচলের রুট, সমুদ্রে বায়ুবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ভূকম্পন জরিপের মতো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে শুধু জমি বা পরিবেশের ওপর প্রভাব নয়, সৃষ্ট শব্দের মাত্রাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তবে গবেষকরা জানিয়েছেন, অধিকাংশ পরীক্ষা স্বল্প সময়ের জন্য পরিচালিত হয়েছে। অমেরুদণ্ডী প্রাণী এবং একাধিক প্রজন্ম ধরে শব্দদূষণের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে এখনও পর্যাপ্ত গবেষণা নেই।
গবেষণায় সম্ভাব্য সমাধান হিসেবে স্থলভাগ ও সমুদ্রে নীরব অঞ্চল বা শব্দমুক্ত এলাকা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষকদের মতে, এসব এলাকায় শব্দদূষণ বন্ধ করা গেলে প্রাণীদের ওপর এর ক্ষতিকর প্রভাব কমতে শুরু করতে পারে।
২০২৬ সালে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হ্যান্সইয়র্গ কুনক ও রুভেন শ্মিডের ‘নয়েজ পলিউশন অ্যাজ আ গ্লোবাল থ্রেট টু ওয়াইল্ডলাইফ’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
সূত্রঃ ‘নয়েজ পলিউশন অ্যাজ আ গ্লোবাল থ্রেট টু ওয়াইল্ডলাইফ’
এমকে

