যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন প্রভাবশালী নেতার সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এই বৈঠককে ঘিরে ইউক্রেন, ইউরোপ ও তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা বাড়ছে।
বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বিশ্বের তিন বৃহৎ শক্তির নেতারা নিজেদের স্বার্থে কোনো সমঝোতায় পৌঁছালে ছোট ও মাঝারি দেশগুলোর নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যৎ বড় শক্তির দর-কষাকষির বিষয় হয়ে উঠতে পারে। এ কারণে সম্ভাব্য বৈঠকটিকে ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে পর্যবেক্ষকদের মতে, বৈঠকটি ঐতিহাসিক গুরুত্ব বহন করলেও বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার মতো চুক্তি হওয়ার সম্ভাবনা এখনো সীমিত।
১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়ার ইয়াল্টায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন বৈঠকে বসেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক কাঠামো, সীমানা এবং প্রভাববলয় নিয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বিস্তার এবং স্নায়ুযুদ্ধের সূচনার সঙ্গে ওই সম্মেলনের সিদ্ধান্তগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য শেনজেন বৈঠককে একুশ শতকের নতুন ইয়াল্টা হিসেবে দেখার আশঙ্কা প্রকাশ করেছেন। তার উদ্বেগ, বৃহৎ শক্তিগুলো নিজেদের মধ্যে প্রভাববলয় ভাগ করে নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারে, যেখানে সংশ্লিষ্ট দেশগুলোর মতামত উপেক্ষিত থাকবে।
আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সাম্প্রতিক আলোচনার পর এই উদ্বেগ আরও বেড়েছে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত ওই আলোচনা ছিল গত ফেব্রুয়ারির পর প্রথম। সেখানে রুশ প্রতিনিধিরা ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে পর্যালোচনার দাবি তুলেছেন। রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি ভবিষ্যৎ আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও আশঙ্কা করছে, তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে তাদের সরাসরি অংশগ্রহণ ছাড়াই বড় শক্তিগুলো সমঝোতায় পৌঁছাতে পারে।
যুক্তরাষ্ট্রের হাডসন ইনস্টিটিউটের বিশ্লেষক সিপোরা ফ্রিডের মতে, তিন বৃহৎ শক্তির নেতাদের বৈঠক এমন বার্তা দিতে পারে যে ক্ষমতাধর কয়েকটি দেশ অন্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে তাদের অনুপস্থিতিতে সিদ্ধান্ত নিতে সক্ষম। এতে কোন দেশের স্বার্থ আলোচনায় গুরুত্ব পাবে এবং কোন দেশের স্বার্থ দর-কষাকষির বিষয় হবে, সেই প্রশ্ন সামনে আসবে।
সম্ভাব্য বৈঠকের প্রতীকী গুরুত্ব থাকলেও তিন দেশের আলোচনার অগ্রাধিকার ও কৌশলগত স্বার্থে বড় ধরনের পার্থক্য রয়েছে। রাশিয়া চাইছে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকুক এবং যুদ্ধ বন্ধের সমঝোতায় নিজেদের নিরাপত্তাসংক্রান্ত দাবি ও শর্তগুলোকে গুরুত্ব দেওয়া হোক।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগ্রহী। চীন এখনো সম্ভাব্য বৈঠকের আলোচ্যসূচি নিয়ে স্পষ্ট অবস্থান জানায়নি।
বেইজিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয়ের চংইয়াং ইনস্টিটিউট ফর ফাইন্যান্সিয়াল স্টাডিজের প্রধান ওয়াং ওয়েনের মতে, তিন দেশের দাবি ও অগ্রাধিকারে এতটাই পার্থক্য রয়েছে যে বৈঠক থেকে বড় ধরনের অগ্রগতি আশা করা কঠিন। কোনো উল্লেখযোগ্য সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা চলছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিন দেশের অবস্থান এক নয়। চীন দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার আগে কমাতে হবে। এরপরই নিজেদের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় বসতে পারে বেইজিং।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের অংশগ্রহণের পক্ষেও অবস্থান নিয়েছে চীন। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার সম্প্রতি বেইজিং সফরে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপের সংঘাত এবং এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোরও আলোচনার টেবিলে থাকা উচিত। তার ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে কথা বলার সময় শি জিনপিং বিরক্তি প্রকাশ করেছিলেন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ওয়েন-তি সুং মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের মতো কোনো অভিন্ন শত্রু এখন তিন বৃহৎ শক্তির সামনে নেই। ফলে তাদের মধ্যে বড় ধরনের ঐকমত্যের চেয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে সীমিত সমঝোতা হওয়ার সম্ভাবনাই বেশি।
তার ধারণা, বৈঠকে সন্ত্রাসবাদ দমন, জনস্বাস্থ্য কিংবা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে সহযোগিতার আলোচনা হতে পারে। সংকটের সময় সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালুর মতো সীমিত উদ্যোগও আসতে পারে। তবে বড় কোনো রাজনৈতিক বন্দোবস্তের সম্ভাবনা কম।
সম্ভাব্য শেনজেন বৈঠক নিয়ে তাইওয়ানও সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের নিরাপত্তা সহযোগিতা বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধের বিষয়।
ওয়েন-তি সুংয়ের মতে, যুক্তরাষ্ট্র যদি কৌশলগত সুবিধার জন্য ইউক্রেনের মতো একটি অংশীদারকে পরিত্যাগ করতে পারে, তাহলে ভবিষ্যতে অন্য অংশীদারদের ক্ষেত্রেও একই আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে তাইওয়ানের জন্যও সম্ভাব্য বৈঠকটির গুরুত্ব রয়েছে।
ইউক্রেন ও ইউরোপের আশঙ্কা, তিন নেতার সরাসরি আলোচনা হলে তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পাশ কাটানো হতে পারে। এতে আন্তর্জাতিক কূটনীতিতে বৃহৎ শক্তিগুলোর প্রভাব আরও বাড়তে পারে এবং ছোট রাষ্ট্রগুলোর স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ট্রাম্প প্রশাসন পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব ও কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। অন্যদিকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে পূর্ব ইউরোপে নিজেদের নিরাপত্তা ও প্রভাববলয় সম্প্রসারণের দাবি তুলছে। চীনও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করছে। এ পরিস্থিতিতে তিন নেতার সম্ভাব্য বৈঠককে ঘিরে প্রভাববলয় ভাগাভাগির আশঙ্কা তৈরি হয়েছে।
তবে চীন প্রকাশ্যে ইয়াল্টার মতো বৃহৎ শক্তিগুলোর গোপন সমঝোতার ধারণার বিরোধিতা করে আসছে। দেশটি সার্বভৌমত্ব ও বহুপক্ষীয় আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে অবস্থান নেওয়ার কথা বলে। ওয়াং ওয়েনের মতে, শেনজেন বৈঠকে বেইজিং যদি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর ভূমিকার ওপর জোর দেয়, তাহলে নতুন ইয়াল্টার আশঙ্কা কমানো সম্ভব।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক চং জা ইয়ানের মতে, প্রথম ইয়াল্টা সম্মেলনের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় নানা সংঘাত ও অস্থিরতার পথ তৈরি হয়েছিল। নতুন করে এমন কোনো সমঝোতা হলে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
সব মিলিয়ে শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের সম্ভাব্য বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রতীকী বার্তা দিতে পারে। তবে ইউক্রেন, তাইওয়ান কিংবা ইউরোপের নিরাপত্তা নিয়ে বড় ধরনের সমঝোতা হবে কি না, তা এখনো অনিশ্চিত। বৈঠকে কোন বিষয়গুলো আলোচনায় আসে এবং যেসব দেশ সরাসরি আলোচনায় থাকবে না, তাদের স্বার্থ কতটা বিবেচনায় নেওয়া হয়—সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।
সূত্রঃ ব্যাংকক পোস্ট
এমকে

