সন্তানকে কেন্দ্র করে ফ্যামিলি ভিসায় যুক্তরাজ্যে বসবাসরত মা-বাবার ইনডেফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর পাওয়ার ক্ষেত্রে ৫ বছর ও ১০ বছরের দুটি পৃথক রুট রয়েছে। কোন রুটে আবেদন করা যাবে, তা নির্ভর করবে আবেদনকারীর ভিসার ধরন, যুক্তরাজ্যে বসবাসের সময়, সন্তানের বয়স ও স্ট্যাটাস এবং অন্যান্য যোগ্যতার ওপর।
যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, ৫ বছরের রুটে আইএলআরের আবেদন করতে হলে আবেদনকারীকে অন্তত টানা পাঁচ বছর প্যারেন্ট বা মা-বাবার ফ্যামিলি ভিসা রুটে যুক্তরাজ্যে বসবাস করতে হবে। এই পাঁচ বছরের হিসাবের ক্ষেত্রে অন্য কোনো ভিসায় কাটানো সময় সাধারণত যুক্ত করা যাবে না। প্রস্তাবিত সিভিল পার্টনার হিসেবে যুক্তরাজ্যে কাটানো সময়ও এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।
৫ বছরের রুটে আবেদনকারীকে নিজের এবং তার নির্ভরশীলদের আর্থিকভাবে সহায়তা করার সক্ষমতা দেখাতে হবে। একই সঙ্গে সরকারি তহবিলের ওপর নির্ভর না করার নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
অন্যদিকে, ১০ বছরের রুটে আবেদনকারীকে যুক্তরাজ্যে টানা ১০ বছর বসবাসের শর্ত পূরণ করতে হবে। এই রুটে ৫ বছরের রুটের মতো নির্দিষ্ট আর্থিক শর্ত নেই। যোগ্য অন্যান্য ভিসায় যুক্তরাজ্যে কাটানো সময়ও নির্দিষ্ট নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে বসবাসের সময়ের হিসাবে যুক্ত হতে পারে।
সন্তানের বয়সও ৫ বছরের রুটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আইএলআরের আবেদন করার সময় সন্তানের বয়স ১৮ বছরের নিচে হতে হবে। তবে মা বা বাবা যখন প্রথম প্যারেন্ট ফ্যামিলি ভিসা পেয়েছিলেন, তখন সন্তান ১৮ বছরের নিচে থাকলে এবং পরবর্তীতে সন্তান স্বাধীনভাবে জীবনযাপন শুরু না করলে কিছু পরিস্থিতিতে ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে।
১০ বছরের রুটে আইএলআরের আবেদনের ক্ষেত্রে সন্তানের বয়স ১৮ বছরের নিচে হওয়া বাধ্যতামূলক নয়।
সন্তান যদি আবেদনকারী মা বা বাবার সঙ্গে বসবাস করে, তাহলে আবেদনকারীর সন্তানের ওপর একমাত্র বা যৌথ প্যারেন্টাল রেসপনসিবিলিটি বা অভিভাবকত্বের দায়িত্ব থাকতে হবে। আর সন্তান যদি অন্য মা-বাবা বা কোনো কেয়ারের সঙ্গে বসবাস করে, তাহলে আবেদনকারীর সন্তানের সঙ্গে যোগাযোগের অধিকার এবং যৌথ অভিভাবকত্বের দায়িত্ব থাকতে হবে।
এ ক্ষেত্রে অন্য মা-বাবা বা কেয়ারারকে ব্রিটিশ নাগরিক অথবা যুক্তরাজ্যে সেটেলড বা স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত হতে হবে।
১৮ থেকে ৬৪ বছর বয়সী আবেদনকারীদের লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হবে এবং ইংরেজি ভাষার শর্ত পূরণ করতে হবে। ইংরেজি ভাষার ক্ষেত্রে অন্তত বি-ওয়ান স্তরে স্পিকিং ও লিসেনিং দক্ষতা প্রয়োজন হতে পারে। বিকল্প হিসেবে ইংরেজিতে পড়ানো বা গবেষণা করা কোনো স্বীকৃত ডিগ্রিও গ্রহণযোগ্য হতে পারে।
কোনো মা বা বাবার যুক্তরাজ্যে এমন একজন পার্টনার থাকলে, যার মাধ্যমে তিনি পার্টনার ভিসার জন্য যোগ্য, সেক্ষেত্রে সরাসরি প্যারেন্ট রুটে আইএলআরের আবেদন করার সুযোগ নাও থাকতে পারে। এ ধরনের পরিস্থিতিতে প্রথমে পার্টনার ভিসার রুটে যেতে হতে পারে এবং পরবর্তীতে সেই রুটের প্রয়োজনীয় শর্ত পূরণ করে আইএলআরের জন্য আবেদন করতে হতে পারে।
৫ বছরের রুটে নির্দিষ্ট শর্ত পূরণ করলে নির্ভরশীল সন্তানকে মা বা বাবার আইএলআর আবেদনের সঙ্গে যুক্ত করা যেতে পারে। ১৮ বছরের নিচে থাকা সন্তানকে যুক্ত করার ক্ষেত্রে তাকে যুক্তরাজ্যে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হিসেবে থাকার অনুমতি থাকতে হবে। একই সঙ্গে তাকে মা বা বাবার সঙ্গে বসবাস করতে হবে এবং তার ওপর আর্থিক ও অন্যান্যভাবে নির্ভরশীল থাকতে হবে। সন্তান বিবাহিত বা স্বাধীনভাবে জীবনযাপন করলে এই সুবিধা প্রযোজ্য হবে না।
১৮ বছর বা তার বেশি বয়সী সন্তানও কিছু পরিস্থিতিতে মা বা বাবার আইএলআর আবেদনের সঙ্গে যুক্ত হতে পারে। তবে সে ১৮ বছর হওয়ার আগে থেকেই নির্ভরশীল হিসেবে যুক্তরাজ্যে থাকার অনুমতি পেয়েছিল এবং এখনও স্বাধীনভাবে জীবনযাপন শুরু করেনি—এমন শর্ত প্রযোজ্য হতে পারে। এ ধরনের সন্তানকে আলাদাভাবে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং ইংরেজি ভাষার শর্ত পূরণ করতে হবে।
তবে ১০ বছরের রুটে থাকা মা-বাবা তাদের অন্য সন্তানদের একই আইএলআর আবেদনে যুক্ত করতে পারবেন না।
সংশ্লিষ্ট রুটে প্রয়োজনীয় বসবাসের সময় পূর্ণ হওয়ার ২৮ দিন আগে আইএলআরের আবেদন করা যায়। তবে আবেদনকারীর বর্তমান ভিসার মেয়াদ, ধারাবাহিক বৈধ বসবাস, সন্তানের ইমিগ্রেশন স্ট্যাটাস এবং অন্যান্য যোগ্যতার শর্ত আলাদাভাবে বিবেচনা করা হবে।
ফলে সন্তানকে কেন্দ্র করে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের ক্ষেত্রে ৫ বছর ও ১০ বছরের রুটের নিয়ম এক নয়। কোন রুটে আবেদন করা যাবে, তা নির্ভর করবে আবেদনকারীর বর্তমান ভিসার ধরন, যুক্তরাজ্যে বসবাসের সময়, সন্তানের বয়স ও ইমিগ্রেশন স্ট্যাটাস, সন্তানের সঙ্গে বসবাসের ব্যবস্থা, অভিভাবকত্বের দায়িত্ব, আর্থিক সক্ষমতা এবং ইংরেজি ভাষার যোগ্যতাসহ বিভিন্ন বিষয়ের ওপর।
সূত্রঃ যুক্তরাজ্য সরকারের সরকারি ইমিগ্রেশন নির্দেশনা\ লেজিট.এনজি
এমকে

