21.4 C
London
August 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সাত বছরেই জিসিএসই গণিতে এ গ্রেডঃ লন্ডনের বিস্ময় বালকের কীর্তিতে চমক

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের মাত্র সাত বছর বয়সী এক শিশু জিসিএসই গণিত পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দেশজুড়ে আলোচনায় এসেছে। হিলিংডনের সাউথ রুইসলিপ এলাকার জিভিয়ান ধ্রুভা সহপাঠীদের প্রায় এক দশক আগে এই পরীক্ষায় অংশ নিয়ে তিনটি প্রশ্নপত্রে মোট ২৪০ নম্বরের মধ্যে ১৯৬ পেয়ে গ্রেড–৮ অর্জন করেছে, যা এ গ্রেডের সমতুল্য।

ফল প্রকাশের পর নিজের নম্বর দেখে জিভিয়ান নিজেও বিস্মিত হয়ে যায়। সে জানায়, এত ভালো ফলের আশা করেনি। যদিও পরীক্ষা তার কাছে খুব সহজ মনে হয়েছিল, তবু গ্রেড–৯ না পাওয়ায় কিছুটা আক্ষেপ রয়ে গেছে।

আরও বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকলেও শেষ প্রশ্নপত্রে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্রে অন্য শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে যেতে শুরু করলে জিভিয়ান বিভ্রান্ত হয়ে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই হল ছেড়ে বেরিয়ে আসে। তার বাবা ধ্রুভা কাট্টা জানান, অন্যরা কঠিন মনে করে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু জিভিয়ান ভেবেছিল পরীক্ষায় হয়তো কোনো সমস্যা হয়েছে।

জিভিয়ানের বাবা পেশায় একজন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী। ছোটবেলা থেকেই তিনি ছেলেকে গণিত শেখাতে শুরু করেন। সময়ের সঙ্গে ছেলের অগ্রগতি এত দ্রুত হয় যে তাকে নিজেকেও নতুন করে বিভিন্ন তত্ত্ব পড়ে শেখাতে হয়েছে।

ছেলের মেধার বিকাশ দেখে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাবা-মা তাকে প্রচলিত বিদ্যালয় থেকে সরিয়ে বাড়িতে পড়ানোর সিদ্ধান্ত নেন। তাদের ভাষ্য, জিভিয়ান মূলধারার পাঠ্যক্রমে একঘেয়েমি বোধ করছিল এবং জিসিএসই পরীক্ষায় বসার মতো প্রস্তুত হয়ে গিয়েছিল।

এখন পরিবারটির লক্ষ্য আগামী বছরই জিভিয়ানকে গণিতে এ-লেভেল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। পাশাপাশি ইংরেজি ও পদার্থবিজ্ঞানেও জিসিএসই দেওয়ার আগ্রহ রয়েছে তার। তবে বাবা-মা স্পষ্ট করেছেন, তারা ছেলেকে কোনোভাবেই তাড়াহুড়ো করে এগিয়ে নিতে চান না; বরং তার ইচ্ছা ও আগ্রহ অনুযায়ী পথচলা নিশ্চিত করতে চান।

অসাধারণ মেধাবী হলেও জিভিয়ানের জীবন অন্য শিশুদের মতোই স্বাভাবিক। সে নাচতে ভালোবাসে, নিনটেন্ডো গেম খেলে, ফুটবল খেলতে পছন্দ করে এবং বিভিন্ন ক্লাবে অংশ নিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটায়।

ভবিষ্যতে মানুষের কাজে সহায়তা করতে পারে— এমন রোবট তৈরি করাই জিভিয়ানের স্বপ্ন। এই সাফল্য উদ্‌যাপন করতে নভেম্বরে জাপান ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে পরিবারটি, আর জিভিয়ান ইতোমধ্যেই স্কটল্যান্ডে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছে।

এদিকে, ২০২৬ সালের জিসিএসই ফলাফলেও লন্ডন ইংল্যান্ডের সেরা পারফরমিং অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে। চলতি বছরে লন্ডনের ২৮.৬ শতাংশ শিক্ষার্থী গ্রেড–৭ বা তার বেশি অর্জন করেছে, যা দেশটির অন্যান্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সূত্রঃ মাই লন্ডন\দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে রিফর্ম ইউকের উত্থানে শঙ্কিত ব্রাসেলস, চুক্তি রক্ষায় ‘সেফটি প্রোভিশন’

সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের স্কুলে নতুন ইউনিফর্ম নীতিঃ অভিভাবকদের খরচ কমাতে বড় সিদ্ধান্ত

ইসলামবিদ্বেষে আতঙ্কিত ব্রিটিশ মুসলিমরাঃ ‘নিজেকেও নিরাপদ মনে করি না’—সাদিক খান