সিলেটে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পূজামণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তা উদয়ন ফারুক সিলেটের জালালাবাদ থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ডেইলি ওয়াদার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উদয়ন ফারুক। পূজা উদযাপন কমিটির আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই মঞ্চে উঠে তিনি জেমসের জনপ্রিয় গান ‘ওরে ওরে হাওয়ায়’ পরিবেশন করেন।
তার গান গাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে।
সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম বুধবার ডেইলি ওয়াদাকে বলেন, ওই কর্মকর্তাকে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পালনকালে অন্য কার্যক্রমে অংশ নেওয়াকে কর্তব্যে অবহেলা হিসেবে বিবেচনা করা হয়েছে।
তিনি জানান, ঘটনাটি তদন্তের জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ ডেইলি ওয়াদা
এমকে

