28.6 C
London
June 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহারঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

 

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আদেশে অবিলম্বে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা বলা হয়েছে।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সারওয়ার আলম দীর্ঘদিন ধরেই প্রশাসনিক অঙ্গনে পরিচিত একটি নাম। বিশেষ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন।

সিনিয়র সহকারী সচিব পদে দায়িত্ব পালনকালে তিনি র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন। খাদ্যে ভেজাল, অনিয়ম, প্রতারণা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার পরিচালিত অভিযান ব্যাপক জনসমর্থন ও প্রশংসা অর্জন করে। সে সময় গণমাধ্যমেও তিনি ব্যাপকভাবে আলোচিত হন।

তবে জনপ্রিয়তার শীর্ষে থাকাকালেই ২০২০ সালের ৯ নভেম্বর তাকে র‍্যাব থেকে সরিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। সেই বদলি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছিল।

পরবর্তীতে পদোন্নতি সংক্রান্ত জটিলতার কারণেও আলোচনায় আসেন সারওয়ার আলম। টানা তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।

এর আগে পদোন্নতি না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। তৎকালীন আওয়ামী লীগ সরকার ওই ঘটনাকে সরকারি চাকরিবিধি পরিপন্থী অসদাচরণ হিসেবে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ‘তিরস্কার’ শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সারওয়ার আলম সম্প্রতি কয়েকটি বিষয় নিয়ে আলোচনায় আসেন। বিশেষ করে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারকেন্দ্রিক অনিয়ম রোধ, মাজার এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনিক পদক্ষেপ এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা জনমনে প্রশংসিত হয়।

তবে তার প্রত্যাহারের কারণ সম্পর্কে সরকারি আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে প্রশাসনিক অঙ্গনে এ সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা চলছে। নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আলোচিত নানা কর্মকাণ্ডের কারণে সারওয়ার আলমের প্রত্যাহার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

‘অনির্ভরযোগ্য আচরণের’ জন্য আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৪৮ অ্যাকাউন্ট-পেজ সরিয়ে দিলো ফেসবুক

গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা বাড়ছে, শপথ শুক্রবার