TV3 BANGLA
বাংলাদেশ

হরমুজ প্রণালি পারাপারে ‘বাংলার জয়যাত্রা’কে বাধা, ইরানের ট্রানজিট ক্লিয়ারেন্স প্রত্যাখ্যান

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেয়নি ইরান। ফলে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজটির যাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রায় ৪০ দিন ধরে জাহাজটি সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করছিল। পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণা পাওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে পুনরায় যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা চলার পর এটি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়।
তবে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরানি কর্তৃপক্ষ জাহাজটির ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে। এতে করে জাহাজটির গন্তব্যে পৌঁছানো নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হরমুজ কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তন না হলে সংশ্লিষ্ট জাহাজকে ‘শত্রু জাহাজ’ হিসেবে বিবেচনা করা হতে পারে। এই মন্তব্যে পরিস্থিতির কূটনৈতিক মাত্রা আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, ইরানের নির্দেশনা অনুসারে জাহাজটি নিয়ম অনুযায়ী ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন করেছিল। তবে সেই আবেদন নাকচ করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে জাহাজটির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। একই সঙ্গে বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সমাধানের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

২২ কৃষি পণ্যে শীর্ষ দশে বাংলাদেশ

১ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

বাজেটে বাংলাদেশের জন্যে বরাদ্দ কমালো না ভারত