10 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

হরমুজ সংকট সমাধানে নতুন উদ্যোগ নিলো ফ্রান্স-যুক্তরাজ্য, থাকবে যেসব দেশ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে খুব শিগগিরই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই আমরা এমন একটি সম্মেলনের আয়োজন করব, যার লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনা।’ তিনি আরও জানান, এই সম্মেলনে সেইসব দেশ অংশ নেবে যারা একটি ‘শান্তিপূর্ণ বহুজাতিক মিশনে’ কার্যকর অবদান রাখতে প্রস্তুত।

ম্যাক্রোঁর ভাষ্য অনুযায়ী, ‘এই মিশনটি হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং চলমান সংঘাতে জড়িত পক্ষগুলোর বাইরে থেকে পরিচালিত হবে।’ তিনি আরও যোগ করেন, ‘পরিস্থিতি অনুকূলে এলেই এই মিশন দ্রুত মোতায়েন করা হবে।’ মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালির মাধ্যমে সম্পন্ন হয়।

সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা তীব্রতর হওয়ার পর এই প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সময় জাহাজ চলাচলে হুমকি, হামলার আশঙ্কা এবং সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের এই উদ্যোগ মূলত উত্তেজনা প্রশমিত করা এবং একটি নিরপেক্ষ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতা এবং চলমান সংঘাতের গতিপ্রকৃতির ওপর।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনওই বন্ধ হবে নাঃ ইরাভানি

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাকে টিকা রপ্তানি বন্ধের হুমকি!

ব্যর্থ আশ্রয় প্রার্থীদের যুক্তরাজ্য হতে বিতাড়িত করতে নতুন চিফের সন্ধানে হোম অফিস