TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

২৬ বছর যুক্তরাজ্যে বসবাসের পরও স্থায়ী বসবাসের অনুমতি পাননি অন্ধ নাইজেরীয় নারী

যুক্তরাজ্যে ২৬ বছর ধরে বসবাস করছেন ৬৭ বছর বয়সী অন্ধ নাইজেরীয় নারী কমফোর্ট (ছদ্মনাম)। দীর্ঘদিন দেশটিতে থাকার পরও স্থায়ী বসবাসের অনুমতি (আইএলআর) পাননি তিনি। বরং নতুন অভিবাসন নীতির কারণে আইএলআর পেতে তাকে আরও প্রায় ২০ বছর অপেক্ষা করতে হতে পারে। এরই মধ্যে তার ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় দ্রুত স্থায়ী বসবাসের অনুমতির আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। এমনকি চিকিৎসার জন্য তাকে ভারতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে—যে দেশে তিনি কখনো যাননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কমফোর্ট ২০০০ সালে যুক্তরাজ্যে আসেন। আসার কিছুদিন পর তীব্র গ্লুকোমায় আক্রান্ত হয়ে হঠাৎ তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

যুক্তরাজ্যে ২০ বছর বসবাসের পর ২০২২ সালে দীর্ঘমেয়াদি বসবাসের নিয়মে তিনি দেশটিতে থাকার অনুমতি পান। এ নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রতি ৩০ মাস অন্তর ভিসা নবায়ন করতে হয়। এভাবে ১০ বছর পূর্ণ হলে তারা অনির্দিষ্টকালের জন্য বসবাসের অনুমতি বা আইএলআরের আবেদন করতে পারেন।

তবে স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ চলতি সপ্তাহে ঘোষিত নতুন স্থায়ী বসবাসসংক্রান্ত নিয়মের কারণে কমফোর্টকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। নতুন নিয়ম কার্যকর হলে তার বর্তমান অবস্থায় আইএলআর পাওয়ার যোগ্যতা অর্জন করতে প্রায় ২০ বছর লেগে যেতে পারে। সে ক্ষেত্রে আশির কোঠায় পৌঁছানোর পর তিনি স্থায়ী বসবাসের অনুমতির যোগ্য হবেন।

তার বয়স ও প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিবাসী ও শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘রিফিউজি অ্যান্ড মাইগ্র্যান্ট জাস্টিস’-এর আইনজীবীরা হোম অফিসের কাছে ব্যতিক্রমী পরিস্থিতিতে দ্রুত আইএলআর দেওয়ার আবেদন করেন। কারণ, বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার বিধান রয়েছে।

কিন্তু হোম অফিস আবেদনটি প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যানপত্রের প্রথম অংশে বলা হয়, নাইজেরিয়ায় অন্ধ ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সেবা রয়েছে, তাই তিনি সেখানে ফিরে যেতে পারেন। তবে চিঠির শেষ অংশে বলা হয়, ভারতে তার পরিস্থিতি এতটা গুরুতর নয় কিংবা সেখানে চিকিৎসার সুযোগ এতটা সীমিত নয় যে তাকে আইএলআর দেওয়া প্রয়োজন।

চিঠিতে নাইজেরিয়ার পরিবর্তে ভারতের উল্লেখ করায় বিস্ময় প্রকাশ করেছেন কমফোর্ট। তিনি বলেন, ভারত এমন একটি দেশ, যেখানে তিনি কখনো যাননি এবং দেশটির সঙ্গে তার কোনো সম্পর্কও নেই।

কমফোর্ট বলেন, ২০২২ সালে দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের ভিত্তিতে তিনি থাকার অনুমতি পেয়েছিলেন। কিন্তু এখন স্থায়ী বসবাসের অনুমতি পেতে আরও প্রায় ২০ বছর অপেক্ষা করতে হতে পারে—এমন পরিস্থিতিতে তিনি অত্যন্ত হতাশ। যুক্তরাজ্যকেই তিনি নিজের ঘর হিসেবে মনে করেন। এখানে তার বন্ধু, গির্জা এবং স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

তিনি আরও বলেন, “আমি একজন ভালো নাগরিক, আইন ভঙ্গকারী নই। আরও ২০ বছর অপেক্ষা করতে বাধ্য না করে মানবিক বিবেচনায় এখনই আমাকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার জন্য হোম অফিসের কাছে অনুরোধ জানাচ্ছি।”

কমফোর্টের পক্ষে কাজ করা মাইগ্র্যান্ট অ্যান্ড রিফিউজি জাস্টিসের প্রচার বিভাগের প্রধান নিক বেইলস বলেন, ওই নারী অন্ধ, বয়স ৬০-এর কোঠার শেষ দিকে এবং জীবনের এক-চতুর্থাংশ সময় যুক্তরাজ্যে কাটিয়েছেন। দেশটিতে থাকার নিয়ম পূরণ করা সত্ত্বেও তাকে বারবার ভিসা নবায়ন করতে বাধ্য করার কোনো জনস্বার্থ নেই।

তিনি অভিযোগ করেন, সরকার ঝুঁকিপূর্ণ ও অসহায় অভিবাসীদের মানুষ হিসেবে বিবেচনা না করে কঠোর অবস্থান দেখানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। শাবানা মাহমুদের নতুন পরিকল্পনায় স্থায়ী বসবাসের জন্য অপেক্ষার সময় দ্বিগুণ করার উদ্যোগ এ ধরনের সংকট আরও বাড়াবে। এমনকি হোম অফিসের কর্মকর্তারা নাইজেরিয়া ও ভারতের পার্থক্যও বুঝতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।

সংস্থাটির পাওয়া তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশিত হোম অফিসের তথ্য অনুযায়ী, পেনশন পাওয়ার বয়সে পৌঁছানো অনেক অভিবাসী নতুন নিয়মে স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের আগেই মারা যেতে পারেন। তথ্যের তালিকায় পাকিস্তানের ১০৩ বছর বয়সী এক নারীর কথাও রয়েছে, যিনি নতুন নিয়ম অনুযায়ী ১২৩ বছর বয়সে স্থায়ী বসবাসের যোগ্য হবেন।

নিক বেইলস বলেন, ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিরাও স্থায়ী বসবাসের জন্য আবেদন করছেন। কিন্তু তাদের আরও ২০ বছর অপেক্ষা করতে বাধ্য করার উদ্দেশ্য কী, তা সরকার ব্যাখ্যা করেনি। তিনি সরকারের ‘আর্নড সেটেলমেন্ট’ মডেল বাতিলের আহ্বান জানান।

এদিকে হোম অফিস সূত্র জানিয়েছে, কমফোর্টকে পাঠানো চিঠির ভুল সংশোধন করে নতুন চিঠি দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হোম অফিসের একজন মুখপাত্র বলেন, ব্যক্তিগত কোনো আবেদন নিয়ে তারা সাধারণত মন্তব্য করেন না। তবে যুক্তরাজ্যে থাকার অনুমতির প্রতিটি আবেদন আবেদনকারীর নিজস্ব পরিস্থিতি, অভিবাসন বিধি এবং জমা দেওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর পদক্ষেপ চায় ৮০০ আইন বিশেষজ্ঞ

বিলেতে বাড়ি কেনাবেচাঃ রেগুলেটেড ব্রিজিং

যুক্তরাজ্য স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে রাগ ঝাড়লেন লন্ডন মেয়র

নিউজ ডেস্ক