TV3 BANGLA
বাংলাদেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে ১৫৮ সহিংসতার অভিযোগঃ ৫০টির বেশি বিদেশি মিশনকে সরকারের ব্রিফিং

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের বিস্তারিত তথ্য জানিয়েছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ, সহিংসতার ঘটনা এবং গণতান্ত্রিক উত্তরণে সরকারের পরিকল্পনা সম্পর্কে আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সকাল ৯টায় শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি ঢাকায় অবস্থিত ৫০টির বেশি বিদেশি মিশনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানও বৈঠকে বক্তব্য দেন।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করে সরকার।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। এসব তৎপরতার মাধ্যমে শুধু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিই বিঘ্নিত হচ্ছে না, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করতে চাইছে। রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

একই সঙ্গে আইনগত যথাযথ প্রক্রিয়া, মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ব্রিফিংয়ে সরকারের কাছে থাকা সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে হুমায়ুন কবির জানান, চলতি বছরের ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি স্থানে মোট ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশের স্থাপনায় হামলা এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় দলটির নেতা-কর্মীরা মিছিল, অবরোধ ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

সহিংসতার কয়েকটি নির্দিষ্ট ঘটনার বিবরণও বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলা চালানো হয়। এ সময় পুলিশের গাড়ি ও থানার ভবনে আগুন দেওয়া, অস্ত্র ও গোলাবারুদ লুট এবং হেফাজতে থাকা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য গুরুতর আহত হন।

এর দুই দিন পর, ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে আরেকটি থানায় হামলার ঘটনা ঘটে। সেখানে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত করা হয় বলে জানান তিনি।

এ ছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন হুমায়ুন কবির। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ এবং সড়ক অবরোধের ঘটনাও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি তুলে ধরে তিনি আরও জানান, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এসব সহিংসতা ও নাশকতার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ৩৯টি মামলা করেছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ানোই এসব তৎপরতার উদ্দেশ্য।

ব্রিফিংয়ে দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি জানান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এ লক্ষ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের মতে, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো বাংলাদেশের মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত ভবিষ্যৎ প্রত্যাশা করে।

বিদেশি কূটনীতিকদের কাছে এসব তথ্য তুলে ধরার মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করার পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারে তাদের সক্রিয় সহযোগিতা চেয়েছে সরকার।

সূত্রঃ প্রথম আলো

এমকে

আরো পড়ুন

সংসদ বিলুপ্ত করে দ্রুত নির্বাচনঃ রাষ্ট্রপতি

চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়াল আটক