TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সাইবার হামলার শিকার গ্যাটউইক বিমানবন্দরের অটোপে সিস্টেম

যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের গ্যাটউইকের গাড়ি নামানোর (ড্রপ-অফ) ফি পরিশোধের ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। এতে শত শত গাড়িচালকের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক কার্ড-সংক্রান্ত সংবেদনশীল তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়েছে। এ ঘটনায় অটোপে সেবা ব্যবহারকারী গ্রাহকদের সতর্কবার্তা পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ড্রপ-অফ চার্জ পরিশোধের জন্য ব্যবহৃত অটোপে (AutoPay) ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। এতে গ্রাহকদের ই-মেইল ঠিকানা, নাম, বাসার ঠিকানা, পোস্টকোড ও যোগাযোগের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে।

গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রাহকদের পাঠানো ই-মেইলে জানিয়েছে, কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে ব্যাংক কার্ডের ধরন, কার্ড নম্বরের শেষ চারটি সংখ্যা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখও আক্রান্ত হয়ে থাকতে পারে। এ ছাড়া গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত গাড়ির নিবন্ধন নম্বর, বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার সময় এবং গাড়ির অবস্থানসংক্রান্ত তথ্যও ঝুঁকিতে রয়েছে।

হামলার বিষয়টি জানার পরপরই অটোপে ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের তথ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

গ্যাটউইকের ড্রপ-অফ জোন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টাইমস২৪ ইউকে লিমিটেডের ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি ব্যবস্থার মাধ্যমে এই অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।

অটোপে ব্যবহারকারী একজন গ্রাহক দ্য সানকে বলেন, তার অ্যাকাউন্টের সঙ্গে একটি আনলিমিটেড অ্যামেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড যুক্ত রয়েছে। এ ঘটনায় তিনি হাজার হাজার পাউন্ড হারানোর আশঙ্কা করছেন।

এদিকে গ্রাহকদের পেমেন্টসংক্রান্ত তথ্যও ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে লেনদেনের পরিমাণ, লেনদেনের অবস্থা, পেমেন্ট রেফারেন্স, কার্ডের ধরন, লেনদেন শনাক্তকরণ নম্বর এবং ড্রপ-অফের স্থান ও সময়। কিছু ক্ষেত্রে গ্রাহকসেবা বিভাগ ও গ্রাহকদের মধ্যে আদান-প্রদান করা ই-মেইলও আক্রান্ত হয়ে থাকতে পারে।

ঘটনার বিষয়ে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গ্যাটউইক বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অটোপে বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীরা বিকল্প পদ্ধতিতে বিমানবন্দরের ওয়েবসাইটের মাধ্যমে ড্রপ-অফ চার্জ পরিশোধ করতে পারবেন।

তিনি আরও জানান, বিমানবন্দরের সব গাড়ি পার্কিং ব্যবস্থা স্বাভাবিকভাবে চালু রয়েছে। যাত্রীদের স্বাভাবিক নিয়মে বিমানবন্দরে যাতায়াত অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রাহকদের তথ্যের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে এ ঘটনায় সৃষ্ট উদ্বেগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের রাজ পরিবারে পুরাতন বর্ণবাদী মন্তব্য নিয়ে নতুন আলোচনা

অভিবাসীদের নিয়ে ঋষি সুনাকের বক্তব্যে তোলপাড়

প্রাইম লন্ডনে সম্পত্তির দরপতন, সাশ্রয়ী এলাকায় উল্টো চিত্র