ইংল্যান্ডে ক্যানসার শনাক্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন এক হাজারের বেশি মানুষের শরীরে ক্যানসার শনাক্ত হচ্ছে। তবে রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও নির্ধারিত সময়ের মধ্যে রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে স্বাস্থ্যসেবা সংস্থাটি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইংল্যান্ডে ক্যানসার শনাক্তের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন। এনএইচএসের তথ্যেই উঠে এসেছে এই চিত্র।
বিশেষজ্ঞদের মতে, ক্যানসার শনাক্তের ক্ষেত্রে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়লেও রোগীদের দ্রুত পরীক্ষা, রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরুর ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব সেবা দিতে এনএইচএস এখনো লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসার শনাক্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছানো স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে। দ্রুত রোগ শনাক্ত করা গুরুত্বপূর্ণ হলেও সময়মতো চিকিৎসা শুরু না হলে রোগীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
স্তন, প্রোস্টেট, ফুসফুস ও অন্ত্রের ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসার নিয়ে ইংল্যান্ডে স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে। একদিকে রোগ শনাক্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে চিকিৎসার জন্য অপেক্ষা ও নির্ধারিত সময়সীমা পূরণে ব্যর্থতা এনএইচএসের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

