TV3 BANGLA
আন্তর্জাতিক

ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে মন্দাঃ প্রবৃদ্ধি নিয়ে বাড়ছে শঙ্কা

ফ্রান্সের অর্থনীতি আনুষ্ঠানিকভাবে কারিগরি মন্দায় (টেকনিক্যাল রিসেশন) পড়েছে। রাজনৈতিক অস্থিরতা, সরকারি ঋণের ক্রমবর্ধমান ব্যয় এবং বিনিয়োগে দুর্বলতার মধ্যে ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই অবনতি ঘটেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের অর্থনীতি সংকুচিত হয়েছে। নতুন সংশোধিত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০.২ শতাংশ কমেছে। এর আগে প্রাথমিক হিসাবে সংকোচনের পরিমাণ ০.১ শতাংশ বলা হয়েছিল। অন্যদিকে, এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকেও অর্থনীতি ০.০২ শতাংশ সংকুচিত হয়েছে। প্রাথমিক হিসাবে এই সময়ে প্রবৃদ্ধি শূন্য শতাংশ বা স্থবির ছিল বলে জানানো হয়েছিল।

ফ্রান্সের পরিসংখ্যান সংস্থা ইনসির (INSEE) কর্মকর্তা মেরি লেক্লেয়ার বলেন, নতুন হিসাব অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপিতে সামান্য পতন হয়েছে।

এ ছাড়া চলতি বছরের প্রথম তিন মাসেও ফ্রান্সের অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হয়েছিল। নেদারল্যান্ডসভিত্তিক ব্যাংক আইএনজির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শার্লট দ্য মন্টপেলিয়েরের মতে, বছরের শুরু থেকেই কারিগরি মন্দার মধ্যে রয়েছে ফ্রান্স।

দেশটির অর্থনৈতিক দুরবস্থার পেছনে রাজনৈতিক অস্থিরতা ও দেশজুড়ে বিক্ষোভকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভ ও রাজনৈতিক অচলাবস্থা বিনিয়োগ এবং ব্যবসায়িক আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

গত মাসে ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ৫ শতাংশ ছাড়িয়ে যায়, যা ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ঘটনা।

আইএনজির অর্থনীতিবিদ শার্লট দ্য মন্টপেলিয়েরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে মাত্র ০.১ শতাংশ হতে পারে। বিপরীতে, বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, একই সময়ে যুক্তরাজ্যের অর্থনীতি ১.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, কর্মসংস্থান পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত এক বছরে ফ্রান্সে বেতনভুক্ত কর্মসংস্থান ৯৪ হাজার ৪০০টি কমেছে। বেসরকারি খাতে পরিস্থিতি আরও খারাপ; সেখানে একই সময়ে ১ লাখ ৯ হাজার কর্মসংস্থান হারিয়েছে।

অর্থনীতিবিদ মন্টপেলিয়ের বলেন, শ্রমবাজারের দুর্বলতা সাধারণ মানুষের আস্থা, আয় ও ভোগব্যয়ের ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি করবে। পাশাপাশি ঋণ গ্রহণের কঠিন পরিস্থিতি, ভবিষ্যৎ করনীতি এবং সরকারি ব্যয় নিয়ে অনিশ্চয়তা অর্থনৈতিক পুনরুদ্ধারকে আরও কঠিন করে তুলছে।

ফ্রান্সের বাজেট ঘাটতি চলতি বছর জিডিপির ৫.৫ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইউরোজোনের দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ঘাটতি হতে পারে।

এদিকে, ২০২৭ সালে ক্ষমতা ছাড়ার আগে সরকারি ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের নিয়ম সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাইছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী বছরের এপ্রিলের শেষ দিকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতিতেও অনিশ্চয়তা রয়েছে। জনমত জরিপে কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেন এগিয়ে রয়েছেন। তার সমর্থন কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর প্রায় দ্বিগুণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ফ্রান্সের দুই দফার নির্বাচনী পদ্ধতির কারণে চূড়ান্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অর্থনীতিবিদ মন্টপেলিয়েরের আশঙ্কা, আগামী বছরেও ফ্রান্সের অর্থনীতিতে উল্লেখযোগ্য গতি ফিরে আসার সম্ভাবনা কম। তার পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে দেশটির গড় জিডিপি প্রবৃদ্ধি মাত্র ০.৪ শতাংশ হতে পারে। অর্থনৈতিক ঝুঁকি কমার পরিবর্তে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

মোদির নতুন আতঙ্ক থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড, ইনস্টাগ্রামে ঝড় তুলেছে সেলফি

ধসের দ্বারপ্রান্তে ইসরায়েলের সামরিক বাহিনী, সেনাপ্রধানের জরুরি সতর্কবার্তা

মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী