TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

‘এই লোকটির বেঁচে থাকার কোনো কারণ নেই’—লন্ডনে নাহিদকে ঘিরে হামলার আগেই হুমকি

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘিরে হামলার আগে তাকে আটকানো ও আক্রমণের পরিকল্পনা করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ছয় নেতাকর্মী। হামলার কয়েক মিনিট আগে ধারণ করা একটি ভিডিও এবং সংশ্লিষ্ট ফেসবুক পোস্টে এমন তথ্য উঠে এসেছে।

 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ওয়াদার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৬ নভেম্বর সোমবার রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে দ্য মেফেয়ার ভেন্যুর বাইরে হামলার মুখে পড়েন নাহিদ ইসলাম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ অল্পের জন্য হামলা থেকে রক্ষা পান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের যুক্তরাজ্য সফরে রয়েছেন নাহিদ। জুলাই গণঅভ্যুত্থানের পর এটিই তার প্রথম যুক্তরাজ্য সফর। সফরের বিভিন্ন কর্মসূচি ঘোষণার পর থেকেই বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

ডেইলি ওয়াদার প্রকাশিত ভিডিওটি ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় দ্য মেফেয়ার ভেন্যুর বাইরে ধারণ করা হয়। ‘ভয়েস অব টাওয়ার হ্যামলেটস’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতা হিসেবে পরিচিত অন্তত ছয় ব্যক্তিকে নাহিদ ইসলামকে হুমকি দিতে এবং তাকে অনুষ্ঠানস্থল থেকে বের হতে না দেওয়ার কথা বলতে শোনা যায়।

আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত সুশান্ত দাস গুপ্তকে ভিডিওতে বলতে শোনা যায়, নাহিদ তাদের ভয়ে অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন না।

তিনি বলেন, “এভাবে কুকুরের মতো জীবনযাপন করার কোনো প্রয়োজন নেই তার। এই লোকটির এভাবে বেঁচে থাকার কোনো কারণ নেই।”

অনুষ্ঠানস্থলের ভেতরে থাকা ব্যক্তিদের বাইরে এসে বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণের আহ্বানও জানান তিনি।

এর আগে ১৪ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে সুশান্ত দাস গুপ্ত লিখেছিলেন, বাংলাদেশে অনেক মানুষ অপেক্ষা করছেন যুক্তরাজ্যে নাহিদ ইসলামকে ‘আপ্যায়নের’ দৃশ্য দেখার জন্য।

তিনি আরও লেখেন, “সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আজ হোক বা কাল, কেউ না কেউ সুযোগ পাবে। আর একবার সুযোগ পেলেই খেলা শেষ।”

ভিডিওতে ববুল আহমেদ নামে পরিচিত যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতাকে বলতে শোনা যায়, নাহিদকে আটকাতে এবং তার মুখোমুখি হতে তারা অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান করবেন। তিনি নাহিদকে ‘জুলাই সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের হেয় করতে এ ধরনের শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে।

বাবুল দাবি করেন, প্রবাসী বাংলাদেশি এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল চারদিক থেকে ঘিরে রেখেছেন।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, “এই জুলাই সন্ত্রাসীরা যেখানেই যাবে, আমরা তাদের মোকাবিলা করব এবং প্রতিরোধ গড়ে তুলব। তারা কোথাও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না।”

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত সাঈদ আহমেদকে বলতে শোনা যায়, নাহিদ বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তার মুখোমুখি হবেন এবং প্রতিরোধ করবেন।

শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. সালাউদ্দিনও নাহিদকে আটকানোর আগ পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, “এই জুলাই সন্ত্রাসীর মুখোমুখি হওয়া এবং তাকে আটকানোই আমাদের এখানে আসার উদ্দেশ্য। যতক্ষণ পর্যন্ত তাকে ধরতে না পারব, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব।”

যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত জানেফার সারওয়ার ভিডিওতে জানান, তখন রাত প্রায় ১০টা।

তিনি বলেন, নাহিদ হলের ভেতরে অবস্থান করছেন এবং তার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এত ছোট একটি অনুষ্ঠানে এত নিরাপত্তার প্রয়োজন কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ভিডিওতে ষষ্ঠ ব্যক্তি হিসেবে যুক্তরাজ্য ছাত্রলীগের সাইয়েদ শিপুকে দেখা যায়। তিনি দাবি করেন, দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনা ও পরামর্শে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, “তারা যেখানেই যাবে, আমরা সেখানে প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি পালন করব।”

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের দুজনই ভারতে পালিয়ে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন।

ভিডিওতে বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরই অনুষ্ঠান শেষে বের হওয়া ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটে। বিভিন্ন ভিডিওতে হামলাকারীদের বোতল, লাঠি, গাছের ডাল ও অন্যান্য বস্তু দিয়ে আঘাত করতে দেখা গেছে।

এনসিপির অভিযোগ, হামলায় অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

হামলার আগের ভিডিওতে থাকা কয়েকজন ব্যক্তিকে পরবর্তী হামলার ভিডিওতেও শনাক্ত করা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার ভিডিওগুলো পরীক্ষা করে হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার জন্য লন্ডনের মেট্রোপলিটন পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

মেট্রোপলিটন পুলিশের কাছে ঘটনাটি অভিযোগ হিসেবে নথিভুক্ত হয়েছে। অভিযোগের রেফারেন্স নম্বর সিএডি ৭০০৪/১৬এনওভি।

এ ঘটনার পর যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি ব্রিটেনের রাজনীতিতেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ডানপন্থী রাজনীতিক ও অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা ঘটনাটিকে উদাহরণ হিসেবে তুলে ধরে অভিবাসন আইন কঠোর করা এবং বাংলাদেশিদের গণহারে বহিষ্কারের দাবি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার আগে ধারণ করা ভিডিওতে অনুষ্ঠানস্থল ঘিরে রাখা, নাহিদকে বের হতে না দেওয়া এবং তার মুখোমুখি না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের কথা বলা হয়েছে। ফলে হামলাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ব্রিটিশ মাটিতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তিদের এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ ধরনের হুমকি ও হামলার অভিযোগ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্রঃ ডেইলি ওয়াদা

এমকে

আরো পড়ুন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

যুক্তরাজ্যে জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ফারাজকে ঘিরে ৫ মিলিয়ন পাউন্ডের উপহার তদন্ত শুরু

প্রধানমন্ত্রী হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া ও খালেদার পুত্র তারেক রহমান