TV3 BANGLA
বাংলাদেশ

গত এক সপ্তাহে বাংলাদেশে আওয়ামী লীগের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়ঃ ইইউ রাষ্ট্রদূত

 

বাংলাদেশে গত এক সপ্তাহে আওয়ামী লীগের চালানো সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, সাম্প্রতিক এই সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ২০২৪ সালের সহিংসতার বিচার, মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজনে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।

মাইকেল মিলার বলেন, গত এক সপ্তাহে যে সহিংসতা চালানো হয়েছে, তা কোনোভাবেই সমর্থন করতে পারে না ইউরোপীয় ইউনিয়ন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত সহিংসতার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া জরুরি। প্রাতিষ্ঠানিক সংস্কার, সহিংসতা প্রতিরোধ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় সরকারের পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যতটুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন, সরকার সেটিই করেছে বলে ইইউ মনে করে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। তার মতে, বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। দলটির কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া কিংবা নিষিদ্ধ করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ নয়। তবে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে চায় ইইউ। এ জন্য ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে সহিংসতা বর্জন করতে হবে। একই সঙ্গে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা দেখানো জরুরি।

অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়েও কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, কমিশনগুলোর অনেক প্রস্তাব ও ধারণা ছিল ইতিবাচক। সেগুলোর মধ্যে কোনগুলো বাস্তবায়ন করা সম্ভব, তা চিহ্নিত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। কার্যকর প্রস্তাবগুলো বাস্তবায়নে সহযোগিতা দিতেও প্রস্তুত সংস্থাটি।

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মাইকেল মিলার। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ডিসেম্বরেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করতে চায় ইইউ।

তবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তার মতে, দেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের সুবিধা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। কিন্তু জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়তে পারে। ফলে বর্তমানের মতো একই ধরনের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা কঠিন হয়ে উঠবে।

মিলার বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা কার্যকর না থাকলে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে।

এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসতে পারে এবং রপ্তানিকারকদের ওপর চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, বৃত্তাকার অর্থনীতির চর্চা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন ইইউ রাষ্ট্রদূত।

তিনি বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় প্রয়োজন। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করা জরুরি।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও ইইউর পর্যবেক্ষণের কথা তুলে ধরেন মাইকেল মিলার। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ ও উচ্চাকাঙ্ক্ষা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরে নিয়মিত আলোচনা হয়। মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে বিষয়টি তাদের আলোচনায় উঠে আসে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

মিলার জানান, ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৫০ কোটি ইউরোরও বেশি অর্থ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে ২০২৬ সালের জন্য বরাদ্দ রয়েছে ৩ কোটি ১৫ লাখ ইউরো। এ ছাড়া কক্সবাজারে চলমান উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে আরও ৫ কোটি ইউরো দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে সমর্থন করে ইইউ। এ ক্ষেত্রে আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য প্রদানের সুযোগ সহজতর করার মতো উদ্যোগও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশল ঘোষণার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগাভাগি ও সহযোগিতার উদ্যোগ অব্যাহত থাকবে।

সূত্রঃ টিবিএস / ইউএনবি

এমকে

আরো পড়ুন

বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রস্তুত লাউঞ্জ, থাকবে বিশেষ সুবিধা

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে মিললো ৮৩২ ভরি স্বর্ণ

এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা