TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গান বন্ধ করতে বলায় আত্মঘাতী বোমা হামলার হুমকিঃ লন্ডনে গ্রেপ্তার অভিনেতা

লন্ডনের একটি বাসে গান বন্ধ করতে বলায় এক দম্পতিকে হত্যার হুমকি এবং বাস উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক অভিনেতা আবদুল লাশারি। এ ঘটনায় যাত্রীদের মধ্যে সন্ত্রাসী হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আদালতে দোষ স্বীকার করায় তাকে মোট ২৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪৭ বছর বয়সী আবদুল লাশারি গত ১৫ আগস্ট দক্ষিণ লন্ডনের ক্ল্যাফাম জংশনের দিকে যাওয়া একটি বাসে ছিলেন। এ সময় তার মোবাইল ফোনে উচ্চ শব্দে গান বাজছিল। এক দম্পতি তাকে গানটির শব্দ কমাতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ওই দম্পতিকে উদ্দেশ করে তিনি চিৎকার করে বলেন, ‘তোমরা কি বোকা? আমার কাছে আত্মঘাতী বোমার ভেস্ট আছে। আমি তোমাদের হত্যা করব।’ এ ছাড়া তিনি বারবার বলেন, ‘আমি তোমাদের সাদা মুখ দেখতে পাচ্ছি। তোমাকে আঘাত করে মাটিতে ফেলে দেব।’

ঘটনার পর দম্পতিটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বাস থেকে নেমে যাওয়ার পর পুলিশ আবদুল লাশারিকে গ্রেপ্তার করে। বোমার হুমকির বিষয়টি তদন্ত করতে পুলিশ কাছাকাছি সেন্ট জনস রোডের একটি অংশও বন্ধ করে দেয়।

উইম্বলডন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে জানানো হয়, বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে কঠিন সময় পার করছিলেন লাশারি। পাশাপাশি তিনি মদ্যপানের আসক্তি কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন।

আদালতে মিথ্যা বোমা হামলার হুমকি দেওয়া এবং বর্ণবাদী বিদ্বেষপ্রসূত জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ স্বীকার করেন তিনি। পরে জেলা বিচারক ফ্রান্সিস ক্যাসিডি তাকে মোট ২৬ সপ্তাহের কারাদণ্ড দেন।

বিচারক বলেন, বাসে আত্মঘাতী বোমার ভেস্ট থাকার দাবি করে তিনি যাত্রীদের আতঙ্কিত করেছিলেন।

আবদুল লাশারি ২০১৯ সালের তথ্যচিত্রভিত্তিক সিরিজ স্পাই ওয়ার্স-এ তালেবান নেতা মোল্লা ওমরের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। সিরিজটি উপস্থাপনা করেছিলেন হোমল্যান্ড তারকা ড্যামিয়ান লুইস। এ ছাড়া চ্যানেল ফোরের কমেডি সিরিজ ইয়ার অব দ্য র‍্যাবিট এবং ম্যাক্সএক্স-এও তার ছোট চরিত্রে অভিনয়ের তথ্য রয়েছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

টিকা রফতানি নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে ইইউর ফের বিরোধ

অনলাইন ডেস্ক

ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম

নিউজ ডেস্ক

এনএইচএসে নজিরবিহীন সংকটঃ প্রতিদিন প্রায় ৩ হাজার রোগীর চিকিৎসা করিডোরে