22.9 C
London
October 5, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

গ্রিসের কাছে ৭৭ অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১ঃ নিখোঁজ ২৫

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে গাভদোস দ্বীপের কাছে ৭৭ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের কোস্টগার্ড সমুদ্র থেকে ৫১ জনকে উদ্ধার করেছে। কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, ওই এলাকায় থাকা দুটি নৌযান থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা কর্তৃপক্ষকে জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে মোট ৭৭ জন ছিলেন। তাদের তথ্যের ভিত্তিতে নিখোঁজ ২৫ জনের সন্ধানে বড় ধরনের অভিযান শুরু করা হয়েছে।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানে চারটি জাহাজ ও নৌযান, ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ এবং গ্রিসের কোস্টগার্ডের একটি হেলিকপ্টার অংশ নিয়েছে। তবে ওই এলাকায় শক্তিশালী বাতাস থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

উদ্ধার হওয়া ৫১ জনকে ক্রিটে নেওয়ার কথা রয়েছে। সেখানে তাদের জন্য নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে ইআরটি জানিয়েছে।

ক্রিট ও গাভদোস দ্বীপ লিবিয়ার উপকূল থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত। সাম্প্রতিক সময়ে এই দুই দ্বীপ উত্তর আফ্রিকা থেকে গ্রিসে প্রবেশের ক্ষেত্রে আশ্রয়প্রার্থীদের গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে।

গ্রিসের সংবাদ সংস্থা এএনএ-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশটির অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, অভিবাসীদের আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার মানুষ গ্রিসে প্রবেশ করেছিল। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে।

এর আগে জুলাইয়ে গ্রিসের রক্ষণশীল সরকার উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের জন্য তিন মাসের জন্য আশ্রয়ের আবেদন স্থগিত করে। গ্রিস সরকার জানিয়েছিল, সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশ নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ক্রিটে আশ্রয়প্রার্থীদের আগমন বেড়ে যাওয়ার পর এবং অভিবাসীদের প্রবেশ ঠেকাতে লিবিয়ার বেনগাজিভিত্তিক সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ জুলাইয়ে বাতিল হওয়ার পর গ্রিসের পার্লামেন্ট এই ব্যবস্থা অনুমোদন করে।

অন্যদিকে ক্রিটে একটি স্থায়ী ট্রানজিট কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে গ্রিসের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বীপটির আঞ্চলিক কর্তৃপক্ষের মতবিরোধ রয়েছে।

গ্রিসে নতুন একটি আইনের খসড়াও প্রস্তুত করা হচ্ছে। প্রস্তাবিত আইনে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের কারাদণ্ড দেওয়ার বিধান রাখার কথা রয়েছে। পাশাপাশি বহিষ্কারের আগে ৩০ দিনের নিয়ম মেনে চলার সময় তাদের পায়ে ইলেকট্রনিক নজরদারি ডিভাইস বা অ্যাঙ্কল মনিটর ব্যবহারের ব্যবস্থাও রাখা হতে পারে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে অভিবাসীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য ‘রিটার্ন হাব’ স্থাপনের পরিকল্পনা নিয়ে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশের সঙ্গে গ্রিস আলোচনা করছে।

গ্রিসে সমুদ্রপথে পৌঁছানো অনিবন্ধিত অভিবাসীদের সাধারণত তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে তাদের অস্থায়ী হেফাজতে রাখার পর গ্রিসের মূল ভূখণ্ডের বন্ধ আটককেন্দ্রে স্থানান্তর করা হয়।

নতুন নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ২৫ জনের সন্ধানে গ্রিসের কোস্টগার্ড, ফ্রন্টেক্স ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে। প্রবল বাতাসের কারণে অভিযান পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

৯ বছর পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন

প্রতি গোলে শত গাছঃ পরিবেশ সুরক্ষায় অভিনব পথে ব্রাজিলের পেরোলাস নেগরাস

ভারতকে ভেঙে একাধিক দেশ গঠনের প্রস্তাব অস্ট্রিয়ার অর্থনীতিবিদের