TV3 BANGLA
আন্তর্জাতিক

জেফরি এপস্টাইনের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেনঃ ফরেনসিক বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী ও ধনকুবের জেফরি এপস্টাইনের কারাগারে মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার মৃত্যুকে আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড বলে দাবি করেছেন একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরেনসিক বিশেষজ্ঞ। ময়নাতদন্তের ছবি ও নিউইয়র্ক নগরীর মেডিকেল পরীক্ষকের নথি বিশ্লেষণ করে তার ধারণা, এপস্টাইনকে পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান বিবিসি নিউজ নাইটকে দেওয়া সাক্ষাৎকারে এসব দাবি করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর মেডিকেল পরীক্ষকের সংরক্ষিত নথি ও ময়নাতদন্তের ছবি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানান।

ফ্রিম্যানের দাবি, এপস্টাইনের শরীরে এমন কিছু আঘাতের চিহ্ন রয়েছে, যা সাধারণ আত্মহত্যার ঘটনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে তার বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণের চিহ্ন এবং মুখে আঘাতের মতো ক্ষত পাওয়া গেছে। এসব চিহ্ন শারীরিক হামলার ইঙ্গিত দিতে পারে বলে মনে করেন তিনি।

তার বিশ্লেষণ অনুযায়ী, কোনো ধরনের ফাঁস বা বাঁধার উপকরণ ব্যবহার করে এপস্টাইনকে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে। পরে একই উপকরণ ব্যবহার করে তার মরদেহ বিছানার ওপরের অংশের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল বলেও ধারণা করছেন তিনি।

ফ্রিম্যান আরও বলেন, এপস্টাইনের গলায় ফাঁসের দাগের ওপরের দিকে নখের আঁচড়ের মতো চিহ্ন রয়েছে। তার মতে, এ ধরনের চিহ্ন পেছন থেকে শ্বাসরোধের শিকার ব্যক্তির ক্ষেত্রে দেখা যেতে পারে। বিশেষ করে শ্বাসরোধের সময় ভুক্তভোগী গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করলে এমন দাগ তৈরি হতে পারে।

তিনি বলেন, মরদেহের আঘাতের ধরন এবং যেভাবে তাকে পাওয়া গেছে, সেগুলোর মধ্যে অসামঞ্জস্য রয়েছে। তার বিশ্লেষণে এসব তথ্য হত্যাকাণ্ডের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করে।

তবে এপস্টাইনের মৃত্যুর বিষয়ে ২০১৯ সালে দেওয়া সরকারি ময়নাতদন্তের সিদ্ধান্ত ভিন্ন। সে সময় নিউইয়র্কের প্রধান মেডিকেল পরীক্ষক ডা. বারবারা স্যাম্পসন মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করেছিলেন। তার মতে, এপস্টাইনের শরীরের আঘাতগুলো ফাঁসিতে ঝুলে আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত যে ধরনের আত্মরক্ষামূলক আঘাত দেখা যায়, এপস্টাইনের শরীরে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ডা. স্যাম্পসন এর আগে নিজের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান জানিয়ে বলেছিলেন, এপস্টাইনের মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণের বিষয়ে তিনি এখনো তার সিদ্ধান্তে অটল রয়েছেন।

এদিকে, অধ্যাপক ফ্রিম্যান জানিয়েছেন, তিনি নিজে এপস্টাইনের মরদেহ পরীক্ষা করেননি। তার বিশ্লেষণের ভিত্তি ছিল ময়নাতদন্তের নথি ও ছবি, যা এপস্টাইনের ভাই মার্ক এপস্টাইন তাকে সরবরাহ করেছিলেন। মার্ক দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তার ভাই আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে।

ফ্রিম্যানের দাবি, তার গবেষণা সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়েছে এবং এ জন্য তিনি মার্ক এপস্টাইনের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি। তবে তার গবেষণা এখনো অন্য বিশেষজ্ঞদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্যালোচিত বা পিয়ার রিভিউ করা হয়নি।

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় মৃত্যুর কারণ নির্ধারণে আইনজীবীদের পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তার পরামর্শক হিসেবে কাজ করেছেন ফ্রিম্যান। মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাতেও তিনি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এপস্টাইনের মৃত্যুর তদন্তে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মহাপরিদর্শকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছিল, কারাগারের একজন কর্মকর্তা তাকে অচেতন অবস্থায় পাওয়ার পর আরেকজন সহকর্মীকে ডাকেন। এরপর তারা এপস্টাইনের মরদেহ বিছানা থেকে নামিয়ে মেঝেতে রাখেন এবং তাকে বাঁচানোর চেষ্টা করেন।

ফ্রিম্যানের মতে, কারাগারের ভেতরে ফাঁসিতে মৃত্যুর ঘটনা তদন্তের ক্ষেত্রে মরদেহ নামানোর আগে তার ছবি তোলা গুরুত্বপূর্ণ। কিন্তু এপস্টাইনের ক্ষেত্রে সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

তবে তার বিশ্লেষণ অনুযায়ী হত্যাকাণ্ড হয়ে থাকলে কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফ্রিম্যান। তিনি স্পষ্ট করেছেন, তার কাজের পরিধি শুধু মৃত্যুর কারণ ও শারীরিক আলামত বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ।

উল্লেখ্য, ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর কাছ থেকে যৌনসেবা নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন জেফরি এপস্টাইন। পরে তিনি যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত হন। তবে একটি বিতর্কিত আইনি সমঝোতার কারণে সে সময় বড় ধরনের কারাদণ্ড এড়াতে সক্ষম হন।

এরপর ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচার ও শোষণের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মামলা হয়। বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় ১০ আগস্ট নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের কারাকক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এপস্টাইনের মৃত্যু নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে। নতুন এই ফরেনসিক বিশ্লেষণ সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। তবে অধ্যাপক ফ্রিম্যানের দাবি এখনো নতুন কোনো সরকারি তদন্তের সিদ্ধান্ত নয়; ২০১৯ সালের সরকারি ময়নাতদন্তে আত্মহত্যার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেটিই আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবেঃ ট্রাম্প

চীনের বড় পদক্ষেপঃ ছয় মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

ফ্রান্সের পার্লামেন্টে বামপন্থীদের জয়, বড় ধাক্কা খেল কট্টর ডানপন্থীরা