ব্রিটেনে সহকর্মীর কাছে তীব্র দুর্গন্ধ ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে চাকরি হারানো এক বাসচালক কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানির অভিযোগে মামলা করেও হেরে গেছেন। ব্রিস্টলের একটি কর্মসংস্থান ট্রাইব্যুনাল তার অভিযোগ খারিজ করে দিয়েছে। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী, শারীরিক অক্ষমতার কারণে নয়, বরং গাড়ি চালানোর মান সন্তোষজনক না হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, স্টেফানি ব্রায়ান ‘দ্য বিগ লেমন’ নামের একটি বৈদ্যুতিক বাস পরিচালনাকারী প্রতিষ্ঠানে চালক হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, বাস চালানোর সময় তিনি এমন তীব্র দুর্গন্ধযুক্ত বায়ু ত্যাগ করেছিলেন, যার কারণে সহকর্মী সামান্থা বিংহামকে নিজের ইউনিফর্ম ধুতে এবং গোসল করতে হয়েছিল।
ট্রাইব্যুনালে জানানো হয়, সামান্থা নিজের দায়িত্ব পালনের জন্য বাসে এসে একই আসনে বসার পর দুর্গন্ধ অনুভব করেন। তার ধারণা হয়েছিল, সহকর্মী স্টেফানি নিজের পোশাক নোংরা করে ফেলেছেন। পরে বাড়িতে ফেরার পর সামান্থার সঙ্গীও দুর্গন্ধ অনুভব করেন এবং তাকে জিজ্ঞাসা করেন, তিনি মলত্যাগ করেছেন কি না।
এরপর দুর্গন্ধ দূর করতে সামান্থা ইউনিফর্ম ধুয়ে দ্রুত গোসল করেন। বিষয়টি নিয়ে স্টেফানির সঙ্গে কথা বললে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, সবারই বায়ু ত্যাগ করার প্রয়োজন হয়।
ট্রাইব্যুনালের শুনানিতে বলা হয়, অভিযোগের বিষয়ে স্টেফানি নেতিবাচক প্রতিক্রিয়া দেখান এবং সহকর্মীর প্রতি ব্যক্তিগত বিরূপ মনোভাব প্রকাশ করেন। অন্যদিকে, সামান্থা পরিস্থিতি নিয়ে প্রকৃত উদ্বেগ থেকেই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে স্টেফানির কর্মদক্ষতা মূল্যায়নের সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়েও আলোচনা হয়।
স্টেফানি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিন মাসের পরীক্ষামূলক চাকরিতে ছিলেন। কর্মদক্ষতা নিয়ে উদ্বেগের কারণে তার পরীক্ষামূলক সময় ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। শেষ পর্যন্ত তিনি সেই পরীক্ষামূলক মেয়াদে সন্তোষজনক ফল করতে পারেননি এবং চাকরি হারান।
এরপর তিনি দাবি করেন, মূত্রথলির সমস্যার কারণে তার সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং তাকে হয়রানি করা হয়েছে। এ অভিযোগে তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।
তবে ট্রাইব্যুনাল তার দাবি প্রত্যাখ্যান করে। বিচারক জোনাথন ওয়াল্টার্স বলেন, দুর্গন্ধটি মলজাতীয় পদার্থের কারণে হয়ে থাকতে পারে, যা অতিরিক্ত বায়ু ত্যাগের সঙ্গে সম্পর্কিত; এটি প্রস্রাব বা প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যার সঙ্গে সম্পর্কিত ছিল না।
ট্রাইব্যুনাল আরও জানায়, স্টেফানি তার বিষণ্নতা, বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার কিংবা মূত্রথলির দুর্বলতার কথা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে জানাননি। ফলে এসব স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের জানার সুযোগ ছিল না। সহকর্মী সামান্থাও তার কথিত শারীরিক অক্ষমতা সম্পর্কে জানতেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিচারক বলেন, সামান্থার পদক্ষেপের সঙ্গে কোনো শারীরিক অক্ষমতাকে কেন্দ্র করে বৈষম্যের সম্পর্ক ছিল না। বরং স্টেফানির চাকরি হারানোর কারণ ছিল গাড়ি চালানোর অসন্তোষজনক মান, যার কারণে তিনি পরীক্ষামূলক চাকরির মেয়াদ সফলভাবে শেষ করতে পারেননি।
এ বিষয়ে দ্য বিগ লেমন কর্তৃপক্ষ জানায়, তারা কর্মীদের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করে না। তবে পুরো প্রক্রিয়ায় পেশাদারত্ব বজায় রাখার জন্য সামান্থা বিংহামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মামলাটি বিবেচনার জন্য বিচারককে ধন্যবাদ জানায়।
সূত্রঃ দ্য মেট্রো
এমকে

