20.4 C
London
September 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

চীনের ওপর প্রযুক্তি নির্ভরতা নিয়ে ব্রিটেনকে সতর্ক করলেন সাবেক এমআই-সিক্স প্রধান

চীন আন্তর্জাতিক সংকটের সময় ‘গণবিঘ্নের অস্ত্র’ ব্যবহার করে ব্রিটেনের জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল করে দিতে এবং দেশকে কার্যত স্থবির করে দিতে পারে বলে সতর্ক করেছেন সাবেক এমআই৬ প্রধান স্যার রিচার্ড ডিয়ারলাভ। চীনা প্রযুক্তি ও সরঞ্জামের ওপর ব্রিটেনের ক্রমবর্ধমান নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্য ও হাউস অব লর্ডসের সদস্যদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন সাবেক এই গোয়েন্দাপ্রধান। কোয়ালিশন অন সিকিউর টেকনোলজি ওই অনুষ্ঠানের আয়োজন করে।
স্যার রিচার্ড বলেন, কোনো আন্তর্জাতিক সংকটের সময় চীন ব্রিটেনের জাতীয় বিদ্যুৎ গ্রিডে হস্তক্ষেপ করে দেশকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে। একই সঙ্গে চীনা যন্ত্রাংশ ব্যবহার করা গণপরিবহন ব্যবস্থাকেও অচল করে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, ব্রিটেন পানি, পয়োনিষ্কাশন, গ্যাস, রেল, ভূগর্ভস্থ পরিবহন, ট্রাফিক বাতি এবং যোগাযোগব্যবস্থার বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রে বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এসব সরঞ্জাম নষ্ট হলে দ্রুত প্রতিস্থাপনের নিজস্ব সক্ষমতাও দেশটির আগের তুলনায় কমে গেছে।
সাবেক এমআই৬ প্রধান বলেন, শান্তিকালীন সময়ে এ ধরনের নির্ভরশীলতা চীনকে কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে। কোনো সংকট তৈরি হলে এই নির্ভরশীলতাই ‘গণবিঘ্নের অস্ত্রে’ পরিণত হতে পারে, যা ব্রিটেনকে সম্পূর্ণ অচল করে দেওয়ার ক্ষমতা রাখবে।
তার ভাষ্য, শিল্প সক্ষমতা কমে যাওয়ার কারণে ব্রিটেন শুধু একটি শিল্পখাত হারায়নি, বরং নিজস্বভাবে বিদ্যুৎব্যবস্থা পুনর্গঠনের সক্ষমতাও হারিয়েছে।
স্যার রিচার্ড জানান, বড় আকারের ট্রান্সফরমার সরবরাহ করতে বর্তমানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। জেনারেটর সরবরাহেও তিন বছর পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে।
বিদ্যুৎ গ্রিডের গুরুত্বপূর্ণ সরঞ্জাম তৈরিতে প্রয়োজনীয় গ্রেইন-ওরিয়েন্টেড শিল্প ইস্পাতের ক্ষেত্রেও চীনের ওপর নির্ভরতার কথা তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, এই ইস্পাতের কোনো বিকল্প নেই এবং এর উৎপাদন সক্ষমতায় চীন অন্য যেকোনো দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে।
ইউরোপে এই বিশেষ ইস্পাতের মাত্র দুটি উৎপাদক প্রতিষ্ঠান টিকে আছে বলেও জানান স্যার রিচার্ড। চীনের কম দামের কারণে ইউরোপের এসব প্রতিষ্ঠান উৎপাদন কমানো ও বন্ধ হয়ে যাওয়ার চাপের মধ্যে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে ব্রিটেন ও তার মিত্রদের জাতীয় বিদ্যুৎ গ্রিডের প্রয়োজনীয় সরঞ্জাম নকশা ও সংযোজনের সক্ষমতা এখনো রয়েছে বলে জানান তিনি। তার মতে, সমস্যা হচ্ছে এসব সরঞ্জাম তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহ চীনের হাতে কেন্দ্রীভূত।
ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য চীনকে সবচেয়ে গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে স্যার রিচার্ড বলেন, একই দেশের ওপর গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্ভরতা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে।
চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন তিনি। স্যার রিচার্ড বলেন, দলটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এবং তাদের নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করতে হয় না; বরং তাদের মূল লক্ষ্য রাজনৈতিক টিকে থাকা।
তিনি দাবি করেন, চীন শুধু নিজস্ব আঞ্চলিক প্রভাববলয়ে নয়, বিশ্বজুড়েও বিভিন্ন দেশের মধ্যে নির্ভরশীলতা তৈরি করেছে। বিরল মাটির খনিজের উৎপাদনে চীনের আধিপত্যকে এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রসঙ্গ তুলে স্যার রিচার্ড বলেন, পিপলস লিবারেশন আর্মির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এই প্রতিষ্ঠান বিদেশি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিশ্বের বিভিন্ন দেশে তাদের যোগাযোগ প্রযুক্তি ছড়িয়ে দিয়েছে।
লন্ডন পরিবহন ব্যবস্থায় চীনে তৈরি বৈদ্যুতিক বাস কেনার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার দাবি, এসব বাস চীনা সরকারের ভর্তুকির সুবিধা নিয়ে তৈরি এবং এগুলোর সফটওয়্যার নিয়ন্ত্রণ নির্মাতা প্রতিষ্ঠানের হাতে রয়েছে।
তিনি বলেন, কোনো নির্মাতা সফটওয়্যার নিয়ন্ত্রণের মাধ্যমে একটি নির্দিষ্ট বাস চলাচল বন্ধ করে দিতে পারে—এমন পরিস্থিতি হয়তো হাস্যরসের বিষয় হতে পারে। কিন্তু বিদ্যুৎ গ্রিড দুর্বল হয়ে পড়ার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মাত্রার।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০৪৯ সালের মধ্যে চীনকে বৈশ্বিক আধিপত্যের অবস্থানে নেওয়ার লক্ষ্য নিয়েছেন বলেও দাবি করেন সাবেক এই গোয়েন্দাপ্রধান।
স্যার রিচার্ড বলেন, চীনের হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত, কারণ এই লক্ষ্য বাস্তবায়নের পদ্ধতি ‘আমাদের চোখের সামনেই’ তৈরি করা হচ্ছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এম.কে

আরো পড়ুন

হেট্রিক করলেন সাদিক খান, টানা তৃতীয়বারের মতো লন্ডনে মুসলিম মেয়র

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে স্কুল ইউনিফর্ম ক্রয়ে আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা

বাংলাদেশিদের টার্গেট করে ব্রিটেনের ‘ওয়ার্ক ভিসা স্ক্যাম’

অনলাইন ডেস্ক