TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ বিচার বিভাগে ইতিহাস গড়া রাফিয়া আরশাদঃ হিজাব পরেই ব্রিটেনের বিচারকের আসনে

যুক্তরাজ্যের বিচার বিভাগে ইতিহাস গড়েছেন ব্রিটিশ-পাকিস্তানি আইনজীবী রাফিয়া আরশাদ। হিজাব পরিহিত অবস্থায় বিচারকের দায়িত্ব পালন করে তিনি ব্রিটেনের প্রথম হিজাব পরিহিত বিচারক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মূল্যবোধ অক্ষুণ্ন রেখে পেশাগত সাফল্যের শীর্ষে পৌঁছানোর তার গল্প নতুন করে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে মুসলিম নারীদের জন্য তার এই অর্জন অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

রাফিয়া আরশাদের বিচারক হওয়ার যাত্রা মোটেও সহজ ছিল না। ২০০১ সালে আইন পেশায় প্রবেশের জন্য বৃত্তির সাক্ষাৎকার দিতে গিয়ে হিজাব পরিধান নিয়ে তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। পরিবারের পক্ষ থেকেও সাক্ষাৎকারের সময় হিজাব না পরার পরামর্শ দেওয়া হয়েছিল বলে তার জীবনের বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। কিন্তু নিজের ধর্মীয় বিশ্বাস ও পরিচয়ের প্রশ্নে আপস করেননি তিনি। শেষ পর্যন্ত যোগ্যতার ভিত্তিতেই বৃত্তি অর্জন করেন এবং এগিয়ে যান নিজের স্বপ্নপূরণের পথে।

তিনি অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ঐতিহ্যবাহী আইনজীবী প্রতিষ্ঠান মিডল টেম্পল থেকে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেন। কর্মজীবনে পারিবারিক আইন, শিশু অধিকার, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং ইসলামি পারিবারিক আইনে বিশেষ দক্ষতা অর্জন করেন। দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় দেন।

২০২০ সালের মে মাসে রাফিয়া আরশাদ মিডল্যান্ডস সার্কিটের ডেপুটি ডিস্ট্রিক্ট জজ হিসেবে নিয়োগ পান। এর মাধ্যমে ব্রিটেনের বিচার বিভাগে হিজাব পরিহিত নারী বিচারক হিসেবে নতুন ইতিহাস তৈরি করেন তিনি।

পরবর্তীতে ২০২২ সালের নভেম্বরে ডার্বি কম্বাইন্ড কোর্ট সেন্টারে পূর্ণকালীন ডিস্ট্রিক্ট জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই নিয়োগের মধ্য দিয়ে বিচার বিভাগে তার অবস্থান আরও সুসংহত হয়।

তবে বিচারক হওয়ার আগেও আইন পেশায় কাজ করতে গিয়ে তাকে বিভিন্ন ধরনের সামাজিক ও পেশাগত ভুল ধারণার মুখোমুখি হতে হয়েছে। হিজাব পরার কারণে অনেক সময় তাকে আইনজীবীর পরিবর্তে দোভাষী কিংবা কোনো মক্কেলের সঙ্গে আসা ব্যক্তি হিসেবে ভুল করা হতো। পেশাগত পরিচয়ের পরিবর্তে পোশাকের ভিত্তিতে এমন ধারণা তৈরি হওয়া তার জন্য বিব্রতকর অভিজ্ঞতা ছিল। কিন্তু এসব বাধা তার আত্মবিশ্বাস ও কর্মদক্ষতাকে দমিয়ে রাখতে পারেনি।

রাফিয়া আরশাদের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, নিজের ধর্মীয় পরিচয় বিসর্জন না দিয়েও যে ব্রিটেনের মতো বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সমাজে গুরুত্বপূর্ণ পেশাগত অবস্থানে পৌঁছানো সম্ভব, তার বাস্তব উদাহরণ তৈরি করেছেন তিনি। তার এই অর্জন বিচার বিভাগে বৈচিত্র্য, সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনাকে আরও গুরুত্ব দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

রাফিয়া আরশাদের জীবন ও কর্মজীবন শুধু একজন সফল আইনজীবী থেকে বিচারক হয়ে ওঠার গল্প নয়; এটি আত্মবিশ্বাস, অধ্যবসায়, পেশাগত যোগ্যতা এবং নিজের বিশ্বাসের প্রতি অবিচল থাকারও উদাহরণ। বিশেষ করে ব্রিটেনে বেড়ে ওঠা মুসলিম তরুণী ও নারীদের কাছে তার সাফল্য প্রমাণ করে, ধর্মীয় পরিচয় বজায় রেখেও সমাজের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়া সম্ভব।

সূত্রঃ আরব নিউজ

এমকে

আরো পড়ুন

ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের মৃত্যু নিয়ে দোষারোপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আমার মেয়েই তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেঃ ঋষি সুনাকের শাশুড়ি

ব্রিটেনে লরিতে অভিবাসী পরিবহণের অভিযোগে আটক ৭