ব্রিটেনকে ইউরোপীয় মানবাধিকার সনদ (ইসিএইচআর) থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তার মতে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় আসা অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সরকারের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাবেক এই কনজারভেটিভ প্রধানমন্ত্রী বলেছেন, কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডনকের ব্রিটেনকে ইউরোপীয় মানবাধিকার সনদ থেকে বের করে নেওয়ার প্রতিশ্রুতি যথার্থ। তার মতে, দীর্ঘদিন ধরে মধ্য-ডান ও মধ্য-বামপন্থী রাজনৈতিক দলগুলো অবৈধ অভিবাসন মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে রাজনীতিতে জনতুষ্টিবাদী প্রবণতা বাড়ছে।
ব্লুমবার্গের ‘দ্য মিশাল হুসেইন শো’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ইউরোপীয় মানবাধিকার সনদ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে তার অবস্থান অনেককে অবাক করতে পারে। তবে পরিস্থিতি বিবেচনায় তিনি মনে করেন, ছোট নৌকায় অভিবাসীদের আগমন এবং অনিয়মিত অভিবাসন বন্ধ করতে যা যা প্রয়োজন, সরকারকে তা-ই করতে হবে।
তিনি বলেন, “ছোট নৌকায় আসা বন্ধ করতে এবং অবৈধ অভিবাসন থামাতে আমাদের প্রয়োজনীয় সবকিছু করতে হবে। এই পরিস্থিতি শুধু অভিবাসন নিয়ে যুক্তিসংগত আলোচনা অসম্ভব করে তুলছে না, বরং রাজনীতির আরও অনেক বিষয় নিয়ে স্বাভাবিক আলোচনা বাধাগ্রস্ত করছে।”
ইংলিশ চ্যানেলের পরিস্থিতি তুলে ধরে ক্যামেরন বলেন, আবহাওয়া পরিষ্কার থাকা অবস্থায় এক হাজার মানুষ নৌকায় উঠে ব্রিটেনে প্রবেশ করছে—সাধারণ মানুষ বিষয়টিকে অত্যন্ত আপত্তিকর হিসেবে দেখছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত নিয়ন্ত্রণ নীতির উদাহরণও টানেন তিনি। ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের শুরুতে সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে ক্যামেরন বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো সম্ভব যে তাদের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার অনেক বিষয়ে মতবিরোধ রয়েছে। তবে অবৈধ অভিবাসন নিয়ে মানুষের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তিনি ইতিবাচকভাবে দেখেন।
গত বছর কেমি বেইডনক ঘোষণা দিয়েছিলেন, পরবর্তী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় গেলে প্রয়োজন হলে ব্রিটেনকে ইউরোপীয় মানবাধিকার সনদ থেকে বের করে নেওয়া হবে। তার যুক্তি ছিল, দেশের সীমান্ত, সাবেক সেনাসদস্য এবং নাগরিকদের সুরক্ষায় এ পদক্ষেপ প্রয়োজন।
তবে ক্যামেরনের বক্তব্যের বিরোধিতা করেছে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় মানবাধিকার সনদ থেকে বেরিয়ে গেলে ইউরোপের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানান, সরকার সনদটির ব্যাখ্যা ও প্রয়োগ পদ্ধতিতে সংস্কারের জন্য ইউরোপের সঙ্গে কাজ করছে। তার মতে, সনদ থেকে বেরিয়ে গেলে মানব পাচার ও অভিবাসী পাচারকারী চক্রের বিরুদ্ধে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতাও ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্রিটেনের পুনরায় যোগ দেওয়া নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে।
ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে যোগ দেওয়ার বিতর্ক শুরু না করতে বার্নহামকে সতর্ক করেছিলেন ক্যামেরন। তার মতে, এ ধরনের বিতর্ক নতুন করে শুরু হলে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক রাজনৈতিক বিভাজন তৈরি হতে পারে। পাশাপাশি ইইউর সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের চলমান আলোচনাও বাধাগ্রস্ত হতে পারে।
ক্যামেরন বলেন, ব্রিটেন ভবিষ্যতে আবার ইইউতে যোগ দেবে—এমন ধারণা বারবার সামনে আনা হলে ইউরোপীয় দেশগুলো ভাবতে পারে, ব্রিটেন যেহেতু শেষ পর্যন্ত ফিরে আসবে, তাই তাদের সঙ্গে ভালো অংশীদারত্ব চুক্তি করার প্রয়োজন নেই।
তবে ক্যামেরনের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বার্নহাম। বৃহস্পতিবার তিনি বলেন, ইইউর সঙ্গে ভালো কার্যকর সম্পর্ক গড়ে তুলতে পারলে ব্রিটিশ অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব। এ বিষয়ে ট্রেজারির বিশ্লেষণও তার অবস্থানকে সমর্থন করে বলে দাবি করেন তিনি।
আগামী সপ্তাহে ব্রাসেলসে যুক্তরাজ্য-ইইউ সম্পর্ক পুনর্গঠন নিয়ে সম্মেলনে অংশ নিতে যাবেন বার্নহাম। সেখানে খাদ্যমান, কৃষি ও পরিবেশগত নির্গমন সংক্রান্ত ইউরোপীয় নীতির সঙ্গে ব্রিটেনের নিয়মের সামঞ্জস্য এবং চীনা গাড়ি আমদানিতে উচ্চ শুল্ক আরোপের বিষয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে।
সম্মেলনের পর ইইউর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের বিষয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ভবিষ্যতে ইইউতে পুনরায় যোগ দেওয়া, একক বাজারে প্রবেশ অথবা নতুন শুল্ক ইউনিয়ন গঠন।
তবে ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারে লেবার পার্টি ইইউ, শুল্ক ইউনিয়ন কিংবা একক বাজারে পুনরায় যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার জানিয়েছে, পরবর্তী নির্বাচন পর্যন্ত এ বিষয়ে কোনো পরিবর্তন আনা হবে না।
অন্যদিকে, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে বার্নহামের নির্বাচনী এলাকা মেকারফিল্ডের ৬৫ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং ৩৫ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছিলেন।
ইইউর সঙ্গে নতুন সমঝোতার অংশ হিসেবে ব্রিটেনকে খাদ্য ও উদ্ভিদবিষয়ক ইউরোপীয় নিয়মের সঙ্গে নিজেদের আইন সামঞ্জস্য করতে হতে পারে। এ চুক্তির ফলে বছরে ৫ দশমিক ১ বিলিয়ন পাউন্ডের বাণিজ্যিক সুবিধা পাওয়ার পূর্বাভাস থাকলেও সমালোচকদের আশঙ্কা, এতে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুসরণে ব্রিটেনের স্বাধীনতা সীমিত হতে পারে।
এ নিয়ে ব্রিটিশ রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে মানবাধিকার সনদ থেকে বেরিয়ে যাওয়ার দাবি উঠছে, অন্যদিকে ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ করা হবে, তা নিয়েও রাজনৈতিক মতবিরোধ বাড়ছে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এমকে

