যুক্তরাজ্যের সাবেক লেবার মন্ত্রী ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য ড্যান নরিসকে ধর্ষণ, যৌন নিপীড়নের অভিযোগে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যাভন ও সামারসেট পুলিশ জানিয়েছে, ষাটের কোঠায় বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসাবে তাকে নতুন করে আটক করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে পুলিশ প্রথমবারের মতো এ তদন্ত শুরু করে। এরপর ২০২৫ সালের এপ্রিল মাসে ড্যান নরিসকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বিরুদ্ধে একটি কিশোরীর বিরুদ্ধে যৌন অপরাধ, ধর্ষণ, শিশু অপহরণ এবং সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগ আনা হয়। ওই ঘটনার পর লেবার পার্টি তাকে দল থেকে সাময়িক বরখাস্ত করে।
সাম্প্রতিক গ্রেপ্তারে নরিসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ যুক্ত হয়েছে। পুলিশ জানায়, একজন নারীকে ধর্ষণ, আরেকজন নারীকে যৌন নিপীড়ন এবং একাধিক নারীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগের ঘটনা ২০০০-এর দশক থেকে ২০২০-এর দশকের মধ্যে সংঘটিত বলে দাবি করা হচ্ছে।
অ্যাভন ও সামারসেট পুলিশের এক মুখপাত্র জানান, বর্তমানে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত তদন্ত সক্রিয় নেই। তবে ধর্ষণ ও সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ বলেছে, যৌন অপরাধের তদন্ত স্বভাবতই সংবেদনশীল ও জটিল হওয়ায় এতে দীর্ঘ সময় লাগতে পারে এবং ভুক্তভোগীদের নিয়মিতভাবে অগ্রগতির বিষয়ে অবহিত রাখা হচ্ছে।
পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি। ড্যান নরিস বর্তমানে শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
ড্যান নরিস ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ নেতা জ্যাকব রিস-মগকে পরাজিত করে নর্থ ইস্ট সামারসেট অ্যান্ড হ্যানহ্যামের সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওয়েস্ট অব ইংল্যান্ডের সরাসরি নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেন, তবে এমপি নির্বাচিত হওয়ার পর সেই পদ ছাড়েন।
রাজনৈতিক জীবনে নরিস নতুন নন। তিনি ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়ান্সডাইক আসনের এমপি ছিলেন। টনি ব্লেয়ারের সরকারের সময় তিনি সহকারী হুইপ এবং গর্ডন ব্রাউনের সরকারের সময়ে জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গ্রেপ্তারের পর নরিস প্রাণী অধিকার সংগঠন ‘লীগ অ্যাগেইনস্ট ক্রুয়েল স্পোর্টস’-এর চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ান। চলমান তদন্তের ফলাফল যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

