23.7 C
London
August 12, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’

পশ্চিমবঙ্গের সব স্কুলে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করার এক সপ্তাহের মধ্যেই এবার রাজ্যের সব মাদ্রাসার জন্যও একই নির্দেশ জারি করেছে শুভেন্দু অধিকারী সরকার।

রাজ্য সরকারের মাদ্রাসা অধিদপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতিটি মাদ্রাসার সকালের অ্যাসেম্বলিতে ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে হবে।

সরকারি অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন এবং
স্বীকৃত প্রাপ্ত সব ধরনের মাদ্রাসার ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক দপ্তর।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই
শুভেন্দু অধিকারীর সরকার একাধিক

গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে।

এরই অংশ হিসেবে সম্প্রতি রাজ্যের সব সরকারি ও অনুদানপ্রাপ্ত স্কুলে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়,এবার সেই সিদ্ধান্তের পরিধি বাড়িয়ে মাদ্রাসাগুলোকেও একই নিয়মের আওতায় আনা হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগের সব নির্দেশনা বাতিল করে স্কুল শিক্ষা বিভাগের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে সকালের প্রার্থনাসভায় ‘বন্দে মাতরম’

গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়
জাতীয়তাবাদী আন্দোলনের সময় বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ দীর্ঘদিন
ধরেই ভারতের রাজনীতিতে আলোচিত একটি গান।

বিশেষ করে জাতীয়তাবাদ ও ধর্মীয় পরিচয়কে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে
বিতর্কও রয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রের এনডিএ সরকার ‘বন্দে মাতরম’-কে জাতীয়
সংগীত ‘জন গণ মন’-এর সমতুল্য মর্যাদা দিয়ে সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে গানটির
ছয়টি স্তবক গাওয়ার নির্দেশ দেয়।

পশ্চিমবঙ্গের নতুন সরকার সেই নীতির ধারাবাহিকতায় রাজ্যের স্কুল ও মাদ্রাসায় সিদ্ধান্তটি কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

সূত্রঃ আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া

এম.কে

আরো পড়ুন

অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠাবে ইটালি

মক্কায় ব্যাপক ঝড়-বৃষ্টি, প্লাবিত রাস্তা-ঘাট

ফ্যাক্ট-চেকার, কনটেন্ট মডারেটরদের ভিসা নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র