TV3 BANGLA
আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে মার খাওয়ার পর এবার ভারতের গ্রামবাসীর হাতে পিটুনি খেল বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের সদস্যদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ এবার প্রকাশ পেল ভারতের মাটিতেই। ত্রিপুরার বক্সানগর গ্রামে স্থানীয় গ্রামবাসীর হামলায় বিএসএফের অন্তত তিন সদস্য আহত হয়েছেন। এ সময় তাদের বহনকারী একটি গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ অন্তত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত সোমবার সকালে ত্রিপুরার সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার অন্তর্গত আশাবাড়ি সীমান্ত এলাকায়। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে অবস্থিত ওই এলাকায় জঙ্গল পরিষ্কারের সময় হেফজুর রহমান নামে এক স্থানীয় যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে বিএসএফ।

স্থানীয়দের অভিযোগ, আটকের পর হেফজুর রহমানকে ব্যাপক মারধর করেন বিএসএফ সদস্যরা। এতে তার একটি পা ভেঙে যায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শত শত গ্রামবাসী রাস্তায় নেমে এসে আশাবাড়ি-রহিমপুর সড়ক অবরোধ করেন।

এ সময় অবরোধস্থলে এসে পড়ে বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের একটি গাড়ি। গাড়িতে ছিলেন সহকারী কোম্পানি কমান্ডার রোহিত, চালক সুনীল কুমার এবং জওয়ান মনজিত। ক্ষুব্ধ জনতা মুহূর্তের মধ্যে গাড়িটি ঘিরে ফেলেন।

অভিযোগ রয়েছে, লাঠি ও বাঁশ নিয়ে গ্রামবাসীরা বিএসএফ সদস্যদের ওপর হামলা চালান। তাদের গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীদের কয়েকজন বিএসএফ সদস্যদের ওপর চড়াও হন এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। হামলায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বিএসএফের অন্তত তিন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সহকারী কমান্ড্যান্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তৎপর হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনার নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তিন নারীসহ নয়জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সীমান্ত এলাকায় বিএসএফের ভূমিকা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাহিনীর বিরোধ নিয়ে বিভিন্ন সময়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এবার সীমান্তের কাছেই ভারতের নিজ ভূখণ্ডে স্থানীয় গ্রামবাসীর হাতে বিএসএফ সদস্যদের এভাবে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রঃ দ্য প্রিন্ট

এমকে

আরো পড়ুন

ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

মাস্কের সঙ্গে প্রেমের গুঞ্জনে স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা

ফিলিস্তিনিদের উপর অত্যাচার ও গাজার সত্য প্রকাশ করায় দুই সাবেক মার্কিন কর্মকর্তা কারাগারে