TV3 BANGLA
আন্তর্জাতিক

বোমা আতঙ্কে ইউরোপের আকাশে ফ্লাইট চলাচলে বিঘ্নঃ জরুরি অবতরণ

ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকির ঘটনায় ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিভিন্ন দেশের আকাশসীমায় চলাচলকারী কয়েকটি ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়ার পর সেগুলোকে গতিপথ পরিবর্তন করে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। এর মধ্যে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া রায়ানএয়ারের একটি ফ্লাইটও রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের প্রথম ঘটনা ঘটে আয়ারল্যান্ডের অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইটে। ডাবলিন থেকে রোমগামী ইআই৪০২ ফ্লাইটে বোমার হুমকি পাওয়ার পর সেটিকে ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি নিরাপদে অবতরণ করে। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা উপস্থিত হন।

এদিকে, বুলগেরিয়ার আকাশসীমায় রায়ানএয়ারের তিনটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিএনটি। এর মধ্যে কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা দুটি ফ্লাইট রাজধানী সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অন্য ফ্লাইটটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে বুলগেরিয়ার প্লভদিভ বিমানবন্দরে অবতরণ করে।

এ ছাড়া ইতালির মিলান থেকে পোল্যান্ডের ওয়ারশগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমার হুমকি পাওয়ার পর সেটিকে অস্ট্রিয়ার ভিয়েনায় সরিয়ে নেওয়া হয়। একই দিনে ফিনল্যান্ডের হেলসিংকি থেকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরগামী ফিনএয়ারের একটি ফ্লাইটও বোমা হামলার হুমকির মুখে পড়ে বলে জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা আনসা।

এর মাত্র দুই দিন আগে, মঙ্গলবার ইউরোপজুড়ে সাতটি ফ্লাইটে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এর মধ্যে যুক্তরাজ্য থেকে ছেড়ে যাওয়া দুটি ফ্লাইটও ছিল। লট পোলিশ এয়ারলাইনস, এসএএস, উইজ এয়ার ও রায়ানএয়ারের পরিচালিত এসব বিমানের কয়েকটিতে তল্লাশি চালানো হয় এবং কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে ওই হুমকিগুলোকে ভুয়া বলে নিশ্চিত করা হয়।

তবে মঙ্গলবারের হুমকির সঙ্গে বৃহস্পতিবারের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, কিংবা কারা এসব হুমকি দিচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমান চলাচলের নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান অসপ্রে ফ্লাইট সলিউশনের ম্যাথিউ বোরি এ বিষয়ে স্কাই নিউজকে বলেন, ইউরোপকে লক্ষ্য করে ধারাবাহিক এসব হুমকির ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে ইউরোপের কিছু অঞ্চলে ইরানের ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ বা প্রচলিত যুদ্ধের বাইরের বিভিন্ন কৌশলভিত্তিক তৎপরতাও সক্রিয় রয়েছে বলে সতর্ক করেন তিনি।

অ্যার লিঙ্গাসের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই ডাবলিন থেকে রোমগামী ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে ফ্রান্সে অবতরণ করে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

একের পর এক বোমা হামলার হুমকির ঘটনায় ইউরোপের বিমান চলাচল খাতে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে এবং হুমকিগুলোর মধ্যে কোনো সমন্বিত পরিকল্পনা আছে কি না, তা এখনো তদন্ত ও যাচাইয়ের বিষয়।

সূত্রঃ ডেইলি মিরর \ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

নেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্পঃ কমলা হ্যারিস

নিউইয়র্কে রাস্তায় ঘুমাচ্ছেন অভিবাসীরা

এবার বিহারের স্কুলেও হিজাবে নিষেধাজ্ঞা!