14.2 C
London
October 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ পাসপোর্টধারীদের দেশত্যাগে নতুন নিয়মঃ ফেরিতে পাসপোর্ট দেখানো বাধ্যতামূলক

ব্রিটেন ও আয়ারল্যান্ডের মধ্যে ফেরিতে যাতায়াতের ক্ষেত্রে নতুন পাসপোর্ট নিয়ম চালু করেছে যুক্তরাজ্যের সীমান্ত কর্তৃপক্ষ। ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, আয়ারল্যান্ড ও ব্রিটেনের মধ্যে নির্দিষ্ট আন্তর্জাতিক ফেরি রুটে ভ্রমণকারী যাত্রীদের যাত্রার আগে বৈধ পাসপোর্ট দেখাতে হবে।

এর আগে এসব রুটে অনেক ক্ষেত্রে পাসপোর্ট নিয়মিত দেখানোর প্রয়োজন হতো না। কিছু যাত্রী বিকল্প ছবি-সংবলিত পরিচয়পত্র, যেমন ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ভ্রমণ করতে পারতেন। তবে নতুন ব্যবস্থায় ফেরিতে ওঠার আগে পাসপোর্ট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

আইরিশ ফেরিস জানিয়েছে, নতুন নিয়ম ডাবলিন থেকে হলিহেড এবং রস্লেয়ার থেকে পেমব্রোক রুটে উভয় দিকের যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য। একইভাবে স্টেনা লাইন জানিয়েছে, হলিহেড-ডাবলিন এবং ফিশগার্ড-রস্লেয়ার রুটে সব যাত্রীকে যাত্রার সময় পাসপোর্ট দেখাতে হবে। বিকল্প পরিচয়পত্র গ্রহণ করা হবে না।

তবে বেলফাস্ট, লিভারপুল, কেয়ার্নরায়ান ও হেইশামের সঙ্গে যুক্ত রুটগুলোর ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য নয়। ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে যাতায়াতের ক্ষেত্রেও নতুন নিয়মের কোনো পরিবর্তন হয়নি।

নতুন নিয়ম চালুর পেছনে যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা এবং যাত্রীদের তথ্য সঠিকভাবে সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। স্টেনা লাইন জানিয়েছে, যাত্রীর তথ্যের নির্ভুলতা ও অখণ্ডতা নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হয়েছে।

তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে মৌলিক নিয়মে কোনো পরিবর্তন করা হয়নি। দপ্তরের একজন মুখপাত্র বলেন, পাসপোর্ট প্রদর্শনের বিষয়টি আয়ারল্যান্ড ও ব্রিটেনের মধ্যে আন্তর্জাতিক রুট পরিচালনাকারী ফেরি কোম্পানিগুলোর সিদ্ধান্ত। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণের আগে যাত্রীদের জাতীয়তাসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা অব্যাহত থাকবে।

ব্রিটেন ও আয়ারল্যান্ডের মধ্যে শত বছরের পুরোনো কমন ট্রাভেল এরিয়া ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার আওতায় ব্রিটিশ ও আইরিশ নাগরিকদের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে পাসপোর্টের প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রে ছিল না। তবে নতুন ফেরি-সংক্রান্ত নিয়মের কারণে নির্দিষ্ট রুটে যাত্রীদের এখন বৈধ পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।

ভ্রমণকারীদের ফেরিঘাটে যাওয়ার আগে পাসপোর্টের মেয়াদ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাসপোর্টের ইস্যুর তারিখও যাচাই করতে বলা হয়েছে, বিশেষ করে যেসব দেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের নির্দিষ্ট মেয়াদের শর্ত রয়েছে।

ভ্রমণবীমা বিশেষজ্ঞ টম ভন বলেন, যাত্রার আগে শুধু পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে কি না তা দেখলেই হবে না; যে দেশে যাওয়া হচ্ছে, সেই দেশের জন্য পাসপোর্টের বৈধতার শর্তও যাচাই করা জরুরি।

সূত্রঃ নটিংহাম পোস্ট

এমকে

আরো পড়ুন

বিশ্বের শীর্ষ ৫০ শহরের তালিকা থেকে বাদ পড়লো লন্ডন

ইংল্যান্ড–ওয়েলসে কিশোরদের অপরাধে টানছে সংঘবদ্ধ চক্রঃ প্রতি নয়জনের একজন টার্গেট

ব্রিটেনের অন্যতম বড় অর্থপাচার চক্রের ভয়াবহ কাহিনিঃ নগদ টাকা থেকে স্বর্ণ— দুবাইয়ে পাচার