15.2 C
London
August 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ব্রিটিশ সরকারের দায়িত্ব থেকে বাংলাদেশের মন্ত্রিসভায়ঃ হুমায়ুন কবিরের নতুন অধ্যায়

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন লন্ডন প্রবাসী হুমায়ুন কবির। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ বাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী এবং প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনও শপথ নেন।

এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ করান, যার মাধ্যমে নতুন সরকারের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন হুমায়ুন কবির।

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্ম নেওয়া হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত থাকার পর তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন শুরু করেন।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে তিনি লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে লিউইশামের নির্বাহী মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের একটি দলে কাজ করার পর ঋষি সুনাকের সরকারের সময় যুক্তরাজ্যের ন্যায় মন্ত্রণালয়ে একাধিক কেবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের নভেম্বরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন হুমায়ুন কবির। তবে এর আগেও লন্ডনে অবস্থান করে তিনি বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ এবং বিভিন্ন কূটনৈতিক যোগাযোগে ভূমিকা রেখেছিলেন।

২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) হিসেবে দায়িত্ব পান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করে আসছিলেন। এবার শপথের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

সূত্রঃ ইত্তেফাক

এম.কে

আরো পড়ুন

মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, একবারও উল্লেখ নেই বাংলাদেশের নাম

‘CHECK-IN RESTRICTED’ বার্তায় থমকে গেল লন্ডনগামী যাত্রা, সিলেটে ভোগান্তিতে অর্ধশত যাত্রী

নিউজ ডেস্ক

লাইনে দাঁড়িয়ে ড. ইউনূসকে আলিঙ্গন করলেন পিটার হাস