ব্রিটেনে ব্যক্তিগত স্বাধীন জীবনযাপন ভাতা বা পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট (পিআইপি) দাবি করতে গিয়ে চরম মানসিক চাপ ও উদ্বেগের মুখে পড়ছেন অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা। নিয়মিত পুনর্মূল্যায়ন এবং সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ক্যামব্রিজশায়ারের ২৮ বছর বয়সী খাদিজা রাজা এমনই একজন। তিনি কোণ-রড ডিস্ট্রোফি নামের একটি প্রগতিশীল চোখের রোগে আক্রান্ত। ১০ বছর বয়সে তার এই রোগ শনাক্ত হয়। বর্তমানে তার কার্যকর দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে গেছে।
দৈনন্দিন জীবন পরিচালনার জন্য তিনি পিআইপি ভাতার ওপর নির্ভরশীল। এই অর্থ দিয়ে কথা বলতে সক্ষম গৃহস্থালি সরঞ্জাম, বিশেষায়িত স্পিচ সফটওয়্যার এবং চিকিৎসকের কাছে যাতায়াতের জন্য ট্যাক্সি ভাড়া পরিশোধ করেন। গ্রামীণ এলাকায় বসবাস করায় চিকিৎসকের কাছে যেতে তার ট্যাক্সির প্রয়োজন হয়।
তবে খাদিজার অভিযোগ, পিআইপি পাওয়ার জন্য বারবার মূল্যায়নের মুখোমুখি হতে হয়। এতে অন্ধ ও আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিদের মধ্যে সব সময় আতঙ্ক কাজ করে—যেকোনো মুহূর্তে তাদের আর্থিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে।
খাদিজা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় প্রায়ই তার মনে হয়, তিনি এমন মানুষের সঙ্গে কথা বলছেন, যারা তার অন্ধত্বের ধরন সম্পর্কে কিছুই জানেন না। প্রতিবারই তাকে নতুন করে নিজের শারীরিক অবস্থার ব্যাখ্যা দিতে হয়।
তিনি বলেন, ‘তারা যখন প্রথমবার আমার সমস্যার কথা শুনছে, তখন কীভাবে সঠিকভাবে আমার অবস্থা মূল্যায়ন করবে? বিষয়টি আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হয় না।’
একই ধরনের পরিস্থিতির মুখোমুখি কোভেন্ট্রির ২২ বছর বয়সী আরিফাও। দৈনন্দিন চলাচলের জন্য তিনি পিআইপি ভাতার ওপর নির্ভর করেন। এই অর্থ দিয়ে তিনি ব্যবহারে ক্ষতিগ্রস্ত সাদা ছড়ির মাথা পরিবর্তন করেন এবং ট্যাক্সি ভাড়া দেন। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে বাস অনেক সময় দেরিতে দেখতে পান, ফলে সেটি ধরার সুযোগও হারান।
এমন পরিস্থিতিতে ব্রিটেনে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। টিমস রিভিউয়ের নতুন সুপারিশে গুরুতর, যথাযথ চিকিৎসা-প্রমাণসমর্থিত অথবা আজীবন স্থায়ী শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মূল্যায়ন এবং বারবার যোগ্যতা পুনর্মূল্যায়নের প্রক্রিয়া বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি ও গুরুতর প্রতিবন্ধকতা রয়েছে—এমন ব্যক্তিদের বারবার একই ধরনের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে না।
রিভিউ প্রকাশের পর প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, সরকার এই ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিতে পিছপা হবে না। তবে রিভিউয়ের সুপারিশগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়, তা এখনো চূড়ান্ত হয়নি।
সূত্রঃ মিরর
এমকে

