TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের ব্র্যাডফোর্ডে দায়িত্ব পালনের সময় ছুরিকাঘাতের শিকার কাউন্সিলর ইব্রার আলী

ব্রিটেনের ব্র্যাডফোর্ডে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ছুরিকাঘাতের শিকার হয়েছেন ইব্রার আলী (৫২) নামের এক কাউন্সিলর। এ ঘটনায় হত্যাচেষ্টার সন্দেহে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ইব্রার আলী ব্র্যাডফোর্ডের একজন স্বতন্ত্র কাউন্সিলর। ঘটনার সময় তিনি স্থানীয় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছিলেন বলে জানা গেছে।

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী ব্যারনেস টেইলর অব স্টিভেনেজ বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ব্র্যাডফোর্ডে প্রচারণার কাজে বের হওয়া একজন স্বতন্ত্র কাউন্সিলর ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা জানান।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টার কিছু পর ম্যানস স্ট্রিটে গুরুতর আহত অবস্থায় ৫২ বছর বয়সী ওই কাউন্সিলরকে পাওয়ার খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।

পুলিশের ধারণা, প্রথমে থর্নবেরি অ্যাভিনিউ এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গাড়িতে করে ম্যানস স্ট্রিটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর হলেও জীবননাশের আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হামলার পর সন্দেহভাজন ব্যক্তি থর্নবেরি অ্যাভিনিউ এলাকার একটি ভবনের ছাদে উঠে যান। পরে পুলিশ তাকে সেখান থেকে নামিয়ে এনে হত্যাচেষ্টার সন্দেহে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ঘটনার পর ম্যানস স্ট্রিট, লিডস রোড ও থর্নবেরি অ্যাভিনিউ এলাকায় পুলিশের নিরাপত্তাবেষ্টনী স্থাপন করা হয়। হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ব্র্যাডফোর্ডের লর্ড মেয়র ক্রিস হার্ড বলেন, একজন কাউন্সিলরের ওপর এমন গুরুতর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ইব্রার আলীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তার পরিবার, বন্ধু এবং স্বজনদের প্রতি সহমর্মিতা জানান।

তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দাদের সেবা দিতে কাউন্সিলররা নিরলসভাবে কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের নিরাপত্তাহীনতায় ভোগা কিংবা হামলার আশঙ্কায় থাকা উচিত নয়।

ব্র্যাডফোর্ড ইস্টের সংসদ সদস্য ইমরান হুসেইনও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি নিজের দায়িত্ব পালন ও জনগণের সেবা করতে গিয়ে কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতার মুখে পড়বেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পুলিশ থেকে নিয়মিত ঘটনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন বলেও জানান।

পরবর্তী সময়ে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিষয়টি নিয়ে বক্তব্য দেন মন্ত্রী জিম ম্যাকমোহন। তিনি হামলাটিকে ভয়াবহ আখ্যা দিয়ে আহত কাউন্সিলর, তার পরিবার, ব্র্যাডফোর্ডের অন্যান্য কাউন্সিলর এবং সংসদ সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

লন্ডনে উইকেন্ডে চালু স্পেশাল স্কিমঃ মাত্র £১.৭৫-এ সারাদিন বাস ও ট্রামে আনলিমিটেড ভ্রমণের সুযোগ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ দ্বিগুণ

ইসরায়েল-ইরান সংঘর্ষে উদ্বেগ, ব্রিটিশ নাগরিকদের অবস্থান জানাতে বলল যুক্তরাজ্য সরকার