TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অভিবাসীদের ভাতা ও সামাজিক আবাসন বন্ধের ঘোষণা ব্যাডেনকের

ব্রিটেনে বসবাসরত অভিবাসীরা রাষ্ট্রকে যে পরিমাণ কর দেন, তার চেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করলে তাদের স্থায়ী বসবাসের অধিকার বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক। ভবিষ্যতে ক্ষমতায় গেলে লেবার সরকারের নতুন অভিবাসন নীতির আওতায় দেওয়া স্থায়ী বসবাসের অনুমতিগুলো পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে ব্যাডেনক বলেন, লেবার সরকারের অভিবাসন সংস্কারের আওতায় যারা স্থায়ী বসবাসের অনুমতি পাবেন, তাদের অবদান ও রাষ্ট্রীয় সুবিধা গ্রহণের বিষয়টি পর্যালোচনা করা হবে। যারা রাষ্ট্রকে যতটা দিচ্ছেন, তার চেয়ে বেশি নিচ্ছেন, তাদের স্থায়ী বসবাসের মর্যাদা প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি বসবাসের অধিকার এবং আজীবন সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য সাময়িকভাবে অবদান রাখাই যথেষ্ট হতে পারে না। রাষ্ট্রের প্রতি অবদান ধারাবাহিক হওয়া উচিত। সরকারি ব্যয় নিয়ন্ত্রণে এটি দায়িত্বশীল ও বাস্তবসম্মত পদক্ষেপ।

স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অভিবাসন নীতিতে কঠোরতা আনার পরিকল্পনা থেকে প্রায় তিন লাখ বিদেশি কেয়ার কর্মীকে ছাড় দেওয়া হতে পারে। এর ফলে তারা ব্রিটেনে পাঁচ বছর থাকার পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পাবেন। এর আগে স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাবে কিছু অভিবাসী গোষ্ঠীর জন্য এই সময়সীমা ১৫ বছর করার কথা বলা হয়েছিল।

ব্যাডেনক দাবি করেন, প্রায় তিন লাখ ৫০ হাজার সামাজিক পরিচর্যা কর্মীকে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের অনুমতি দিলে ব্রিটিশ করদাতাদের প্রায় ১০ বিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে। তার মতে, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় সুবিধার ব্যয়ও এর সঙ্গে যুক্ত হবে।

তিনি শাবানা মাহমুদের নীতিগত পরিবর্তনের সমালোচনা করে বলেন, লেবার সরকার রাজনৈতিক চাপের কারণে নিজেদের পরিকল্পনা শিথিল করেছে। তার অভিযোগ, অ্যান্ডি বার্নহ্যাম দলের সংসদ সদস্যদের সন্তুষ্ট রাখতে দেশের স্বার্থকে উপেক্ষা করছেন।

ব্যাডেনক আরও বলেন, যারা বৈধভাবে কাজের জন্য ব্রিটেনে আসবেন, তাদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে অন্তত ১০ বছর অপেক্ষা করতে হবে। এরপর ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার আগে আরও পাঁচ বছর অপেক্ষার প্রস্তাব দিয়েছে কনজারভেটিভ পার্টি।

দলটির প্রস্তাব অনুযায়ী, অ-ব্রিটিশ নাগরিকদের সরকারি ভাতা ও সামাজিক আবাসনের সুবিধা দেওয়া হবে না। পাশাপাশি বিদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে বেতনের শর্ত আরও কঠোর করা এবং প্রতিবছর অভিবাসীর সংখ্যা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। অবৈধভাবে ব্রিটেনে প্রবেশকারীদের ফেরত পাঠানোর কথাও বলেছেন ব্যাডেনক।

তবে লেবার সরকারের পরিকল্পনায় কিছু অভিবাসীকে বর্তমান পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর অপেক্ষা করতে হতে পারে। এর মধ্যে কম বেতনের কিছু পেশার কর্মী এবং ভিসার শর্ত পূরণে ব্যর্থ আনুমানিক এক লাখ কেয়ার কর্মী রয়েছেন।

ব্যাডেনক বলেন, কম বেতনের কর্মীদের মাধ্যমে ব্যাপক অভিবাসনের দিন শেষ হওয়া উচিত। তার ভাষায়, ব্রিটেনে আসা অভিবাসীদের স্বাগত জানানো হলেও তাদের রাষ্ট্রের প্রতি দীর্ঘমেয়াদি অবদান রাখতে হবে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

লন্ডনের মেয়র পদে এগিয়ে সাদিক খানঃ চতুর্থ মেয়াদের সম্ভাবনা জোরালো

যুক্তরাজ্যের গাড়ি অর্থায়ন কেলেঙ্কারিঃ এফসিএর ১৮ বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ স্কিম ঘোষণা

যুক্তরাজ্যে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে সর্ববৃহৎ অভিযানঃ এক বছরে গ্রেপ্তার বেড়েছে ৬৩ শতাংশ

নিউজ ডেস্ক