TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে সরকারি ভাতা জালিয়াতিঃ বাংলাদেশি বংশোদ্ভূতের আতীকুর রহমানের কারাদণ্ড

ব্রিটেনে সরকারি ভাতার ১ লাখ ৭২ হাজার পাউন্ড আত্মসাৎ এবং সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের চালু করা কোভিডকালীন রেস্তোরাঁ সহায়তা প্রকল্প থেকে আরও ৬২ হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার চেষ্টার দায়ে আতীকুর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত ৩০ অক্টোবর কেন্টের ক্যান্টারবুরি ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হয়। ছয় বছর ধরে একাধিক জালিয়াতির ঘটনায় দোষ স্বীকারের পর তাকে এই সাজা দেওয়া হয়।

ডেলিভারি চালক আতীকুর রহমান ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের মে পর্যন্ত নিজের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের পরিচয় ব্যবহার করে সরকারি ভাতার অর্থ হাতিয়ে নেন। এ কাজে তিনি মোট ২৬টি পরিচয় ব্যবহার করেন। পাশাপাশি ভুয়া কোম্পানি, চাকরির তথ্য ও কাল্পনিক সন্তানের তথ্য দেখিয়ে ৪০টির বেশি আবেদন করেন।

তার জালিয়াতির মধ্যে ছিল মাতৃত্বকালীন ভাতা, ইউনিভার্সাল ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট এবং শিশু ভাতার মতো বিভিন্ন সরকারি সুবিধা দাবি করা।

২০১৮ সালে তার প্রতারণার শিকার একজন ব্যক্তি নিজের নামে সরকারি ভাতার আবেদন করতে গেলে বিষয়টি সামনে আসে। আবেদন যাচাই করতে গিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে কর্ম ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি) তদন্ত করে জানতে পারে, অন্যদের পরিচয় চুরি করে একাধিক ভাতার আবেদন করেছিলেন আতীকুর।

এ ছাড়া কোভিড-১৯ মহামারির সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে ঋষি সুনাকের চালু করা ‘ইট আউট টু হেল্প আউট’ প্রকল্পেও জালিয়াতির চেষ্টা করেন তিনি। তৎকালীন চ্যান্সেলর সুনাকের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের আওতায় সোমবার থেকে বুধবার পর্যন্ত রেস্তোরাঁয় খাবার খেলে গ্রাহকদের ১০ পাউন্ড পর্যন্ত ছাড় দেওয়া হতো।

ব্রিটেনের রাজস্ব ও শুল্ক বিভাগ (এইচএমআরসি) তদন্ত করে আতীকুরের নামে ওই প্রকল্পে ২০টি ভুয়া নিবন্ধনের সন্ধান পায়। এসব নিবন্ধনের মাধ্যমে তিনি ৬২ হাজার পাউন্ডের বেশি অর্থ দাবি করার চেষ্টা করেছিলেন। তবে অর্থ পরিশোধের আগেই জালিয়াতি শনাক্ত করে তা আটকে দেয় কর্তৃপক্ষ।

২০২১ সালের অক্টোবরে এইচএমআরসি তাকে গ্রেপ্তার করে এবং কেন্টের মার্গেটে তার বাড়িতে তল্লাশি চালায়। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া নিবন্ধন তৈরির কথা স্বীকার করেন।

গত বছরের অক্টোবরে তার বিরুদ্ধে জালিয়াতির পাঁচটি অভিযোগ আনা হয়। সবগুলো অভিযোগেই তিনি দোষ স্বীকার করেন। আদালত তাকে ৪০ মাসের কারাদণ্ডের পাশাপাশি আগামী আট বছরের জন্য কোম্পানির পরিচালক হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

এইচএমআরসির জালিয়াতি তদন্ত বিভাগের উপপরিচালক মার্গারেট মসলি বলেন, কঠিন সময়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার জন্য ইট আউট টু হেল্প আউট প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু আতীকুর রহমান ব্যক্তিগত লাভের জন্য সেই উদ্যোগকে কাজে লাগানোর চেষ্টা করেন।

তিনি বলেন, প্রকল্পে শক্তিশালী জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা থাকায় ২০টি ভুয়া নিবন্ধন শনাক্ত করা সম্ভব হয়েছে এবং করদাতাদের ৬০ হাজার পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেওয়া ঠেকানো গেছে।

সরকারের উদ্ভাবন, জালিয়াতি ও তথ্যবিষয়ক মন্ত্রী লিলিয়ান গ্রিনউড বলেন, আতীকুরের কর্মকাণ্ড মানুষের বিশ্বাসের চরম অপব্যবহার। জালিয়াতির কারণে সরকারি অর্থের প্রতিটি পাউন্ড ক্ষতিগ্রস্ত হলে প্রকৃত সুবিধাভোগীদের সহায়তা এবং গুরুত্বপূর্ণ জনসেবায় অর্থায়ন বাধাগ্রস্ত হয়।

এদিকে সরকারি ভাতা জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। চ্যান্সেলর জন হিলি সম্প্রতি জবসেন্টারগুলোতে ২ হাজার জালিয়াতি তদন্ত বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা তুলে ধরেছেন। এর মাধ্যমে বছরে ১৪০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদেশে অবস্থান করেও তা গোপন রেখে যারা ইউনিভার্সাল ক্রেডিটসহ বিভিন্ন ভাতা নিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর যাচাইয়ের পরিকল্পনা রয়েছে।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সেনা ঘাঁটিতে স্থানান্তরঃ রিফিউজি কাউন্সিলের সমালোচনা

লন্ডনে সাফিয়া খাতুন হত্যাঃ ৪৫ বছরের মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাজ্যে বিদেশি কেয়ার কর্মী ভিসা বন্ধে আশঙ্কায় রিফর্ম পার্টির কাউন্সিল নেতা