ক্রিসমাস ও নতুন বছর ঘিরে ব্যবসা-বাণিজ্যে চাঙাভাবের প্রত্যাশা থাকলেও ব্রিটেনের অধিকাংশ ক্ষুদ্র ব্যবসার জন্য এবারের শীতকাল কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে উৎপাদন, নির্মাণ, কৃষি ও পরিবহনসহ ১১টি খাতের ব্যবসায়ীরা মৌসুমি মন্দা, আয় কমে যাওয়া এবং পরিচালন ব্যয় সামলানো নিয়ে উদ্বিগ্ন। নতুন এক গবেষণায় দেখা গেছে, ক্রিসমাসের সময়কে ব্যবসার সবচেয়ে লাভজনক মৌসুম হিসেবে বিবেচনা করছেন না অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভুনা বিজনেস ফাইন্যান্সের পরিচালিত জাতীয় পর্যায়ের এক জরিপে ১ হাজার ৩৮২ জন ক্ষুদ্র ব্যবসার মালিক অংশ নেন। জরিপে দেখা গেছে, সব মিলিয়ে মাত্র ১০ শতাংশ ব্যবসায়ী ক্রিসমাসের মৌসুমকে বছরের সর্বোচ্চ বাণিজ্যিক সময় বলে মনে করেন। বিপরীতে ৩৫ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন, এ সময় তাদের লোকসান হয়। আরও ১৮ শতাংশের মতে, ক্রিসমাসের মৌসুমে তাদের আয় কমে যায়।
জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে ১৭ শতাংশ ক্রিসমাসের সময়কে ব্যবসার জন্য খারাপ সময় হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে, এ সময় লেনদেন কমে যায় এবং দীর্ঘ ছুটির কারণে জানুয়ারি মাসে ব্যবসা স্বাভাবিক হতে বেশ সময় লাগে।
তবে খাতভেদে পরিস্থিতির পার্থক্য রয়েছে। খুচরা বিক্রেতাদের ৬১ শতাংশ এবং আতিথেয়তা ও হোটেল-রেস্তোরাঁ খাতের ৪২ শতাংশ ব্যবসায়ী ক্রিসমাসকে বছরের অন্যতম ব্যস্ত ও লাভজনক সময় হিসেবে দেখছেন। ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে ক্রিসমাস পর্যন্ত কেনাকাটার মৌসুম এসব প্রতিষ্ঠানের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে।
কিন্তু উৎপাদন ও নির্মাণ খাতের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এসব খাতের যথাক্রমে ৪৭ ও ৪৫ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী ক্রিসমাসের সময় আয় হারানোর আশঙ্কা করছেন। তাদের মতে, ছুটির মৌসুমে কাজ ও অর্ডার কমে গেলেও কর্মীদের বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল এবং অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হয়।
নভুনা বিজনেস ফাইন্যান্সের গবেষণায় আরও দেখা গেছে, গত গ্রীষ্মের তুলনায় উৎপাদন ও কৃষি খাতে ব্যবসা বৃদ্ধির পূর্বাভাস কমেছে। উৎপাদন খাতে ব্যবসা বৃদ্ধির প্রত্যাশা ৩১ শতাংশ থেকে কমে ২৭ শতাংশে দাঁড়িয়েছে। কৃষি খাতে এই হার ২৭ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কমে মাত্র ১১ শতাংশ হয়েছে।
নভুনা বিজনেস ফাইন্যান্সের ইনসাইট বিভাগের প্রধান জোয়ানা মরিস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সরকার ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা ঘোষণা করলেও সাধারণত খুচরা বিক্রেতা, পাব ও আতিথেয়তা খাতের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ এসব খাত মোট ১৩টি ব্যবসায়িক খাতের মধ্যে মাত্র দুটি। ফলে ক্ষুদ্র ব্যবসার সামগ্রিক পরিস্থিতি বুঝতে হলে অন্য খাতগুলোর সমস্যাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, উৎপাদন, পরিবহন, নির্মাণ ও কৃষির মতো খাতে বড়দিনের সময় ব্যবসা কমে যায়। কিন্তু কর্মীদের বেতন দিতে হয়, বকেয়া পাওনা আদায়ে ঝুঁকি থাকে এবং দীর্ঘ ছুটির কারণে জানুয়ারিতে ব্যবসা আবার স্বাভাবিক হতে অপেক্ষা করতে হয়। তাই শীতকাল শুরুর আগেই এসব ব্যবসার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।
এদিকে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কাও ব্যবসায়ীদের উদ্বেগ বাড়াচ্ছে। নতুন বছরে দেশটির জ্বালানি বিল সর্বোচ্চ ২৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সাম্প্রতিক পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
জোয়ানা মরিস জানান, উৎপাদন খাতের ৩৬ শতাংশ এবং কৃষি খাতের ৩৪ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী উচ্চ স্থায়ী ব্যয়কে ব্যবসা সম্প্রসারণের বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, বড়দিনের সময় এসব ব্যবসা যেন আর্থিক চাপের কারণে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

