TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে জন্মেও ব্রিটিশ নাগরিক নন ২৪ বছরের তরুণীঃ বাতিল হলো পাসপোর্ট

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠার পরও ব্রিটিশ নাগরিক নন বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস। জ্যামাইকান বংশোদ্ভূত মায়ের ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার বৈধ অধিকার ছিল না—এমন তথ্য সামনে আসার পর ২৪ বছর বয়সী এক তরুণীর ব্রিটিশ পাসপোর্ট বাতিল করা হয়েছে। হোম অফিসের এই সিদ্ধান্তে নিজের দেশেই নাগরিকত্ব, কাজ এবং বাসস্থানের অধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন ওই তরুণী।

লন্ডনের গাইজ অ্যান্ড সেন্ট থমাস হাসপাতালে জন্ম নেওয়া ওই তরুণী নাম প্রকাশ না করার শর্তে জানান, জন্মের পর থেকে তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবেই জানতেন। তার বেড়ে ওঠা, শিক্ষা ও জীবনের প্রায় সবকিছুই যুক্তরাজ্যকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎ পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তে তার পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে কাজ করার বৈধ অধিকার এবং বাসা ভাড়া নেওয়ার সুযোগ হারিয়ে তিনি গৃহহীন ও আর্থিকভাবে নিঃস্ব হওয়ার আশঙ্কায় রয়েছেন।

যুক্তরাজ্যের নাগরিকত্ব আইন অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণ করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিকত্ব পান না। ১৯৮৩ সালের পর যুক্তরাজ্যে জন্ম নেওয়া কোনো শিশুর নাগরিকত্ব নির্ভর করে জন্মের সময় তার বাবা-মায়ের নাগরিকত্ব অথবা অভিবাসন অবস্থানের ওপর। অর্থাৎ, বাবা-মায়ের অন্তত একজন ব্রিটিশ নাগরিক অথবা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকারী হলে সাধারণত সন্তান জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পায়।

এই আইনি জটিলতার সূত্র ধরেই তরুণীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তার জ্যামাইকান বংশোদ্ভূত মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার বৈধ অধিকার ছিল না বলে হোম অফিসের অনুসন্ধানে উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে মেয়ের পাসপোর্টও বাতিল করা হয়।

তরুণীর শৈশবও ছিল নানা প্রতিকূলতায় ভরা। পারিবারিক অস্থিরতা এবং মাদকসংক্রান্ত অপরাধে মায়ের কারাবাসের কারণে ছোটবেলায় তাকে কেয়ার হোমে থাকতে হয়েছে। জীবনের একপর্যায়ে জ্যামাইকায় আত্মীয়দের কাছেও থাকতে হয়েছিল তাকে। এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা শেষ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি ভালো চাকরি পেয়েছিলেন তিনি।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তরুণী বলেন, যুক্তরাজ্যই তার একমাত্র ঘর। মায়ের অতীত কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করছেন তিনি। পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত তার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। যে দেশে জন্মেছেন, বেড়ে উঠেছেন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলেছেন, সেই দেশেই এখন তার থাকার অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানো হলেও হোম অফিস তা প্রত্যাখ্যান করেছে। ফলে নাগরিকত্ব ফিরে পাওয়ার বিষয়ে তার আইনি লড়াই আরও কঠিন হয়ে উঠেছে।

তাকে জ্যামাইকায় ফেরত পাঠানো হতে পারে কি না, সে বিষয়ে জানতে চাইলে হোম অফিসের সূত্র জানায়, অভিবাসন ও দেশত্যাগসংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যক্তির মামলার নির্দিষ্ট পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হয়। তবে এই তরুণীর ক্ষেত্রে চূড়ান্তভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

তরুণীর আইনজীবী এমটিসি সলিসিটরসের নাগা কান্দিয়াহ হোম অফিসের সিদ্ধান্তকে অত্যন্ত হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। তার মতে, কোনো অপরাধ না করেও একজন তরুণীকে এভাবে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ন্যায়বিচার এবং নাগরিকত্ব আইনের প্রয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

এদিকে, শিশুদের ব্রিটিশ নাগরিকত্ব নিবন্ধনে সহায়তাকারী সংস্থা প্রজেক্ট ফর দ্য রেজিস্ট্রেশন অব চিলড্রেন অ্যাজ ব্রিটিশ সিটিজেনসের এক মুখপাত্র নাগরিকত্বসংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নাগরিকত্ব আইনের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ঘটনাটি যুক্তরাজ্যের নাগরিকত্ব আইনের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। দেশটিতে জন্ম নেওয়া ও দীর্ঘদিন বসবাস করলেও জন্মের সময় বাবা-মায়ের অভিবাসন অবস্থান সংক্রান্ত আইনি শর্ত পূরণ না হলে নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আর সেই জটিলতার প্রভাব একজন ব্যক্তির কর্মসংস্থান, বাসস্থান এবং পুরো ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্য মেট্রোপলিটন পুলিশের কর্মকাণ্ড নিয়ে আবারো সমালোচনা

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ভারী বর্ষণের সতর্কতা

অনলাইন ডেস্ক

অবৈধ অভিবাসীদের আগামী দুই মাসের ভিতরেই রুয়ান্ডা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন