TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ইলেকট্রিক স্কুটার চালাতে সতর্কতাঃ কোথায় বৈধ আর কোথায় নিষিদ্ধ

যুক্তরাজ্যে ইলেকট্রিক স্কুটার বা ই-স্কুটারের জনপ্রিয়তা বাড়লেও জনসমাগমপূর্ণ স্থানে এগুলো চালানোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। পুলিশের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত মালিকানাধীন ই-স্কুটার সাধারণ রাস্তায়, ফুটপাতে কিংবা পার্কে চালানো বেআইনি। অন্যদিকে, অনুমোদিত ভাড়াভিত্তিক স্কিমের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে ই-স্কুটার চালানো যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই ই-স্কুটার কোথায় চালানো বৈধ, তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ই-স্কুটারকে মোটরচালিত যান হিসেবে বিবেচনা করা হয়। ফলে সড়ক পরিবহন আইন ১৯৮৮ অনুযায়ী, এগুলো চালানোর ক্ষেত্রে লাইসেন্স ও বীমার মতো আইনি শর্ত প্রযোজ্য।

যুক্তরাজ্যে ব্যক্তিগতভাবে কেনা ই-স্কুটার জনসাধারণের ব্যবহারের জায়গায় চালানো বর্তমানে বেআইনি। এর অন্যতম কারণ, এসব স্কুটারের জন্য প্রয়োজনীয় বীমা সাধারণভাবে পাওয়া যায় না। ফলে সড়ক, ফুটপাত কিংবা পার্কে ব্যক্তিগত ই-স্কুটার চালালে পুলিশ সেটি জব্দ করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বীমা ছাড়া ই-স্কুটার চালানোর ক্ষেত্রে সড়ক পরিবহন আইন ১৯৮৮-এর ১৬৫ ধারায় স্কুটার জব্দ করা হতে পারে। ই-স্কুটার চালানোর সময় অন্য কারও গুরুতর ক্ষতি হলে ঘটনাটি মোটরসাইকেল বা গাড়ি চালানোর সময় সংঘটিত গুরুতর দুর্ঘটনার মতো করেই তদন্ত করা হতে পারে।

ব্যক্তিগত মালিকানাধীন ই-স্কুটার জমির মালিকের অনুমতি নিয়ে ব্যক্তিগত জমিতে চালানো যায়। তবে জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে তা চালানোর অনুমতি নেই।

অন্যদিকে, যুক্তরাজ্যের নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলক ভাড়াভিত্তিক ই-স্কুটার পরিষেবা চালু রয়েছে। লাইম ও ভয়ের মতো প্রতিষ্ঠানের এসব স্কুটার নির্ধারিত শর্তে জনসাধারণের রাস্তায়, কিছু সাইকেল লেনে এবং অনুমোদিত অন্যান্য স্থানে চালানো যায়।

ভাড়ার ই-স্কুটার ব্যবহারের জন্য চালককে উপযুক্ত ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, প্রয়োজনীয় বীমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা পূরণ করতে হবে। পাশাপাশি সড়ক ব্যবহারের প্রচলিত আইন ও নিয়ম মেনে চলতে হবে।

ই-স্কুটার ব্যবহারের নিয়ম ভাঙলে নির্দিষ্ট অঙ্কের জরিমানা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী স্কুটার স্থায়ীভাবে জব্দও করা হতে পারে। তবে কোন এলাকায় অপরাধটি সংঘটিত হয়েছে, তার ওপর শাস্তির ধরন নির্ভর করতে পারে।

প্রতিবেদনে ডেভন ও কর্নওয়াল পুলিশের উদাহরণ দিয়ে বলা হয়েছে, অনুমোদিত পরীক্ষামূলক স্কিমের বাইরে জনসাধারণের স্থানে ই-স্কুটার চালানোর ঘটনায় সেখানে জরিমানা না করে অন্য ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ই-স্কুটার চালানোর সময় নির্ধারিত গতিসীমা মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং হেলমেট পরার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

কেমব্রিজ বিজনেস পার্কে ৮ হাজার চাকরিঃ নতুন ঘর ও সবুজ এলাকা নিয়ে বিশাল উন্নয়ন পরিকল্পনা

বোরিস জনসন ইতিহাসের অন্যতম ক্ষতিকর প্রধানমন্ত্রীঃ রিফর্ম ইউকে চেয়ারম্যান

রমজানে ব্রিটেনে সেহরি ও ইফতারের সময়সূচী

অনলাইন ডেস্ক