TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে টমি রবিনসনের সঙ্গে মুসলিম বক্সারের সংঘর্ষঃ ডানপন্থী সমর্থকদের তাণ্ডবে আহত অনেকে

আয়ারল্যান্ডে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের আয়োজিত একটি বক্সিং প্রতিযোগিতায় উগ্র ডানপন্থী কর্মী টমি রবিনসনের উপস্থিতিকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হওয়ার পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। শনিবার মধ্যরাতে আয়ারল্যান্ডের কিলকেনি শহরের হাব ইভেন্টস ভেন্যুতে এ ঘটনা ঘটে।
বিতর্কিত ইন্টারনেট ব্যক্তিত্ব হ্যারিসন সুলিভান, যিনি এইচএসটিকিটকিটক নামে পরিচিত, এবং আরেক অনলাইন ব্যক্তিত্ব এড ম্যাথিউস তাদের ‘আনহিঞ্জড’ ইভেন্টস প্রতিষ্ঠানের মাধ্যমে এই বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বছর বয়সী টমি রবিনসন। তার প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন।
অনুষ্ঠানটি শুরুতে শান্তিপূর্ণ থাকলেও মুসলিম সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব মো দীন, যার প্রকৃত নাম মোহাম্মদ কুব্বা, তার লড়াইয়ের আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আয়োজকরা টমি রবিনসনকে ধারাভাষ্যকারদের টেবিলে আমন্ত্রণ জানান। এ সময় তিনি হাতে নিজের লেখা ‘দ্য গ্রুমিং গ্যাং কভার-আপ’ বইটি নিয়ে মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেন।
রবিনসন দাবি করেন, গত ১০০ বছর ধরে মুসলিমরা ব্রিটেনকে ধর্ষণ করছে। এ সময় তিনি মুসলিম পুরুষদের যৌন অপরাধে জড়িত থাকার বিষয়ে মিথ্যা পরিসংখ্যানও তুলে ধরেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। উপস্থিত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে তার বক্তব্য ক্ষোভের সৃষ্টি করে।
এরপর বক্সিং লড়াইয়ে জয়ী হওয়ার পর মো দীন রিং থেকে বেরিয়ে রবিনসনের দিকে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে ঘুষি মারেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কিছুক্ষণ পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, মো দীন অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার পর আয়োজক হ্যারিসন সুলিভান তাকে আবার ফিরিয়ে এনে রবিনসনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। এমনকি রবিনসনের সঙ্গে তার অনির্ধারিত খালি হাতে লড়াইয়ের আয়োজনের চেষ্টা করা হয়। এ সময় সুলিভানকে বারবার বলতে শোনা যায়, ‘টমিকে লড়তে দাও।’
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রবিনসনের সমর্থকদেরও রিংয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়। মো দীন সেখানে ফিরে আসার পর রবিনসন তার নিজের বইটি তার দিকে ছুড়ে মারেন। এরপর দুজনের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই দর্শকদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। একে অপরের দিকে চেয়ার ও ব্যারিকেড ছুড়ে মারতে থাকেন অনেকে। শুরু হয় ঘুষাঘুষি। আতঙ্কিত দর্শকদের অনেকেই চিৎকার করতে করতে নিরাপদ স্থানে ছুটে যান।
দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মো দীন দাবি করেন, রবিনসনের সঙ্গে সংঘর্ষে জড়ানোর জন্য তাকে বলা হয়েছিল। তবে কে তাকে এমন নির্দেশ দিয়েছিলেন, তা প্রকাশ করতে রাজি হননি তিনি। অন্যদিকে, লড়াই শুরুর আগে রবিনসন বলেছিলেন, মো দীন তার সঙ্গে সংঘর্ষ শুরু করলে তিনি তাকে মারধর করতে প্রস্তুত। যদিও একই সঙ্গে তিনি মো দীনকে পছন্দ করেন এবং তার প্রতি ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই বলেও মন্তব্য করেছিলেন।
প্রায় ২০ মিনিট ধরে চলা এই সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন আয়োজকরা। পরে অনুষ্ঠানস্থলের নিরাপত্তাকর্মী ও আইরিশ পুলিশ বাহিনী গার্ডা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে রাতেই বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল।
গার্ডা পুলিশের এক মুখপাত্র জানান, সংঘর্ষে ৩০ বছর বয়সী এক ব্যক্তি হামলার শিকার হন এবং তাকে কিলকেনির সেন্ট লুকস হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ২০ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় আটক রাখা হয়েছে। এছাড়া এক কিশোরকেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সহিংস বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে এবং রোববার তাকে আদালতে হাজির করার কথা ছিল।
অনুষ্ঠানটি কিক নামের অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। আয়োজকদের দাবি অনুযায়ী, প্রায় ১৮ লাখ দর্শক সম্প্রচারটি দেখছিলেন। দাঙ্গার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার আগে সরাসরি সম্প্রচারে দর্শকদের একাংশকে ‘ওহ টমি রবিনসন’ স্লোগান দিতেও শোনা যায়।
ঘটনার পর আয়োজক সুলিভান স্বীকার করেন, অনুষ্ঠানের জন্য আরও বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ করা উচিত ছিল। তবে একই সঙ্গে তিনি ঘটনাটিকে বিনোদনমূলক রাত হিসেবে উল্লেখ করে বলেন, এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, টমি রবিনসন বর্তমানে জামিনে রয়েছেন। গত ২৮ অক্টোবর দুই সাংবাদিককে হয়রানির দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তার আচরণে ওই সাংবাদিকরা সহিংসতার আশঙ্কায় ভীত হয়ে পড়েছিলেন। আগামী ১৬ ডিসেম্বর সাজা ঘোষণার শুনানিতে তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। এ মামলায় তার কারাদণ্ড হতে পারে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে দ্বিতীয় বাড়ির মালিকদের কর দ্বিগুণ করবে কাউন্সিল

নিউজ ডেস্ক

বিপজ্জনক যাত্রা করা শরণার্থীদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানাবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ছোট নৌকায় আসা আশ্রয়প্রার্থীদের কারাদণ্ড বাড়াতে নতুন আইন