TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ৫ হাজার গ্রাহকের শেষকৃত্যের বিমা বাতিলঃ ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার

ব্রিটেনে শেষকৃত্যের খরচ বহনের জন্য দীর্ঘদিন বিমার কিস্তি পরিশোধ করেও শেষ পর্যন্ত কোনো অর্থ না পাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন হাজারো গ্রাহক। বিমা প্রতিষ্ঠান তাদের পলিসি বন্ধ করে দেওয়ায় বৃদ্ধ ও গুরুতর অসুস্থ ব্যক্তিরা নতুন করে বিমা সুবিধা পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে দেশটির একাধিক ক্রেডিট ইউনিয়ন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৮২ বছর বয়সী জর্জ ডেভিস ১৭ বছর ধরে একটি বিমা পলিসির জন্য নিয়মিত অর্থ জমা দিয়েছেন। তার ধারণা ছিল, মৃত্যুর পর স্ত্রী মারিয়ন যাতে শেষকৃত্যের খরচ নিয়ে সমস্যায় না পড়েন, সে জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু বিমা পরিকল্পনাটি বন্ধ হয়ে যাওয়ায় এখন তিনি কোনো অর্থ পাবেন না।

উত্তর ল্যানার্কশায়ারের বেলশিল এলাকার বাসিন্দা জর্জ ২০২৩ সালে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হন। বর্তমানে তিনি ক্যানসারের চতুর্থ পর্যায়ে রয়েছেন এবং উপশমমূলক চিকিৎসা নিচ্ছেন। ৫০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী স্ত্রীকে নিজের মৃত্যুর পর আর্থিক অনিশ্চয়তায় ফেলে যাওয়ার চিন্তায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

জর্জ বলেন, স্ত্রীকে শেষকৃত্যের খরচ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না—এমন ব্যবস্থা করতেই তিনি বিমা করেছিলেন। কিন্তু এখন তিনি রাতে ঘুমাতে পারেন না। তার ভাষায়, মৃত্যুর পর হয়তো দুশ্চিন্তা শেষ হবে, কিন্তু জীবিত থাকা অবস্থায় প্রতিনিয়ত তাকে এই উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে।

জর্জ স্থানীয় মস হিল ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে ‘ফ্যামিলি প্রোটেকশন প্ল্যান’ নামের বিমা পলিসিটি গ্রহণ করেছিলেন। এই পরিকল্পনায় বিমা গ্রাহকের মৃত্যু হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ছিল। গ্রাহক চাইলে নিজের পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যকেও পলিসির আওতায় অন্তর্ভুক্ত করতে পারতেন।

তবে এটি ছিল নবায়নযোগ্য জীবনবিমা, যা সময়ের সঙ্গে কোনো নগদ মূল্য জমা করত না। বিমা প্রতিষ্ঠান ৩০ দিনের নোটিশ দিয়ে পলিসি বাতিল করতে পারত। ২০২৫ সালের নভেম্বরে পরিকল্পনাটি বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাজ্যজুড়ে প্রায় পাঁচ হাজার গ্রাহক বিমা সুরক্ষা হারিয়েছেন।

১৯৯৯ সালে চালু হওয়া এই বিমা পরিকল্পনাটি ২০০৯ সালে নতুন গ্রাহকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আগে যারা পলিসি গ্রহণ করেছিলেন, তাদের বিমা সুবিধা চালু ছিল। ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে শুধু সদস্যদের কাছে এটি বিক্রি করা হতো।

বিমা পরিকল্পনাটি পরিচালনার সঙ্গে যুক্ত ছিল সিমিউচুয়াল, যা আগে কুনা মিউচুয়াল গ্রুপ নামে পরিচিত ছিল। বিভিন্ন সময়ে বিমার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান পরিবর্তিত হয়েছে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এর বিমা ঝুঁকির দায়িত্বে ছিল মেইডেন লাইফ। প্রতিষ্ঠানটি ২০২৪ সালে যুক্তরাজ্যের বাজার থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে বিকল্প বিমা প্রতিষ্ঠান খুঁজে না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে পুরো পরিকল্পনাটি বন্ধ হয়ে যায়।

স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের ১৭টি ক্রেডিট ইউনিয়নের একটি জোট ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। জোটটির দাবি, তাদের প্রতিনিধিত্ব করা প্রায় দেড় হাজার গ্রাহক এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই ২৫ বছর পর্যন্ত বিমার কিস্তি পরিশোধ করেছেন।

মস হিল ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী ও জোটের সহ-সভাপতি জুলি রেডিন বলেন, বহু মানুষ এই বিমাকে শেষকৃত্যের খরচ বহনের নিশ্চয়তা হিসেবে বিবেচনা করেছিলেন। তাদের বিমা বন্ধ হয়ে যাওয়াকে তিনি একটি গুরুতর অন্যায় হিসেবে উল্লেখ করেন।

পলিসি বন্ধ হওয়ার পর ক্ষতিগ্রস্ত সদস্যদের শেষকৃত্যের খরচ বহনে কিছু ক্রেডিট ইউনিয়ন নিজেদের উদ্যোগে সহায়তা করছে। মস হিল ক্রেডিট ইউনিয়নে এই বিমার আওতায় ১৩৯ জন সদস্য ছিলেন। পলিসি বন্ধ হওয়ার পর ১১ জন সদস্য মারা গেছেন, যাদের শেষকৃত্যের খরচ বাবদ প্রতিষ্ঠানটির প্রায় ৫৮ হাজার পাউন্ড ব্যয় হয়েছে।

জুলি রেডিনের হিসাব অনুযায়ী, তাদের ক্রেডিট ইউনিয়নের সব পলিসির বিপরীতে অর্থ পরিশোধ করতে হলে প্রায় ১৩ লাখ পাউন্ড প্রয়োজন হবে। একসঙ্গে এই অর্থ পরিশোধ করতে গেলে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিমা প্রতিষ্ঠান, ক্রেডিট ইউনিয়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌথভাবে এগিয়ে আসার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্রিটেনের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ) বিষয়টি তদন্ত করেছে। সংস্থাটি স্বীকার করেছে, পলিসি বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাদের মতে, এটি নবায়নযোগ্য জীবনবিমা হওয়ায় বিমা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে পলিসি চালু রাখতে বাধ্য ছিল না। এ ঘটনায় অতীতের কার্যক্রমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি।

এফসিএ অবশ্য ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সহায়তায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করেছে। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও ক্ষতিগ্রস্তদের সহায়তার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে, বিমা প্রতিষ্ঠান মেইডেন লাইফ জানিয়েছে, যুক্তরাজ্যের বাজার থেকে তাদের ব্যবসা বন্ধ করার প্রক্রিয়ায় গ্রাহকদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল।

সিমিউচুয়ালের দাবি, এই বিমা পরিকল্পনার আওতায় থাকা ৭০ শতাংশের বেশি গ্রাহক অন্তত একবার অর্থ দাবি করেছেন এবং ২৫ শতাংশের বেশি একাধিকবার দাবি করেছেন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ৮০ বছরের কম বয়সী অনেক গ্রাহকের বিকল্প বিমা পাওয়ার সুযোগ থাকতে পারে। তবে ৮০ বছরের বেশি বয়সী এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য নতুন বিমা পাওয়া কঠিন হওয়ায় তাদের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।

ক্ষতিগ্রস্ত ক্রেডিট ইউনিয়নগুলোর জোট বুধবার যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেখানে গ্রাহকদের আর্থিক ক্ষতি মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।

সূত্রঃ বিবিসি নিউজ\ বিবিসি স্কটল্যান্ড

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ৩ সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেফতার

যুক্তরাজ্যে এক হতে চায় ডানপন্থী দলগুলোঃ ফারাজকে ঐক্যের প্রস্তাব রুপার্ট লোয়ের

ইউজারদের ৫০ পাউন্ড করে দিতে বাধ্য হতে পারে ফেসবুক

অনলাইন ডেস্ক